প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারত অথবা বাংলাদেশ— কোন দেশের নাগরিক তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এই জটিলতার কারণে দুই দেশের সীমান্তের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় গত চার দিন ধরে আটকে রয়েছেন প্রায় ৩০ বছর বয়সী এক নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি— উভয়েই তার নাগরিকত্ব নিশ্চিত করতে পারেনি। ফলে খোলা আকাশের নিচে সামান্য খাবার, পানি এবং একটি পাতলা কম্বল নিয়ে কাটছে তার দিন-রাত।
ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের কাকড়িপাড়া সীমান্ত চৌকি এবং বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তসংলগ্ন এলাকায়। গত মঙ্গলবার থেকে ওই নারী সীমান্তের মধ্যবর্তী নিরপেক্ষ এলাকায় অবস্থান করছেন। শনিবার দুপুর পর্যন্ত তাকে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো সমাধান হয়নি।
সীমান্তে আটকে থাকা ওই নারীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যায়, মাটিতে খড় বিছিয়ে তার ওপর পাতলা কম্বল পেতে বসে আছেন তিনি। তার পাশে রয়েছে কয়েকটি খাবারের প্যাকেট এবং পানির বোতল। স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় তাকে খাবার ও পানি দিয়ে সহায়তা করছেন বলে জানিয়েছে বিজিবি।
বিএসএফের দাবি, ওই নারী বাংলাদেশের নাগরিক। তিনি ভিক্ষুকের ছদ্মবেশে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশের চেষ্টা করেছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে বিএসএফ দাবি করেছে যে, তাকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়নি।
অন্যদিকে বিজিবির বক্তব্য, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। তবে তিনি বাংলাদেশের নাগরিক কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো তথ্য তাদের হাতে নেই। বিএসএফ বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি নিজের নাম ফুজি বেগম এবং বাবার নাম হানিফ বলে জানিয়েছেন। তবে বাড়ির ঠিকানা কখনো পিরোজপুর, কখনো ঝালকাঠি, আবার কখনো বরিশাল বলে উল্লেখ করেছেন। পরিচয়সংক্রান্ত এসব অসংগতির কারণে তাঁর নাগরিকত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে বিজিবি। বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি জানান, সীমান্তের মধ্যবর্তী এলাকায় আটকে থাকা ওই নারীর কাছে পর্যাপ্ত খাবার ছিল না। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় তাকে কয়েক বোতল পানি ও কিছু শুকনো খাবার দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন