প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ৩৪টি ইটভাটা পরিচালিত হচ্ছে। আইন ও বিধিনিষেধের প্রতি অগ্রাহ্য করে এসব ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে, ইট তৈরির জন্য কৃষিজমির মাটি কাটার প্রস্তুতি নিচ্ছেন ভাটামালিকরা। স্থানীয় সড়কে মাটি ও ইট পরিবহনে ট্রাক্টরের চলাচল বাড়ছে, যা জনদুর্ভোগের আশঙ্কা তৈরি করছে। এতে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ পথচারীদের চলাচল ঝুঁকির সম্মুখীন হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩৪টি ইটভাটা রয়েছে। এসব ভাটার মধ্যে একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা। অনুমোদন ছাড়া কীভাবে এসব ভাটায় ইট উৎপাদন ও পোড়ানোর কার্যক্রম চলছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই উপজেলাজুড়ে ইটভাটাগুলোতে কর্মব্যস্ততা শুরু হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিভিন্ন ভাটায় আগুন জ্বালানো হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ছাড়াই চলছে এসব কার্যক্রম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, নির্ধারিত অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার সুযোগ নেই। অথচ বাহুবলে অধিকাংশ ভাটায় নিয়মনীতি উপেক্ষা করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, যা বায়ুদূষণের পাশাপাশি বনজ সম্পদ ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
এদিকে, ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার প্রস্তুতি চলছে। কৃষিজমির উর্বর মাটি সরিয়ে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় পড়তে পারে।
এছাড়া, মাটি ও ইট পরিবহনে ট্রাক্টরের চলাচল স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ধুলাবালি, শব্দদূষণ ও সড়কের ক্ষয়ক্ষতির কারণে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পরিবেশ সংশ্লিষ্টদের মতে, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর বায়ুকণা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন দূষিত পরিবেশে বসবাস করলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের জ্বালাপোড়া সহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি ফসল, গাছপালা ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, সংশ্লিষ্টদের ম্যানেজ করেই ভাটামালিকরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে অবৈধ কার্যক্রম চালু রাখার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, যদি উপজেলায় ৩৪টি ইটভাটার একটিরও পরিবেশগত ছাড়পত্র না থাকে, তবে সেগুলো কীভাবে বছরের পর বছর কার্যক্রম পরিচালনা করছে? পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নজরদারি থাকলেও অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কতটুকু নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অবশ্যই। এ বিষয়ে নির্দেশনা থাকলে এবং আইনগতভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ না থাকলে আমরা অবশ্যই সেগুলো বন্ধ করে দেব। ইতোমধ্যে আমরা কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।’
হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. ইউসুফ আলীর সঙ্গে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে শুধু নামমাত্র অভিযান বা জরিমানা নয়, আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশগত ছাড়পত্রবিহীন ভাটাগুলোর কার্যক্রম বন্ধের পাশাপাশি কাঠ পোড়ানো ও ফসলি জমির মাটি কাটার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তাদের মতে, ইটভাটার ব্যবসার স্বার্থে জনস্বাস্থ্য, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। তাই উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তনের সমন্বিত অভিযান পরিচালনা করে প্রকৃত পরিস্থিতি যাচাই করা জরুরি। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এখন দেখার বিষয়, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা বাহুবলবাসীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন