০৪:২২ পি.এম
বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) এর ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছে, বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে এই অভিযান চলছে।
অভিযোগের সত্যতা যাচাই করার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী
বেবিচক সূত্র জানাচ্ছে, সকালে বেবিচকে প্রবেশ করে তারা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। চেয়ারম্যান দুদকের দলের প্রতি সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকীর দফতরে অবস্থান করছেন।
বেবিচকের অভিযোগ সম্পর্কে দুদক জানায়, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার মতো বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
দুদক জানায়, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্ট সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি কার্যক্রমে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি, ফাইল আটকে রাখা, দালালের মাধ্যমে ঘুস লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর অভিযান পরিচালনা করছে। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি এবং কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়া অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন