প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুই বছর পর আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। ২০২৫ সালের মেগা নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর এবার আইপিএলের নিলামে ফিরছেন তিনি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা ৩০ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন স্টোকস।
২০২৫ সালের মেগা নিলামের আগে চালু হওয়া নিয়ম অনুযায়ী, আইপিএলে আগে খেলেছেন এমন কোনো ক্রিকেটার মেগা নিলামে নিবন্ধন না করলে পরবর্তী মিনি নিলামে অংশ নেওয়ার সুযোগ পেতেন না। সেই নিয়মের কারণে ২০২৭ সালের নিলামের আগে স্টোকসের নিবন্ধনের সুযোগ ছিল না। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা এই নিলাম।
২০২৫ সালের মেগা নিলামে অনুপস্থিতদের মধ্যে অন্যতম ছিলেন স্টোকস। ইংল্যান্ডের ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে তিনি আইপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২৬ সালের গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টোকস ২০২৪ সালের দ্য হান্ড্রেডের পর আর কোনো টি-টোয়েন্টি খেলেননি। ওই আসরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি।
২০২৫ সালের শুরুতে এমআই কেপটাউনের হয়ে এসএ২০-তে খেলার কথা ছিল তার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে আবারো চোট পাওয়ায় সেই আসর থেকেও ছিটকে যান।
আইপিএলে এর আগে তিনটি দলের হয়ে খেলেছেন স্টোকস। সর্বশেষ ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন তিনি। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস তাকে ১৪.৫ কোটি রুপিতে কিনেছিল। ওই বছর আইপিএলের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ছিলেন তিনি। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস তাকে ১৬.২৫ কোটি রুপিতে দলে নেয়। তবে হাঁটুর সমস্যার কারণে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
সেপ্টেম্বরে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি করেন স্টোকস। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির মূল্য প্রায় ৫ লাখ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ৪ কোটি ৪১ লাখ টাকা)।
প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন খেলোয়াড় রয়েছেন। ১ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দিলে এই তালিকা ছোট করা হবে। একই সঙ্গে তারা নতুন খেলোয়াড়দের নামও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাতে পারবে। এরপর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও খেলোয়াড়দের ক্যাটাগরি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে।
তালিকায় ১৪ জন ক্যাপড ভারতীয়:
প্রাথমিক তালিকায় ১৪ জন ক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন। তাদের মধ্যে আভেশ খান ও দীপক চাহারও রয়েছেন। বাকি ১২ জন হলেন আকাশ দীপ, জয়দেব উনাদকাট, দীপক হুডা, করুণ নায়ার, কুলদীপ সেন, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, সারাংশ জৈন, শিবম মাভি, তুষার দেশপান্ডে, উমেশ যাদব ও উমরান মালিক।
সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা ৩০ খেলোয়াড়ের তালিকায় ভারতীয়দের মধ্যে শুধু আভেশ খান ও দীপক চাহার রয়েছেন। স্টোকস ছাড়াও এই তালিকায় রয়েছেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড ওয়ার্নার, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ঝাই রিচার্ডসন, মাহলি বিয়ার্ডম্যান, স্পেন্সার জনসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, সনি বেকার, টম কারান, অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট, উইলিয়াম ওরুর্ক, আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েৎজি, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাই হোপ ও শিমরন হেটমায়ার।
১.৫ কোটি রুপি ভিত্তিমূল্যের পরবর্তী ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন আল্লাহ গজনফর, ড্যানিয়েল স্যামস, রাইলি মেরেডিথ, ডেভিড উইজ, রাসি ভ্যান ডার ডুসেন, জেইডেন সিলস ও কিমো পল।
আনক্যাপড ক্যাটাগরিতে ইশান্ত:
ভারতের সাবেক পেসার ইশান্ত শর্মা, যিনি গত কয়েক বছর গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন, এবার আনক্যাপড ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। অন্তত পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেললে ক্যাপড খেলোয়াড়দের আনক্যাপড ক্যাটাগরিতে নিবন্ধনের সুযোগ রয়েছে।
ইশান্ত সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে ভারতের হয়ে খেলেছিলেন। তার সঙ্গে এই তালিকায় রয়েছেন সন্দীপ ওয়ারিয়ার, চেতন সাকারিয়া, নবদীপ সাইনি, নীতিশ রানা, মায়াঙ্ক মার্কান্ডে ও মানদীপ সিং। নীতিশ রানা সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে, মায়াঙ্ক মার্কান্ডে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এবং মানদীপ সিং ২০১৬ সালের জুনে ভারতের হয়ে খেলেছিলেন।
সব মিলিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর ১৮৪ জন ক্যাপড খেলোয়াড় এবং সাতটি সহযোগী দেশের ৪২ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। সহযোগী দেশগুলোর মধ্যে জাপানের বেঞ্জামিন ইতো-ডেভিস ও চার্লি হারা-হিনজেও রয়েছেন।
আইপিএলের তালিকায় ১১ বাংলাদেশি:
প্রাথমিক তালিকায় ১১ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
তবে বাংলাদেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ২০২৬ সালের আইপিএল আসরের আগে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর ২০২৭ আসরে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো কোনো স্পষ্ট তথ্য পায়নি বলে জানা গেছে।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানাননি। তিনি শুধু ‘সাম্প্রতিক পরিস্থিতি’ এর কথা উল্লেখ করেছিলেন, যা সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূরাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন