০৩:৫৮ পি.এম
জ্বালানির দাম বর্তমানে ৩২ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার বিকল্প নেই। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করেছেন যে, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
জ্বালানিমন্ত্রী বলেন, “এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।”
আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
তিনি আরও বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। দেশের জনগণকে উৎসাহিত করার জন্যই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এটি সরকারের পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো এমন আয়োজন। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও বাসায় সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে অফ-গ্রিড হয়ে গেছেন এবং নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, বিগত সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলেও জ্বালানির ব্যবস্থা করেনি। তিনি জানান, নতুন কোনো কূপও খনন করা হয়নি। বর্তমানে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করছে এবং সাশ্রয়ী দামে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সংকট উত্তরণে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য সরকারের। আগামী গ্রীষ্মে যেন চলতি বছরের মতো বিদ্যুৎ সংকটে ভুগতে না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
আরও পড়ুন: জ্বালানী সংকট মোকাবিলায় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন