মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৪ পি.এম
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাঁরা এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ খালপাড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
নিহত রমজান আলী হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সিগারেট খাওয়ার কারণে রমজান আলীর ছোট ভাই নূর মোহাম্মদের সঙ্গে স্থানীয় আশিক (১৮) নামের এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনার পর ওই দিন দুপুরে আনোয়ার হোসেনের বাড়িতে বসে থাকা রমজান আলীর ওপর আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন রমজান আলী।
পরে তাঁকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডের চার-পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাপানের বিপক্ষে হারের পর ব্রাজিল জয়ের পথে ফিরতে চায়। মঙ্গলবার, বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দুই দেশের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটি প্রথম সাক্ষাৎ।
২০২৬ সালের আন্তর্জাতিক ফুটবল সূচিতে এটি ব্রাজিলের শেষ ম্যাচ। সুতরাং, সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়াইটি জয়ের পাশাপাশি নতুন খেলোয়াড়দের যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
তবে নিষেধাজ্ঞার কারণে আনচেলত্তি আজ ডাগআউটে উপস্থিত থাকতে পারবেন না। এক ম্যাচের নিষেধাজ্ঞায় তাকে সাইডলাইনের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। একই কারণে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও মাঠে নামতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারেস।
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এখনও ম্যাচটি সরাসরি সম্প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিদেশি সম্প্রচার মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা দেখার সম্ভাবনা রয়েছে।
প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচার সূচি অনুযায়ী, ব্রাজিলে ম্যাচটি সরাসরি দেখাবে TV Globo, SporTV ও ge TV। অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা রয়েছে Globoplay-তে। অন্যদিকে সিঙ্গাপুরে ম্যাচটি দেখা যাবে meWATCH প্ল্যাটফর্মে। তবে বাংলাদেশ থেকে এসব মাধ্যমে খেলা দেখা যাবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট অঞ্চলের সম্প্রচার স্বত্বের ওপর।
ম্যাচের সরাসরি সম্প্রচার খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Brazil vs Singapore Live’ লিখে অনুসন্ধান করা যেতে পারে। তবে অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে প্রবেশের আগে সেগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে অননুমোদিত ওয়েবসাইট বা অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা অজানা ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত।
টিভি বা অনলাইনে সরাসরি খেলা দেখার সুযোগ না থাকলে FotMob, Sofascore ও ESPN অ্যাপের সাহায্যে ম্যাচের তাৎক্ষণিক স্কোর, বল দখলের হার, বিভিন্ন পরিসংখ্যান এবং লাইভ ধারাভাষ্য অনুসরণ করা যাবে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
লুকাস পেরি (গোলরক্ষক), ভান্দেরসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস, দগলাস সান্তোস, জোয়াও গোমেস, ব্রুনো গিমারায়েস, রায়ান, এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ১ ডিসেম্বর একটি বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। এ র্যালিটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত থাকবেন।
র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের ওপর ভিত্তি করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।
বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আক্কাস শিকদার
ঝালকাঠি, ১৭ নভেম্বর, ২০২৬ : কৃষক কামরুল ইসলাম ঝালকাঠিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য অর্জন করেছেন। তিনি কেঁচো সার, সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করে উত্তম কৃষিচর্চার পদ্ধতি অনুসরণ করছেন। এর ফলে উৎপাদন খরচ কমেছে এবং নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীর পাশে রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছিলেন। এর আগে মৌসুমি ফসল চাষ করে সংসারের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়েছে তাকে। তবে পরিবেশবান্ধব লাউ চাষের প্রথম বছরেই তিনি ভালো ফলন ও লাভ পেয়ে ধীরে ধীরে এই চাষের পরিধি বৃদ্ধি করেছেন। বর্তমানে লাউ চাষ তার আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে লাউ চাষ করেন।
এই পদ্ধতিতে জমিতে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। কীটপতঙ্গ দমনের জন্য রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে কামরুল উত্তম কৃষিচর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। পরে তিনি সেগুলো নিজের জমিতে প্রয়োগ করেন। এভাবে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলন পাওয়ার কথা জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।’
এখন পর্যন্ত তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। গাছে ঝুলছে আরও ৩শ’টির বেশি লাউ। লাউয়ের দাম ৫০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা লাউ কিনতে আসেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি তিনি নিজেও বাজারে নিয়ে বিক্রি করেন। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দু’জন শ্রমিক।
কামরুল জানান, বড় ধরনের বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য তিনি প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করছেন।
লাউ কিনতে আসা জুয়েল লস্কর বলেন, ‘ক্ষেত থেকেই সরাসরি লাউ কিনতে পারছি। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজি কিনতে আগ্রহী হচ্ছেন অনেকেই। বাজারের তুলনায় ক্ষেত থেকে টাটকা লাউ পাচ্ছি আমরা। দামও একটু কম।’
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হচ্ছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি। কামরুলের দেখাদেখি আরও অনেকে এখন এই পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছেন।
স্থানীয়রা মনে করছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ শুধু একজন কৃষকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে না বরং ঝালকাঠিতে নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এই পদ্ধতিতে লাউ চাষ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হতে পারে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণ ত্বরান্বিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’
এছাড়া, পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিওও শেয়ার করেন মানসুরা আলম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ