প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আক্কাস শিকদার
ঝালকাঠি, ১৭ নভেম্বর, ২০২৬ : কৃষক কামরুল ইসলাম ঝালকাঠিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য অর্জন করেছেন। তিনি কেঁচো সার, সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করে উত্তম কৃষিচর্চার পদ্ধতি অনুসরণ করছেন। এর ফলে উৎপাদন খরচ কমেছে এবং নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীর পাশে রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছিলেন। এর আগে মৌসুমি ফসল চাষ করে সংসারের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়েছে তাকে। তবে পরিবেশবান্ধব লাউ চাষের প্রথম বছরেই তিনি ভালো ফলন ও লাভ পেয়ে ধীরে ধীরে এই চাষের পরিধি বৃদ্ধি করেছেন। বর্তমানে লাউ চাষ তার আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে লাউ চাষ করেন।
এই পদ্ধতিতে জমিতে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। কীটপতঙ্গ দমনের জন্য রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে কামরুল উত্তম কৃষিচর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। পরে তিনি সেগুলো নিজের জমিতে প্রয়োগ করেন। এভাবে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলন পাওয়ার কথা জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।’
এখন পর্যন্ত তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। গাছে ঝুলছে আরও ৩শ’টির বেশি লাউ। লাউয়ের দাম ৫০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা লাউ কিনতে আসেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি তিনি নিজেও বাজারে নিয়ে বিক্রি করেন। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দু’জন শ্রমিক।
কামরুল জানান, বড় ধরনের বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য তিনি প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করছেন।
লাউ কিনতে আসা জুয়েল লস্কর বলেন, ‘ক্ষেত থেকেই সরাসরি লাউ কিনতে পারছি। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজি কিনতে আগ্রহী হচ্ছেন অনেকেই। বাজারের তুলনায় ক্ষেত থেকে টাটকা লাউ পাচ্ছি আমরা। দামও একটু কম।’
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হচ্ছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি। কামরুলের দেখাদেখি আরও অনেকে এখন এই পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছেন।
স্থানীয়রা মনে করছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ শুধু একজন কৃষকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে না বরং ঝালকাঠিতে নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এই পদ্ধতিতে লাউ চাষ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হতে পারে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণ ত্বরান্বিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন