মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ১ ডিসেম্বর একটি বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। এ র্যালিটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত থাকবেন।
র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের ওপর ভিত্তি করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।
বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আক্কাস শিকদার
ঝালকাঠি, ১৭ নভেম্বর, ২০২৬ : কৃষক কামরুল ইসলাম ঝালকাঠিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য অর্জন করেছেন। তিনি কেঁচো সার, সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করে উত্তম কৃষিচর্চার পদ্ধতি অনুসরণ করছেন। এর ফলে উৎপাদন খরচ কমেছে এবং নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীর পাশে রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছিলেন। এর আগে মৌসুমি ফসল চাষ করে সংসারের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়েছে তাকে। তবে পরিবেশবান্ধব লাউ চাষের প্রথম বছরেই তিনি ভালো ফলন ও লাভ পেয়ে ধীরে ধীরে এই চাষের পরিধি বৃদ্ধি করেছেন। বর্তমানে লাউ চাষ তার আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে লাউ চাষ করেন।
এই পদ্ধতিতে জমিতে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। কীটপতঙ্গ দমনের জন্য রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে কামরুল উত্তম কৃষিচর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। পরে তিনি সেগুলো নিজের জমিতে প্রয়োগ করেন। এভাবে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলন পাওয়ার কথা জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।’
এখন পর্যন্ত তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। গাছে ঝুলছে আরও ৩শ’টির বেশি লাউ। লাউয়ের দাম ৫০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা লাউ কিনতে আসেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি তিনি নিজেও বাজারে নিয়ে বিক্রি করেন। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দু’জন শ্রমিক।
কামরুল জানান, বড় ধরনের বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য তিনি প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করছেন।
লাউ কিনতে আসা জুয়েল লস্কর বলেন, ‘ক্ষেত থেকেই সরাসরি লাউ কিনতে পারছি। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজি কিনতে আগ্রহী হচ্ছেন অনেকেই। বাজারের তুলনায় ক্ষেত থেকে টাটকা লাউ পাচ্ছি আমরা। দামও একটু কম।’
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হচ্ছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি। কামরুলের দেখাদেখি আরও অনেকে এখন এই পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছেন।
স্থানীয়রা মনে করছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ শুধু একজন কৃষকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে না বরং ঝালকাঠিতে নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এই পদ্ধতিতে লাউ চাষ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হতে পারে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণ ত্বরান্বিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’
এছাড়া, পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিওও শেয়ার করেন মানসুরা আলম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি, যা আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে সহায়ক হবে। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে।
আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে একজন কর্মীকেই কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভির মতো বিভিন্ন প্রযুক্তিগত কাজ করতে হয়। এই কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করাই কোর্সটির মূল উদ্দেশ্য। সকল ক্লাস সরাসরি শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করা হবে।
কোর্সের পাঠ্যসূচিতে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপনের বিষয়গুলোও শেখানো হবে।
কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।
এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, "বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়।" তিনি আরও বলেন, "এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।"
প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি ব্যাচের ক্লাস সপ্তাহের কর্মদিবসগুলোতে অনুষ্ঠিত হবে। অন্য ব্যাচের ক্লাস শুধুমাত্র শুক্র ও শনিবার, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাচে আসনসংখ্যা ২০টি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানা ও ভর্তির তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ektabd.com থেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নুহার মৃত্যু স্বাভাবিকভাবে ঘটেনি, বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। তবে, ঘটনার আট দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এ পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকেও শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে নিহত শিশুটির পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুরে একটি নির্মাণাধীন ঘরের পাশে শিশু নুহার লাশ উদ্ধার করা হয়। তার আগে, বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে যাওয়ার সময় সে নিখোঁজ হয়ে যায়। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যায়, যা স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের কন্যা। সে মহতাপুর গ্রামের মহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ পায়। চিকিৎসকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধের মাধ্যমে নুহাকে হত্যা করা হয়েছে।
নিহত নুহার চাচা সুজন জানান, ঘটনার আট দিন পরেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলেছি এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি হত্যাকাণ্ড। আমরা সেদিনই থানায় হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ সেদিন এটিকে অপমৃত্যু মামলা হিসেবে নিয়েছে। আজ আমাদের নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলেছে।’
নুহার মা নাসরিন আক্তার মৌসুমি বলেন, ‘লাশ উদ্ধারের পর নুহার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। গলার, ঠোঁটের, মুখের এবং পিঠে ফোলা দাগ দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী যতবারই আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সব তথ্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্তকারী এক চিকিৎসক জানান, নুহার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে গলায় শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে।
এর আগে গত ১১ নভেম্বর (বুধবার) বিকেলে ছয়ানী উন্নয়ন ফোরামের আয়োজনে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু নুহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ