ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি: দেশে অস্থিতিশীলতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে


রাষ্ট্রপতি: দেশে অস্থিতিশীলতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, যা দেশের অন্ধকার যুগে ফিরে যাওয়ার উদ্দেশ্যে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুন: বেয়ারিং প্যাডের ত্রুটির কারণে মেঘনা-গোমতী সেতু দিয়ে যানচলাচল বন্ধ

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে এবং সংগ্রামের মাধ্যমে দেশের মানুষ সব ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিতে সক্ষম হবে। তিনি সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, ঐক্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে।

রাষ্ট্রপতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা সমাজের সকলকে অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা এই ধর্মরাজিক বৌদ্ধবিহারেই সংরক্ষিত আছে।

আরও পড়ুন: সর্বোচ্চ আদালতের রায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় ছুটি, বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও তীর্থভ্রমণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। রাষ্ট্রপতি এ প্রসঙ্গে জানান, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বৌদ্ধ বিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানি ভাতা ও শিশুদের প্রাক-প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়ে রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যাংকের সেবা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


পদ্মা ব্যাংকের সেবা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে

পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডের জন্য টানা প্রায় ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ডাউনটাইম কার্যকর হবে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই ডাউনটাইমের অনুমোদন প্রদান করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সময়ের মধ্যে পদ্মা ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। একইসাথে, চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে না।

এছাড়া, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স সাইট এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলোও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে এই ডাউনটাইমের অনুমতি দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই অনুমোদন প্রদান করা হয়েছে।

এই সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শেখ রুম্মান হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


পিরোজপুরে শেখ রুম্মান হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে হত্যার দায়ে আদালত শেখ রুম্মান নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশনা রয়েছে। মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং চার জনকে খালাস করা হয়েছে।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান সোমবার দুপুরে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকি দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর অপু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় ঘোষণা করে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে অজ্ঞাত রোগে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মাদারীপুরে অজ্ঞাত রোগে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

মাদারীপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালীন এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো দুপুর ১২টার সময় বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করেন শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশিতে ফু (আওয়াজ) দিলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। এর ৩-৪ মিনিট পর হঠাৎ করে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ এখনও জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকলেই শঙ্কামুক্ত।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরও দায়িত্বশীল হতে পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ক্ষুদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


চাটমোহরে ক্ষুদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

পাবনার চাটমোহর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর ফসল উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%