ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান


কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের জন্য তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের সময় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সফরসঙ্গী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আরও পড়ুন: কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বর্ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বর্ণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। দেশটির আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তারেক রহমান।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: টঙ্গীতে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল শোডাউন

তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতির দুঃসময়ে জামায়াত-শিবিরকে রাজপথে দেখা যায়নি

রাশেদ খাঁন এনসিপির ছাত্রশক্তির প্রশংসা, সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রাশেদ খাঁন এনসিপির ছাত্রশক্তির প্রশংসা, সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, রাজপথে জামায়াত-শিবিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির মাঠে উপস্থিতি নিয়ে প্রশংসা করেছেন তিনি। ছাত্রদলের নেতাকর্মীরা সারা রাত রাজপথে পাহারা দেওয়ার পাশাপাশি মঙ্গলবারও মাঠে থাকার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেছেন। তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যাবে না, তা সবাই দেখতে পেয়েছেন।" তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি মাঠে উপস্থিত ছিল, যা তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন।

জামায়াত-শিবিরের সমালোচনা করতে গিয়ে তিনি গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদেরও কটাক্ষ করেন। তাঁর ভাষায়, "জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।"

ছাত্রদলের ভূমিকা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থি শক্তি নীরব থাকতে পারে না। এজন্য সারা রাত ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে পাহারা দিয়েছেন এবং শহরের বিভিন্ন অলিগলিতে মোটরসাইকেল নিয়ে টহল দিয়েছেন।

তিনি পোস্টে জানান, মঙ্গলবারও ছাত্রদল সারা দিন রাজপথে থাকবে। নিষিদ্ধ ছাত্রলীগ যদি অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করে, তাহলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার জন্য কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করার কারণে শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করার ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী, দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তির জন্য নতুন পাসপোর্ট দেওয়া বা পাসপোর্ট নবায়নের সুযোগ নেই।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদ অনুসারে, আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁকে পাসপোর্ট দেওয়া যাবে না। একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।

আমিনুল ইসলাম উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এই অপরাধটি নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের বিভিন্ন উপধারা বিবেচনায় নিলে দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের নেই।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদ নাগরিকের চলাচল, বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ করে, তবে দণ্ডিত ও পলাতক আসামির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা চলমান বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করেননি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ-সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

আপিলের সুযোগ আর নেই

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা বিচার চলাকালে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করেননি। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তিনি আপিলও করেননি। তাই ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতে পারতেন। রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগও ছিল। কিন্তু তা না করে বর্তমানে তাঁর কর্মকাণ্ডকে রাজনৈতিক অবস্থান ও অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছেন।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে জানাতে হবে। তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাসপোর্টের আবেদন নিয়ে প্রশ্ন

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক পাঁচ ব্রিটিশ ব্যারিস্টার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা নিজে বা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদনটি একটি আইনজীবী চেম্বার করেছে। ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি চেম্বার কীভাবে আবেদন করছে এবং তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি রয়েছে, তা স্পষ্ট নয়। এ-সংক্রান্ত চুক্তির কপিও প্রকাশ করা হয়নি বলে তিনি জানান।

আমিনুল ইসলামের প্রশ্ন হলো, ক্লায়েন্টের সঙ্গে আইনি চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে। তাঁর মতে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। যদি এমন কোনো নথি ইস্যু করা হয়, তাহলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের অবস্থানের সাংঘর্ষিক হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা ছাড়া শেখ হাসিনার ক্ষেত্রে বিকল্প কোনো আইনি পথ নেই। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার চালানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। তবে ইসরাইলি বাহিনী দাবি করেছে, পাথর নিক্ষেপের ঘটনার প্রতিক্রিয়ায় তারা গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার গভীর রাতে নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা এলাকায় নিহত হন মুতাজ আইয়াদ দাগলাস।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, তাদের চিকিৎসাকর্মীরা গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছেন। তবে তৃতীয় একজন আহত ব্যক্তির কাছে পৌঁছাতে ইসরাইলি বাহিনী বাধা দেয়। এই ঘটনার সময় স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীদের তিনজনকে আটক করা হয়।

ঘটনাটি নিয়ে এএফপির প্রশ্নের জবাবে মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ওই এলাকায় ‘পাথর নিক্ষেপ ও সন্ত্রাসী হামলা প্রতিহত করতে’ তারা অভিযান পরিচালনা করছিল।

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সেনারা কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করেন, যারা ইসরাইলি যানবাহন চলাচলের একটি মহাসড়কে পাথর নিক্ষেপের পরিকল্পনা করছিল।’

পশ্চিম তীর ১৯৬৭ সাল থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পাথর নিক্ষেপের অভিযোগে অপ্রাপ্তবয়স্কসহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়মিতভাবে ঘটে।

ইসরাইলের মানবাধিকার সংগঠন বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক হামাসের হামলার পর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ২৪১ শিশু ও কিশোর নিহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : দুই দেশ বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশে একটি বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন, যা জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে সহায়ক হবে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন, যাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত হয়। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আলোচনায় খন্দকার আব্দুল মুক্তাদির দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এরপর স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। তিনি স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন।

রাষ্ট্রদূত এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%