ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এজমালি জমি নিয়ে বিরোধ: নিজের অংশ বুঝে পাবেন যেভাবে


এজমালি জমি নিয়ে বিরোধ: নিজের অংশ বুঝে পাবেন যেভাবে

পারিবারিক ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের ঘটনা বাংলাদেশে একটি পুরনো সমস্যা। যখন একাধিক মালিক একই সম্পত্তির অধিকারী হন, তখন কে কতটুকু জমির মালিক, কে কোন অংশ ভোগদখল করবে এবং জমির সীমানা কোথায় হবে—এ নিয়ে প্রায়ই বিরোধ দেখা দেয়। কখনো কখনো একটি অংশীদার নিজের প্রাপ্য অংশের চেয়ে বেশি জমি দখল করে, আবার কখনো কোনো ওয়ারিশকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হয়।

যদি এ ধরনের বিরোধ পারিবারিকভাবে মীমাংসা না করা যায়, তাহলে আইনের সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজন হলে আদালতে বাটোয়ারা মামলা করে সম্পত্তিতে প্রত্যেক শরিকের আইনগত অংশ নির্ধারণ এবং পৃথক দখল বুঝে নেওয়ার জন্য আবেদন করা যেতে পারে।

বাংলাদেশে এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে বণ্টন আইন, ১৮৯৩, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এবং দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: মাদক সেবন করে মাকে নির্যাতনের অভিযোগে যুবকের ১.৫ বছরের কারাদণ্ড

আপোষে সমাধান না হলে বাটোয়ারা মামলা

একাধিক ব্যক্তির মালিকানাধীন অবিভক্ত সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রক্রিয়াকে বাটোয়ারা বলা হয়। শরিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বণ্টননামা তৈরি করে সম্পত্তি ভাগ করা সম্ভব। তবে যদি কোনো পক্ষ এতে সম্মত না হয়, তাহলে আদালতের মাধ্যমে বাটোয়ারার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এ ক্ষেত্রে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করে প্রত্যেক শরিকের মালিকানার অংশ নির্ধারণ এবং সেই অনুযায়ী সম্পত্তি পৃথকভাবে ভাগ করার আবেদন করা হয়। যদি সম্পত্তি বাস্তবে ভাগ করা সম্ভব না হয়, তাহলে আইন অনুযায়ী বিক্রি করে অর্থ বণ্টনের ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ধরনের মামলায় প্রত্যেক শরিকের প্রকৃত অংশ, জমির অবস্থান, মূল্য এবং দখলের বিষয়গুলো বিবেচনায় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জমির সীমানা নিয়ে বিরোধ হলে করণীয়

জমির সীমানা নিয়ে বিরোধের কারণে প্রতিবেশী বা একই সম্পত্তির শরিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। অনেক সময় একজন অন্যজনের জমিতে স্থাপনা নির্মাণ করেন বা ধীরে ধীরে সীমানা সরিয়ে অতিরিক্ত জমি দখলে নেন।

এ ধরনের বিরোধের সমাধানে জমির দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ এবং জরিপসংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। প্রয়োজন অনুযায়ী জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে প্রকৃত মালিকানার অবস্থান চিহ্নিত করা সম্ভব।

যদি কেউ অন্যের জমি অবৈধভাবে দখল করে, তাহলে পরিস্থিতি অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করে জমির দখল ও মালিকানা রক্ষার প্রতিকার চাওয়া সম্ভব।

আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ নেই।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশের আইনগত অধিকার থাকে। কিন্তু বাস্তবে কখনো কোনো ওয়ারিশকে সম্পত্তির হিস্যা থেকে বঞ্চিত করা হয়। আবার কোনো শরিক নিজের প্রাপ্য অংশের চেয়ে বেশি জমি ভোগদখলে রাখেন।

এ ধরনের পরিস্থিতিতে বঞ্চিত ওয়ারিশ নিজের উত্তরাধিকার ও মালিকানার প্রমাণ উপস্থাপন করে আইনি প্রতিকার চাইতে পারেন। প্রয়োজনে বাটোয়ারা মামলার মাধ্যমে সম্পত্তিতে নিজের অংশ নির্ধারণ এবং পৃথক দখল বুঝে নেওয়ার আবেদন করা যেতে পারে।

এ ক্ষেত্রে উত্তরাধিকারসংক্রান্ত কাগজপত্র, জমির রেকর্ড এবং মালিকানার ধারাবাহিকতা প্রমাণ করা জরুরি।

আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক এমপি লতিফের বিরুদ্ধে ৬.৬৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

বাটোয়ারা মামলায় যেসব নথি প্রয়োজন

জমির অংশীদারত্ব, সীমানা কিংবা বাটোয়ারা নিয়ে মামলা করতে হলে সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা ও দখলের প্রমাণ সংগ্রহ করতে হয়। গুরুত্বপূর্ণ নথির মধ্যে রয়েছে—

সব শরিকের নাম ও অংশ উল্লেখ করা খতিয়ান বা পর্চা;

উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রমাণের কাগজপত্র;

আরও পড়ুন: নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যার যাবজ্জীবন কারাদণ্ড

ক্রয়সূত্রে জমির মালিক হলে সংশ্লিষ্ট দলিল;

জমির মৌজা ম্যাপ ও জরিপসংক্রান্ত নথি;

কে কোন অংশ দখলে রেখেছেন, তার প্রমাণ।

এসব নথি পর্যালোচনা করে জমির প্রকৃত মালিকানা, শরিকদের অংশ এবং বিরোধের ধরন নির্ধারণ করা সহজ হয়।

আরও পড়ুন: সাবেক নৌ প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মামলা নিষ্পত্তিতে লাগতে পারে কয়েক বছর।

বাটোয়ারা ও সীমানাসংক্রান্ত বিরোধের মামলা নিষ্পত্তিতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মামলার জটিলতা, পক্ষের সংখ্যা, জমির পরিমাণ, মালিকানার প্রমাণ এবং আদালতের কার্যক্রমের ওপর সময় নির্ভর করে।

মামলা চলাকালে কোনো পক্ষ যাতে জমির বর্তমান অবস্থা পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এজমালি সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হলে দীর্ঘদিন অপেক্ষা না করে মালিকানা ও দখলের প্রমাণ সংগ্রহ করা উচিত। কারণ সময়ের সঙ্গে বিরোধ জটিল হতে পারে। তাই পারিবারিকভাবে সমঝোতা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়ায় নিজের ন্যায্য অংশ ও সম্পত্তির অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চিফ প্রসিকিউটর

বিমান চাওয়া হাস্যকর, এটি শেখ হাসিনার উম্মাদনা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


বিমান চাওয়া হাস্যকর, এটি শেখ হাসিনার উম্মাদনা: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মন্তব্য করেছেন যে, ১৬ ডিসেম্বর এয়ারক্রাফট চেয়ে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা উন্মাদনা ছাড়া আর কিছু নয়। তিনি উল্লেখ করেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামির এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন এবং হাস্যকর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হয়ে উঠছে।

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল; রাষ্ট্রপক্ষ জিয়ার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানাচ্ছে।

এর আগে, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চাওয়ার পাশাপাশি পাসপোর্টও চেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা করার আবেদন করেছেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ আরটিভিতে টকশো, বাংলা ছায়াছবি ও নাটকসহ নানা অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


আজ আরটিভিতে টকশো, বাংলা ছায়াছবি ও নাটকসহ নানা অনুষ্ঠান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩। আরটিভির আজকের অনুষ্ঠান সম্পর্কে একনজরে তথ্য নিচে দেওয়া হলো—

সকাল ৯টায় প্রচারিত হবে টকশো ‘আজ পত্রিকায়’।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে আসবে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০ মিনিটে দর্শকদের জন্য উপস্থাপন করা হবে বাংলা ছায়াছবি ‘মায়ের মতো ভাবী’। এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, রচনা ব্যানার্জি প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে সম্প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘রোমিও ২০১৩’। এই ছবির অভিনয়ে রয়েছেন বাপ্পী চৌধুরী, সারা জাবিন প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দর্শকদের জন্য আসবে ‘চায়না ফোকাস’।

এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সন্ধ্যার সংবাদ’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে ‘এক্সপার্ট রান্না’।

রাত ৮টায় নির্বাচিত নাটক ‘সাইলেন্স’ সম্প্রচারিত হবে। এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা প্রমুখ।

রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’ দেখানো হবে। নাটকটি রচনা করেছেন এথেম ওজিস্ক, পরিচালনা করেছেন চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

রাত ১০টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’ সম্প্রচারিত হবে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুজিত বিশ্বাস। এতে অভিনয় করেছেন আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে লাইভ আসবে ‘গণতন্ত্রের সংলাপ’।

রাত ১টায় দেখানো হবে ‘মধ্যরাতের সংবাদ’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনো ও উষ্ণ সমুদ্রের ত্রিমুখী ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


এল নিনো ও উষ্ণ সমুদ্রের ত্রিমুখী ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে, যা অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনোর কারণে সৃষ্ট খারাপ আবহাওয়া এবং সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ সপ্তাহে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশেষ করে সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চলে ঝড়ো আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সম্মিলিত প্রভাব বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের সতর্কবার্তা অনুযায়ী, সমুদ্রের পানি উপচে শহরের নিচু এলাকা প্লাবিত হতে পারে। এমনকি শহরের বিমানবন্দরও পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে।

সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

অস্বাভাবিক উচ্চ জোয়ারের পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল। ‘কিং টাইড’ বা অতি উচ্চ জোয়ার নামে পরিচিত এই ধরনের জোয়ার প্রতি বছরই দেখা যায়। পৃথিবী, চাঁদ ও সূর্যের পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ এবং তাদের বিশেষ অবস্থানগত বিন্যাসের কারণে এ সময় সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়।

চলতি সপ্তাহের পাশাপাশি আগামী ডিসেম্বর ও জানুয়ারিতেও এ ধরনের উচ্চ জোয়ার দেখা যেতে পারে।

তবে এবারের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কারণ, সান ফ্রান্সিসকোতে জোয়ারের উচ্চতা ৪০ বছরেরও বেশি সময় আগে রেকর্ড হওয়া ৮ দশমিক ৬৬ ফুট বা ২ দশমিক ৬ মিটারের উচ্চতা ছুঁতে পারে, এমনকি তা ছাড়িয়ে যেতে পারে।

এছাড়া, সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং চলতি বছরের শক্তিশালী এল নিনোর কারণে সমুদ্রের পানি রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে উঠেছে। পানি গরম হলে এর আয়তনও বেড়ে যায়, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়।

প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির এ প্রাকৃতিক প্রক্রিয়া ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এনেছে। এর ফলে কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও দাবানলের মতো বিপর্যয় দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) আবহাওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে জানিয়েছেন, বুধবার জোয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় প্রায় তিন ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়া উপকূলে সর্বোচ্চ ৩০ ফুট উচ্চতার বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে রোববার পর্যন্ত সমুদ্রসৈকতে বিপজ্জনক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এ সময় কিং টাইডের সঙ্গে সমুদ্রের পানির উচ্চতা আরও ১ দশমিক ৬ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পানি ও ঢেউ সৈকতের অনেক ভেতর পর্যন্ত চলে আসতে পারে।

আবহাওয়াবিদ হোয়াং জানিয়েছেন, এবারের জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

১৯৮৩ সালেও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সঙ্গে এল নিনোর প্রভাবে সৃষ্ট শক্তিশালী ঝড় আঘাত হেনেছিল। এর পরিণতি হয়েছিল ভয়াবহ।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো ক্যাম্পাসের স্ক্রিপস ইনস্টিটিউশনের উপকূলীয় সমুদ্রবিজ্ঞানী রেইনহার্ড ফ্লিক বলেছেন, ‘তখন সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। উপকূলের বাইরে ১৩ ফুট উচ্চতার ঢেউ উঠেছিল, বছরের সর্বোচ্চ জোয়ার দেখা গিয়েছিল এবং কয়েক শ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া—সব এলাকাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

তবে চলতি সপ্তাহের পরিস্থিতি ১৯৮৩ সালের মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশেষ করে ১৯৮০-এর দশকের তুলনায় বর্তমানে ঝড় মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর উন্নতি হয়েছে।

তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। সান ফ্রান্সিসকোর মেয়র লুরি সতর্ক করে বলেছেন, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়তে পারে। এ ছাড়া উপকূলের কাছাকাছি নিচু সড়কগুলোতে সামান্য বৃষ্টিপাত ছাড়াও পানি উঠে যেতে পারে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউয়ের উচ্চতা ২২ ফুট পর্যন্ত হতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের সময় সমুদ্রের পানির উচ্চতা ৮ দশমিক ৪ ফুটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এ অঞ্চলে হঠাৎ করে বড় ঢেউ আছড়ে পড়ে সৈকতে থাকা মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে ঢেউয়ের পানি গাড়ি পার্কিংয়ের জায়গা ও সড়কেও ঢুকে পড়তে পারে।

জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ‘সব সময় সমুদ্রের দিকে নজর রাখুন। ঢেউ প্রত্যাশার চেয়ে অনেক বেশি দূর পর্যন্ত চলে আসতে পারে। সৈকতের কোনো জায়গা শুকনো দেখালেই সেটিকে নিরাপদ মনে করবেন না।’

গত কয়েক মাসে ঝড় ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। এতে ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপকূলীয় জনপদগুলোর বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনো এবং সমুদ্রের উষ্ণ পানির এই ত্রিমুখী ঝুঁকি আসলে বড় ধরনের শীতকালীন দুর্যোগের সূচনা হতে পারে।

আগামী বড় জোয়ারের সময়গুলো আসতে পারে বড়দিনের আশপাশে এবং জানুয়ারির ২১ ও ২২ তারিখে। একই সঙ্গে বছরের শেষ পর্যন্ত এল নিনো আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গবেষক রেইনহার্ড ফ্লিক এএফপিকে বলেন, ‘এ ধরনের বড় জোয়ারের সময় যদি একই সঙ্গে বৃষ্টিপাত ও প্রবল ঢেউ দেখা দেয়, তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে আমাদের উপকূলীয় এলাকায় সাধারণত বৃষ্টিপাত বেড়ে যায়। ফলে তখন বিপদের আশঙ্কা আরও বেশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপের বিষ গবেষণা ও অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


সাপের বিষ গবেষণা ও অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

সৈয়দ এলতেফাত হোসেন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সাপের কামড়ের চিকিৎসা উন্নত করার উদ্দেশ্যে, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও উন্নত করা হবে। কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক তিন বছরের মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। সরকারের পক্ষ থেকে পুরো অর্থায়ন করা হবে।

২০২৯ সালের মধ্যে একটি আধুনিক সরঞ্জামসমৃদ্ধ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ এবং বিষবিদ্যা (টক্সিকোলজিক্যাল) সংক্রান্ত গবেষণা পরিচালনা করা হবে।

এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার প্রতিষ্ঠা, সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর প্রচেষ্টা জোরদার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। এর ফলে মারা যান প্রায় ৭ হাজার ৫০০ জন। সাপের কামড়ে আক্রান্তদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। তাদের মৃত্যুতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ডিপিপি’তে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। এই অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় এবং মূলত সে দেশের প্রধান চারটি বিষধর সাপের প্রজাতির (যা সাধারণত ‘বিগ ফোর’ নামে পরিচিত) বিষের বিপরীতে তৈরি।

ফলে আমদানি করা এই অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হয় না; এর কার্যকারিতা আনুমানিক মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এই পরিস্থিতিতে দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাসসের সঙ্গে আলাপকালে ভিআরসি,বি-এর প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালে এনসিডিসি কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এর পরিচালন পরিকল্পনাগুলো (ওপি) বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দেয়।

ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘তবে ভিআরসি,বি-কে শক্তিশালী করার জন্য নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে।’

তিনি জানান, প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা (সার্পেন্টেরিয়াম), ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ এবং গবেষণাগার রয়েছে।

কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে। এর মধ্যে রয়েছে গোখরা, কিং কোবরা, ক্রেইট বা কালাচজাতীয় সাপ, ভাইপার বা চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার জাতীয় সাপ।

বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে।

এছাড়া চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে এ উদ্যোগ এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজকে এ প্রকল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি।

ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতির কারণে অঞ্চলটি চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সাপ শনাক্ত, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষের গঠনে ভৌগোলিক পার্থক্য নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ সংশ্লিষ্ট গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিত গবেষণা, পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে উঠবে।

এছাড়া দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব কেন্দ্রটির গবেষণার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে ডিপিপি’তে উল্লেখ করা হয়েছে।

ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ (হার্পেটোলজিস্ট), প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো বাংলাদেশে বর্তমানে নেই।

তিনি বলেন, কেন্দ্রটির প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, অ্যান্টিবডি তৈরি এবং সেগুলোর কার্যকারিতা যাচাইয়ে গবেষণা।

সংগৃহীত বিষ বাংলাদেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হবে।

তিনি বলেন, ‘এই কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন কমানো, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।’

প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%