প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে, যা অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনোর কারণে সৃষ্ট খারাপ আবহাওয়া এবং সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ সপ্তাহে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশেষ করে সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চলে ঝড়ো আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সম্মিলিত প্রভাব বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের সতর্কবার্তা অনুযায়ী, সমুদ্রের পানি উপচে শহরের নিচু এলাকা প্লাবিত হতে পারে। এমনকি শহরের বিমানবন্দরও পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে।
সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
অস্বাভাবিক উচ্চ জোয়ারের পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল। ‘কিং টাইড’ বা অতি উচ্চ জোয়ার নামে পরিচিত এই ধরনের জোয়ার প্রতি বছরই দেখা যায়। পৃথিবী, চাঁদ ও সূর্যের পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ এবং তাদের বিশেষ অবস্থানগত বিন্যাসের কারণে এ সময় সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়।
চলতি সপ্তাহের পাশাপাশি আগামী ডিসেম্বর ও জানুয়ারিতেও এ ধরনের উচ্চ জোয়ার দেখা যেতে পারে।
তবে এবারের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কারণ, সান ফ্রান্সিসকোতে জোয়ারের উচ্চতা ৪০ বছরেরও বেশি সময় আগে রেকর্ড হওয়া ৮ দশমিক ৬৬ ফুট বা ২ দশমিক ৬ মিটারের উচ্চতা ছুঁতে পারে, এমনকি তা ছাড়িয়ে যেতে পারে।
এছাড়া, সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং চলতি বছরের শক্তিশালী এল নিনোর কারণে সমুদ্রের পানি রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে উঠেছে। পানি গরম হলে এর আয়তনও বেড়ে যায়, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়।
প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির এ প্রাকৃতিক প্রক্রিয়া ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এনেছে। এর ফলে কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও দাবানলের মতো বিপর্যয় দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) আবহাওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে জানিয়েছেন, বুধবার জোয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় প্রায় তিন ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়া উপকূলে সর্বোচ্চ ৩০ ফুট উচ্চতার বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে রোববার পর্যন্ত সমুদ্রসৈকতে বিপজ্জনক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, এ সময় কিং টাইডের সঙ্গে সমুদ্রের পানির উচ্চতা আরও ১ দশমিক ৬ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পানি ও ঢেউ সৈকতের অনেক ভেতর পর্যন্ত চলে আসতে পারে।
আবহাওয়াবিদ হোয়াং জানিয়েছেন, এবারের জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
১৯৮৩ সালেও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সঙ্গে এল নিনোর প্রভাবে সৃষ্ট শক্তিশালী ঝড় আঘাত হেনেছিল। এর পরিণতি হয়েছিল ভয়াবহ।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো ক্যাম্পাসের স্ক্রিপস ইনস্টিটিউশনের উপকূলীয় সমুদ্রবিজ্ঞানী রেইনহার্ড ফ্লিক বলেছেন, ‘তখন সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। উপকূলের বাইরে ১৩ ফুট উচ্চতার ঢেউ উঠেছিল, বছরের সর্বোচ্চ জোয়ার দেখা গিয়েছিল এবং কয়েক শ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া—সব এলাকাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।’
তবে চলতি সপ্তাহের পরিস্থিতি ১৯৮৩ সালের মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশেষ করে ১৯৮০-এর দশকের তুলনায় বর্তমানে ঝড় মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর উন্নতি হয়েছে।
তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। সান ফ্রান্সিসকোর মেয়র লুরি সতর্ক করে বলেছেন, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়তে পারে। এ ছাড়া উপকূলের কাছাকাছি নিচু সড়কগুলোতে সামান্য বৃষ্টিপাত ছাড়াও পানি উঠে যেতে পারে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউয়ের উচ্চতা ২২ ফুট পর্যন্ত হতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের সময় সমুদ্রের পানির উচ্চতা ৮ দশমিক ৪ ফুটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এ অঞ্চলে হঠাৎ করে বড় ঢেউ আছড়ে পড়ে সৈকতে থাকা মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে ঢেউয়ের পানি গাড়ি পার্কিংয়ের জায়গা ও সড়কেও ঢুকে পড়তে পারে।
জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ‘সব সময় সমুদ্রের দিকে নজর রাখুন। ঢেউ প্রত্যাশার চেয়ে অনেক বেশি দূর পর্যন্ত চলে আসতে পারে। সৈকতের কোনো জায়গা শুকনো দেখালেই সেটিকে নিরাপদ মনে করবেন না।’
গত কয়েক মাসে ঝড় ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। এতে ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপকূলীয় জনপদগুলোর বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনো এবং সমুদ্রের উষ্ণ পানির এই ত্রিমুখী ঝুঁকি আসলে বড় ধরনের শীতকালীন দুর্যোগের সূচনা হতে পারে।
আগামী বড় জোয়ারের সময়গুলো আসতে পারে বড়দিনের আশপাশে এবং জানুয়ারির ২১ ও ২২ তারিখে। একই সঙ্গে বছরের শেষ পর্যন্ত এল নিনো আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষক রেইনহার্ড ফ্লিক এএফপিকে বলেন, ‘এ ধরনের বড় জোয়ারের সময় যদি একই সঙ্গে বৃষ্টিপাত ও প্রবল ঢেউ দেখা দেয়, তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে আমাদের উপকূলীয় এলাকায় সাধারণত বৃষ্টিপাত বেড়ে যায়। ফলে তখন বিপদের আশঙ্কা আরও বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন