ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এল নিনো ও উষ্ণ সমুদ্রের ত্রিমুখী ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা


এল নিনো ও উষ্ণ সমুদ্রের ত্রিমুখী ঝুঁকিতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে, যা অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনোর কারণে সৃষ্ট খারাপ আবহাওয়া এবং সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ সপ্তাহে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশেষ করে সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চলে ঝড়ো আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সম্মিলিত প্রভাব বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের সতর্কবার্তা অনুযায়ী, সমুদ্রের পানি উপচে শহরের নিচু এলাকা প্লাবিত হতে পারে। এমনকি শহরের বিমানবন্দরও পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিতে পারে

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে।

সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

অস্বাভাবিক উচ্চ জোয়ারের পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল। ‘কিং টাইড’ বা অতি উচ্চ জোয়ার নামে পরিচিত এই ধরনের জোয়ার প্রতি বছরই দেখা যায়। পৃথিবী, চাঁদ ও সূর্যের পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ এবং তাদের বিশেষ অবস্থানগত বিন্যাসের কারণে এ সময় সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়।

চলতি সপ্তাহের পাশাপাশি আগামী ডিসেম্বর ও জানুয়ারিতেও এ ধরনের উচ্চ জোয়ার দেখা যেতে পারে।

আরও পড়ুন: মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত: ক্রেমলিন

তবে এবারের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কারণ, সান ফ্রান্সিসকোতে জোয়ারের উচ্চতা ৪০ বছরেরও বেশি সময় আগে রেকর্ড হওয়া ৮ দশমিক ৬৬ ফুট বা ২ দশমিক ৬ মিটারের উচ্চতা ছুঁতে পারে, এমনকি তা ছাড়িয়ে যেতে পারে।

এছাড়া, সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং চলতি বছরের শক্তিশালী এল নিনোর কারণে সমুদ্রের পানি রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে উঠেছে। পানি গরম হলে এর আয়তনও বেড়ে যায়, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়।

প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির এ প্রাকৃতিক প্রক্রিয়া ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এনেছে। এর ফলে কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও দাবানলের মতো বিপর্যয় দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) আবহাওয়াবিদ ডায়াল হোয়াং এএফপিকে জানিয়েছেন, বুধবার জোয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় প্রায় তিন ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন: ‘হিন্দু-শিখ সৌহার্দ্যের’ বার্তা দিয়ে পাঞ্জাব নির্বাচনে ফের একসঙ্গে লড়বে বিজেপি-অকালি দল

জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়া উপকূলে সর্বোচ্চ ৩০ ফুট উচ্চতার বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে রোববার পর্যন্ত সমুদ্রসৈকতে বিপজ্জনক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এ সময় কিং টাইডের সঙ্গে সমুদ্রের পানির উচ্চতা আরও ১ দশমিক ৬ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পানি ও ঢেউ সৈকতের অনেক ভেতর পর্যন্ত চলে আসতে পারে।

আবহাওয়াবিদ হোয়াং জানিয়েছেন, এবারের জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

১৯৮৩ সালেও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের সঙ্গে এল নিনোর প্রভাবে সৃষ্ট শক্তিশালী ঝড় আঘাত হেনেছিল। এর পরিণতি হয়েছিল ভয়াবহ।

আরও পড়ুন: শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অ্যামাজন ও ইবেকে এআই খেলনা বিক্রি বন্ধের দাবি

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো ক্যাম্পাসের স্ক্রিপস ইনস্টিটিউশনের উপকূলীয় সমুদ্রবিজ্ঞানী রেইনহার্ড ফ্লিক বলেছেন, ‘তখন সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। উপকূলের বাইরে ১৩ ফুট উচ্চতার ঢেউ উঠেছিল, বছরের সর্বোচ্চ জোয়ার দেখা গিয়েছিল এবং কয়েক শ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া—সব এলাকাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

তবে চলতি সপ্তাহের পরিস্থিতি ১৯৮৩ সালের মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশেষ করে ১৯৮০-এর দশকের তুলনায় বর্তমানে ঝড় মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর উন্নতি হয়েছে।

তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। সান ফ্রান্সিসকোর মেয়র লুরি সতর্ক করে বলেছেন, প্রবল বাতাসে গাছ উপড়ে পড়তে পারে। এ ছাড়া উপকূলের কাছাকাছি নিচু সড়কগুলোতে সামান্য বৃষ্টিপাত ছাড়াও পানি উঠে যেতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউয়ের উচ্চতা ২২ ফুট পর্যন্ত হতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের সময় সমুদ্রের পানির উচ্চতা ৮ দশমিক ৪ ফুটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এ অঞ্চলে হঠাৎ করে বড় ঢেউ আছড়ে পড়ে সৈকতে থাকা মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে ঢেউয়ের পানি গাড়ি পার্কিংয়ের জায়গা ও সড়কেও ঢুকে পড়তে পারে।

জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ‘সব সময় সমুদ্রের দিকে নজর রাখুন। ঢেউ প্রত্যাশার চেয়ে অনেক বেশি দূর পর্যন্ত চলে আসতে পারে। সৈকতের কোনো জায়গা শুকনো দেখালেই সেটিকে নিরাপদ মনে করবেন না।’

গত কয়েক মাসে ঝড় ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। এতে ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপকূলীয় জনপদগুলোর বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

আরও পড়ুন: মামদানিরের আহ্বান, ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হোক

বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্বাভাবিক উচ্চতার জোয়ার, এল নিনো এবং সমুদ্রের উষ্ণ পানির এই ত্রিমুখী ঝুঁকি আসলে বড় ধরনের শীতকালীন দুর্যোগের সূচনা হতে পারে।

আগামী বড় জোয়ারের সময়গুলো আসতে পারে বড়দিনের আশপাশে এবং জানুয়ারির ২১ ও ২২ তারিখে। একই সঙ্গে বছরের শেষ পর্যন্ত এল নিনো আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গবেষক রেইনহার্ড ফ্লিক এএফপিকে বলেন, ‘এ ধরনের বড় জোয়ারের সময় যদি একই সঙ্গে বৃষ্টিপাত ও প্রবল ঢেউ দেখা দেয়, তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে আমাদের উপকূলীয় এলাকায় সাধারণত বৃষ্টিপাত বেড়ে যায়। ফলে তখন বিপদের আশঙ্কা আরও বেশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপের বিষ গবেষণা ও অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


সাপের বিষ গবেষণা ও অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

সৈয়দ এলতেফাত হোসেন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সাপের কামড়ের চিকিৎসা উন্নত করার উদ্দেশ্যে, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও উন্নত করা হবে। কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক তিন বছরের মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। সরকারের পক্ষ থেকে পুরো অর্থায়ন করা হবে।

২০২৯ সালের মধ্যে একটি আধুনিক সরঞ্জামসমৃদ্ধ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ এবং বিষবিদ্যা (টক্সিকোলজিক্যাল) সংক্রান্ত গবেষণা পরিচালনা করা হবে।

এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার প্রতিষ্ঠা, সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর প্রচেষ্টা জোরদার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। এর ফলে মারা যান প্রায় ৭ হাজার ৫০০ জন। সাপের কামড়ে আক্রান্তদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। তাদের মৃত্যুতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ডিপিপি’তে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। এই অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় এবং মূলত সে দেশের প্রধান চারটি বিষধর সাপের প্রজাতির (যা সাধারণত ‘বিগ ফোর’ নামে পরিচিত) বিষের বিপরীতে তৈরি।

ফলে আমদানি করা এই অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হয় না; এর কার্যকারিতা আনুমানিক মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এই পরিস্থিতিতে দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাসসের সঙ্গে আলাপকালে ভিআরসি,বি-এর প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালে এনসিডিসি কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এর পরিচালন পরিকল্পনাগুলো (ওপি) বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দেয়।

ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘তবে ভিআরসি,বি-কে শক্তিশালী করার জন্য নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে।’

তিনি জানান, প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা (সার্পেন্টেরিয়াম), ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ এবং গবেষণাগার রয়েছে।

কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে। এর মধ্যে রয়েছে গোখরা, কিং কোবরা, ক্রেইট বা কালাচজাতীয় সাপ, ভাইপার বা চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার জাতীয় সাপ।

বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে।

এছাড়া চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে এ উদ্যোগ এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজকে এ প্রকল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি।

ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতির কারণে অঞ্চলটি চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সাপ শনাক্ত, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষের গঠনে ভৌগোলিক পার্থক্য নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ সংশ্লিষ্ট গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিত গবেষণা, পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে উঠবে।

এছাড়া দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব কেন্দ্রটির গবেষণার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে ডিপিপি’তে উল্লেখ করা হয়েছে।

ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ (হার্পেটোলজিস্ট), প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো বাংলাদেশে বর্তমানে নেই।

তিনি বলেন, কেন্দ্রটির প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, অ্যান্টিবডি তৈরি এবং সেগুলোর কার্যকারিতা যাচাইয়ে গবেষণা।

সংগৃহীত বিষ বাংলাদেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হবে।

তিনি বলেন, ‘এই কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন কমানো, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।’

প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় শুটিংয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বগুড়ায় শুটিংয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ১০টার দিকে বগুড়ার মম ইনে সিনেমার শুটিং স্পটে অবস্থানকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে। নাট্যাঙ্গন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন যে সোহেল খানের মৃত্যুর খবর সত্যি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি বগুড়ায় নির্মাণাধীন ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছিল। সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল এবং প্রযোজক আরশাদ আদনান। এই সিনেমায় অভিনয়ের জন্য বলিউডের অভিনেতা মুকেশ ঋষিও বাংলাদেশে এসেছেন। এর আগে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং কক্সবাজারের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। শুটিং চলাকালে সোহেল খানের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হলো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে।

এই উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার রাতে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, ‘নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন নয়। প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত হয়।’

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং প্রতিটি তরুণের জন্য প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা।

মন্ত্রী বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।’

মন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘একটি ট্রফি আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু আপনার আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই আপনাকে প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। জয়ী হলে বিনয়ী থাকতে হবে এবং পরাজিত হলে সাহস হারানো যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন এ ঘটনায় তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে।

তদন্ত কমিটির প্রধান, নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ১৭ নভেম্বর একটি আদেশ জারি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত একজনের পিতা সার ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, চানন্দী ইউনিয়নে মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে। চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, কৃষিমন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানান, ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি তিনি পেয়েছেন। কমিটির অন্য দুই সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%