০৪:১৮ পি.এম
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তাপ আবারও ছড়িয়ে পড়েছে বাহরাইনে, যা পারস্য উপসাগ্রীয় একটি দেশ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে। তবে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ফলে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয় এবং সাইরেন বেজে ওঠার পর প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে প্রতিহত করা হয়েছে। তবে, কর্তৃপক্ষ হামলার লক্ষ্যস্থল বা শিল্প স্থাপনার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা
আইআরজিসি দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি এলাকায় মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এতে দুটি প্যাট্রিয়ট রাডার ধ্বংস হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোনের অনুপ্রবেশ এবং ইরানের হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, এসব অভিযোগও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকাতেও হামলা হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করেছে, বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র পড়ে আগুনের সৃষ্টি করে। প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণে এমনটি ঘটেছে বলে দাবি করা হলেও, এ তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটি একাধিকবার ইরানি হামলার মুখে পড়েছে।
আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন