মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪২ এম
দূর থেকে দেখলে মনে হবে, একটি দৃষ্টিনন্দন একাডেমিক ভবন আধুনিক নকশায় নির্মিত হয়েছে। নতুন রং, আকর্ষণীয় নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কাছ থেকে দেখলে নির্মাণকাজের নানা ত্রুটি প্রকাশ পায়। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা গেছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এই অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এ ধরনের চিত্র দেখা গেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করার কারণে ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে, যা হস্তান্তরের আগেই ঘটেছে।
রোববার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা জানান, মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহৃত হয়েছে। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলেই তা খসে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটির নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে।
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিলেন। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে।
ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে তিনি প্রথম জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। তবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাড়ির দেওয়াল, ছাদ অথবা আনাচকানাচে হঠাৎ করে অশ্বত্থগাছ গজিয়ে ওঠার ঘটনা ঘটে। বিশেষ করে পুরনো বাড়ির দেওয়ালের ফাটল বা অব্যবহৃত স্থানগুলোতে এই গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু প্রশ্ন হলো, বাড়ির ভিতরে বা ছাদে অশ্বত্থগাছ বেড়ে ওঠা কি শুভ, নাকি অশুভ? বাস্তুশাস্ত্র এবং প্রচলিত ধর্মীয় বিশ্বাসে এ সম্পর্কে কী বলা হয়েছে, তা জানার চেষ্টা করা যাক।
বাড়িতে অশ্বত্থগাছ থাকা কি অশুভ?
হিন্দুধর্মে অশ্বত্থগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই গাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। অনেকের বিশ্বাস, অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালালে শনিদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব।
তবে বাস্তুশাস্ত্রের প্রচলিত ধারণা অনুসারে, বাড়ির দেওয়াল, ছাদ অথবা আনাচকানাচে অশ্বত্থগাছ বেড়ে ওঠা শুভ নয়। বিশেষত, দেওয়ালের ফাটল বা বাড়ির কাঠামোর মধ্যে গাছটির শিকড় ছড়িয়ে পড়লে তা ভবনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছটি বড় হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করা হয়।
কীভাবে বাড়ি থেকে অশ্বত্থগাছ সরাবেন?
প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, অশ্বত্থগাছ অপসারণের জন্য কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়।
১. গাছটি বড় হওয়ার আগেই সতর্কতার সঙ্গে শিকড়-সহ তুলে ফেলার ব্যবস্থা করুন।
২. ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গাছটি সরাসরি ফেলে না দিয়ে অন্য কোনও উপযুক্ত জায়গায়, যেমন মাঠ বা মন্দিরের চত্বরে, রোপণ করা যেতে পারে।
৩. যে জায়গা থেকে গাছটি সরানো হয়েছে, সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার রীতি প্রচলিত রয়েছে।
তবে মনে রাখতে হবে, এগুলি মূলত প্রচলিত ধর্মীয় এবং বাস্তুবিশ্বাসের অংশ। অশ্বত্থগাছ বাড়িতে থাকলেই অমঙ্গল হয়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। অন্যদিকে, দেওয়াল বা ছাদের ফাটলে গাছ জন্মালে তার শিকড় ভবনের ক্ষতি করতে পারে। তাই গাছ সরানোর আগে প্রয়োজনে অভিজ্ঞ মালী বা ভবন মেরামতির বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ নয় মাসের কঠিন লড়াই শেষে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অভিনয়ে ফিরেছেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর তাঁকে অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অবশেষে গত ২৬ অক্টোবর তিনি শুটিংয়ে ফিরেছেন। ফিরেই দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তানিয়া বৃষ্টি।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকটির মাধ্যমে তিনি অভিনয়ে ফিরে আসেন। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’
ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’
তবে নাটকের গল্পের পাশাপাশি দর্শকদের বিশেষ ভালোবাসা পেয়েছেন তানিয়া বৃষ্টি। তার অভিনয়ে ফেরাকে স্বাগত জানিয়ে আরোশি নামের এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’
দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা প্রসঙ্গে নির্মাতা জানান, গেল বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। পরে মাসখানেক আগে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। ‘অংশীদার’ নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।
ইকসান রনি বলেন, শুটিংয়ের আগে তারা দুই দিন একসঙ্গে বসে প্রস্তুতি নিয়েছেন। অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। এই নাটকে নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটক ও সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা সোহেল খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার সময় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইএলটি২০-তে অভিষেক ম্যাচে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তার ৫১ বলে ৮৬ রানের চমৎকার ইনিংসের সাহায্যে সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্স শারজাহ ওয়ারিয়র্সকে ছয় উইকেটে পরাজিত করেছে।
মৌসুমের পঞ্চম আসরের নিলামে বাবরকে ৮০ হাজার মার্কিন ডলারে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং দুটি ছক্কা।
আইএলটি২০ ইতিহাসে এক ইনিংসে ১৩টি চার মারার নতুন রেকর্ড গড়েছেন বাবর। বিষয়টি লিগ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাবর তার প্রথম ম্যাচেই এই রেকর্ডটি স্থাপন করেন।
এর আগে, শারজাহর ওপেনার পল ওয়াল্টার ১১টি চার মেরে ২০২৪ সালে আলিশান শারাফুর গড়া রেকর্ড স্পর্শ করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যে বাবর সেই রেকর্ড ভেঙে দেন।
শারজাহ ওয়ারিয়র্সের হোম ভেন্যুতেও বাবরের জনপ্রিয়তা স্পষ্ট ছিল। দর্শকদের মধ্যে দুই ইনিংসেই তার নামের স্লোগান শোনা গেছে।
বাবরের দুটি ছক্কাও বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। ১২ ম্যাচ পর এবারই প্রথম তিনি ছক্কা হাঁকালেন। এর আগে, ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে তার সর্বশেষ ছক্কাটি এসেছিল, যা ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাকিস্তান এবং তার ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও তিনি একটি ছক্কাও মারতে পারেননি।
অভিষেক ম্যাচে বাবর শতকের খুব কাছে পৌঁছেছিলেন। তবে ৮৬ রানে অ্যাডাম মিলনের বলে টাইমিংয়ে ভুল করে ক্যাচ দেন, যা তালুবন্দি করেন পল ওয়াল্টার।
শারজাহ ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয়। একসময় তারা বড় সংগ্রহের পথে থাকলেও ভাইপার্সের বোলাররা শেষদিকে দারুণভাবে ম্যাচে ফিরে আসে।
বাবর মাত্র ৩১ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর ক্লার্কের সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স।
এই জয়ের মাধ্যমে শিরোপাধারী ভাইপার্স চলতি আসরে প্রথম জয় পায়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমআই এমিরেটসের কাছে পরাজিত হয়েছিল তারা।
ভাইপার্স তাদের পরবর্তী ম্যাচে ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে।
সূত্র: গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ