প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ নয় মাসের কঠিন লড়াই শেষে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অভিনয়ে ফিরেছেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর তাঁকে অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অবশেষে গত ২৬ অক্টোবর তিনি শুটিংয়ে ফিরেছেন। ফিরেই দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তানিয়া বৃষ্টি।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকটির মাধ্যমে তিনি অভিনয়ে ফিরে আসেন। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’
ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’
তবে নাটকের গল্পের পাশাপাশি দর্শকদের বিশেষ ভালোবাসা পেয়েছেন তানিয়া বৃষ্টি। তার অভিনয়ে ফেরাকে স্বাগত জানিয়ে আরোশি নামের এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’
দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা প্রসঙ্গে নির্মাতা জানান, গেল বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। পরে মাসখানেক আগে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। ‘অংশীদার’ নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।
ইকসান রনি বলেন, শুটিংয়ের আগে তারা দুই দিন একসঙ্গে বসে প্রস্তুতি নিয়েছেন। অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। এই নাটকে নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন