প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মাদক কারবারি চক্রের সদস্যদের সম্পর্কে পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আনোয়ার মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামির তথ্য সংগ্রহের জন্য ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় যান নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। তারা দুজনই সাদা পোশাকে ছিলেন। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই আব্দুস সাত্তার পালাতে সক্ষম হলেও আনোয়ার মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত করছে। সোমবার সকালে উভয় সংস্থার আলাদা দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার কার্যক্রমও চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন