ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে। তিনি উল্লেখ করেছেন, "শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ।" তাই, ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

এই সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে তাঁদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: ৫২ বছর পর রেকর্ড: ছোট বোন রানার-আপ, বড় বোন চ্যাম্পিয়ন

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ।" তাই, শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলার, প্রাণীদের প্রতি সদয় আচরণ করার এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

আরও পড়ুন: জোহানেসবার্গে বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা এখনও বন্ধ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশে এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বৈঠকে, পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, নিয়মিতভাবে পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) এবং দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম আয়োজনের বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব দেন।

এর আগে, নয়াদিল্লিতে অবস্থানরত এস্তোনিয়ার রাষ্ট্রদূত সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি কোচিং স্টাফে যোগ দিতে চাইলে স্বাগতম: স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মেসি কোচিং স্টাফে যোগ দিতে চাইলে স্বাগতম: স্কালোনি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মেসি যদি কোচিং স্টাফে যোগ দিতে চান, তাহলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন। এমনকি ২০৩০ বিশ্বকাপের আগে সাবেক অধিনায়ককে নতুন ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্কালোনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কোস্টারিকার বিরুদ্ধে আর্জেন্টিনা বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। সেখানে ২০৩০ বিশ্বকাপে মেসিকে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য হিসেবে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, তিনি মেসির এখনই ফুটবল ছাড়ার কোনো কারণ দেখছেন না। বরং জাতীয় দলের বাইরে ক্লাব ফুটবলে আরও অনেক বছর খেলার সামর্থ্য রয়েছে এই মহাতারকার।

স্কালোনি আরও বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে আর খেলবে না বলে জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে যত দিন সম্ভব খেলে যাক, সেটাই চাই।’

মেসিকে কোচিং স্টাফে পাওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে স্কালোনি বলেন, ‘সে এখানে আসতে চাইলে কোনো সমস্যা নেই। এখন যেহেতু ওয়াল্টার (স্যামুয়েল) থাকছে না, তাহলে আসুক!’

স্কালোনির এই মন্তব্যের সময় সংবাদ সম্মেলনে হাসির পরিবেশ তৈরি হয়। তাই এটিকে আনুষ্ঠানিক প্রস্তাবের চেয়ে মেসিকে ঘিরে তার আন্তরিকতা ও রসিকতা হিসেবেই দেখছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। বর্তমানে মেসিকে কোচিং স্টাফে যুক্ত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। ২০১৮ সাল থেকে স্কালোনির সঙ্গে কাজ করা সাবেক এই ডিফেন্ডার এবার প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান।

স্যামুয়েলের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে স্কালোনি বলেন, নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার সিদ্ধান্ত আগেই তাকে জানিয়েছিলেন স্যামুয়েল। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনা কোচ জানান, জাতীয় দলের কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

তবে স্যামুয়েলের বিদায়ের পরপরই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। তিনি বর্তমান কোচিং স্টাফ নিয়েই কাজ চালিয়ে যেতে চান। প্রয়োজনে ভবিষ্যতে বয়সভিত্তিক জাতীয় দলের কোচদের সহযোগিতা নেওয়া হতে পারে।

অন্যদিকে, খেলোয়াড়ি জীবন শেষে সরাসরি কোচিংয়ে আসার চেয়ে ক্লাব পরিচালনা ও ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন মেসি। আর্জেন্টিনা, স্পেন ও উরুগুয়ের কয়েকটি ফুটবল প্রকল্পের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে রয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজও।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন তিনি। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৩-০ ব্যবধানে।

জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে স্কালোনির বিশ্বাস, মেসির ফুটবলযাত্রা এখনই শেষ হচ্ছে না। ২০৩০ সালের পরও তাকে মাঠে দেখার প্রত্যাশা করছেন আর্জেন্টিনা কোচ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর পর ‘কাভি খুশি কাভি গাম’ বিজ্ঞাপনে ফিরছেন হৃতিক-কারিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


২৫ বছর পর ‘কাভি খুশি কাভি গাম’ বিজ্ঞাপনে ফিরছেন হৃতিক-কারিনা

বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন এবং কারিনা কাপুর খানকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই দুই তারকা নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি নির্মাতা করণ জোহরের প্রকাশিত একটি বিজ্ঞাপনের ঝলক থেকে তাদের পুনর্মিলনের ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে কারিনাকে লিপস্টিক লাগাতে দেখা যায়। দৃশ্যটি দর্শকদের মনে করিয়ে দেয় ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় তাঁর অভিনীত ‘পু’ চরিত্রের কথা। অন্যদিকে, হৃতিককে দেখা যায় চামড়ার জ্যাকেট ও জুতা পরে প্রস্তুতি নিতে। তাঁর এই সাজে ফিরে এসেছে সিনেমাটির ‘রোহন রাইচাঁদ’ ওরফে ‘লাড্ডু’ চরিত্রের স্মৃতি।

ভিডিওতে কারিনা কিংবা হৃতিকের কারও মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। ফলে নতুন বিজ্ঞাপনটি নিয়ে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। জানা গেছে, এটি এয়ারবিএনবির একটি বিজ্ঞাপন। ভিডিওটি প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না।’ তাঁর এই বার্তা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপনটির ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বিজ্ঞাপনের পরিবর্তে বড় পর্দায় আবারও হৃতিক-কারিনাকে একসঙ্গে দেখার প্রত্যাশা করেছেন। নির্মাতা তাহিরা কাশ্যপও মন্তব্য করেছেন, এই জুটিকে নিয়ে একটি সিনেমা দেখতে চান তিনি। একই দাবি জানিয়েছেন অসংখ্য ভক্ত।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা অভিনয় করেছিলেন পূজা ওরফে ‘পু’ চরিত্রে। অন্যদিকে, হৃতিক ছিলেন রোহন রাইচাঁদ ওরফে ‘লাড্ডু’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান এবং কাজল অভিনীত সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। পর্দায় হৃতিক এবং কারিনার রসায়ন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।

কাজের ক্ষেত্রে কারিনাকে সর্বশেষ দেখা গেছে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। অন্যদিকে, হৃতিককে আবারও সুপারহিরো চরিত্রে দেখা যাবে ‘কৃষ ৪’ সিনেমায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লামা আযহার মাদানী কক্সবাজারে জামিয়াতুল ইমাম মুসলিমে সংবর্ধিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


আল্লামা আযহার মাদানী কক্সবাজারে জামিয়াতুল ইমাম মুসলিমে সংবর্ধিত

জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর উদ্যোগে কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর দৌহিত্র আল্লামা সাইয়্যেদ আযহার মাদানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর শহরের ইমাম বুখারী মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা ও দ্বীনি আলোচনা সভায় তিনি ইসলাম, ঈমান ও ইহসানের মৌলিক শিক্ষা এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে হাদিসে জিবরাইলের আলোকে আলোচনা করেন।

এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ হাফেজ সালাহুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় আল্লামা আযহার মাদানী সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে উল্লেখিত হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে জিবরাইলের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, "এ হাদিসে ইসলামের পাঁচটি স্তম্ভ, ঈমানের ছয়টি মৌলিক বিষয় এবং ইহসানের প্রকৃত তাৎপর্য সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।"

হাদিসের আলোকে আল্লামা আযহার ব্যাখ্যা করেন যে, আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসুল, আখিরাত এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক ভিত্তি। অপরদিকে, ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভ হলো কালিমা, নামাজ, জাকাত, রমজানের রোজা এবং সামর্থ্যবান ব্যক্তির হজ।

ইহসানের ব্যাখ্যায় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী উল্লেখ করে বলেন, "এমনভাবে আল্লাহর ইবাদত করতে হবে, যেন তাঁকে দেখা যাচ্ছে।" যদিও তাঁকে দেখা সম্ভব নয়, তবুও এই বিশ্বাস রাখতে হবে যে, তিনি সবকিছু দেখছেন। এই উপলব্ধি মানুষের মধ্যে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, ইবাদতে একনিষ্ঠতা ও নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করে।

হাদিসের অপর অংশে কিয়ামতের সময় ও আলামত সম্পর্কে জিবরাইল (আ.)-এর প্রশ্নের প্রসঙ্গও আলোচনা করা হয়। হাদিসের শেষাংশে রাসুলুল্লাহ (সা.) জানান, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ফেরেশতা জিবরাইল (আ.) এভাবে প্রশ্ন করেছিলেন।

আলোচনায় ইসলাম, ঈমান ও ইহসানের সমন্বিত শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশুদ্ধ আকিদা, শুদ্ধ আমল ও উত্তম চরিত্র গঠনে দ্বীনি জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিশিষ্ট এই আলেমের শুভাগমন ও জ্ঞানগর্ভ আলোচনা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আয়োজন হয়ে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%