ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পশুপাখির প্রতি সদয় আচরণের পরামর্শ প্রধানমন্ত্রীর


শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পশুপাখির প্রতি সদয় আচরণের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা রক্ষা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সকল প্রাণীর প্রতি সদয় আচরণের বিষয়ে পরামর্শ প্রদান করেছেন। তিনি নতুন প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই পরামর্শগুলো দেন।

জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক এবং অভিভাবক প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া, দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তিনটি বিশেষ পরামর্শ দেন। প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। পরে তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র হারিয়ে পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ইবিতে ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র হারিয়ে পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ বর্ষের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্রের সন্ধান মেলেনি। এ কারণে আইন বিভাগের কর্তৃপক্ষ একটি কোর্সের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় 'Law of Civil Procedure- II' (কোর্স নং: 0421 4201) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময়ে প্রবেশপত্র ও খাতা বিভাগের কাছে পৌঁছাতে না পারায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষার জন্য ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম সংগ্রহ করে পূরণ করে বিভাগে জমা দিতে বলা হয়। শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করেন। ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই-বাছাই শেষে প্রশাসনের হিসাব শাখায় জমা দেওয়া হয়। তবে শহীদ আনাস হলের ৮ এবং লালন শাহ হলের ৭ শিক্ষার্থীর প্রবেশপত্রের হদিস প্রশাসনে পাওয়া যায়নি।

নথিপত্র অনুযায়ী, ৮ নভেম্বর শহীদ আনাস হল থেকে হিসাব শাখার অস্থায়ী কর্মচারী আনিচুর রহমান প্রবেশপত্রগুলো গ্রহণ করেন। কিন্তু সেগুলো দাপ্তরিক রেজিস্টারে নথিভুক্ত হয়নি।

তথ্য অনুযায়ী, হিসাব-শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন আরেক অস্থায়ী কর্মচারী রাজুর মাধ্যমে প্রবেশপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ১১৬ নং কক্ষে নিয়ে যান। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দাবি, তারা ওই বর্ষের শিক্ষার্থীদের কোনো ফরম বা প্রবেশপত্র গ্রহণ করেনি।

আইন বিভাগের সূত্রে জানা যায়, এই পরিস্থিতির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে চলবে।

শহীদ আনাস হলের কর্মচারী লিটন বলেন, বিভাগ থেকে প্রবেশপত্র আসার পর যাচাই-বাছাই শেষে ৮ নভেম্বর প্রশাসনে পাঠানো হয়। হিসাব শাখার কর্মচারী আনিচুর রহমান সেগুলো স্বাক্ষর করে গ্রহণ করেছেন। হলের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।

হিসাব শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন জানান, যে কর্মচারী প্রবেশপত্র সংগ্রহ করেছে, তার স্ট্রোক হওয়ায় সে দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেন প্রবেশপত্রের কাজগুলো দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠাতে বললে রাজুকে দিয়ে পাঠানো হয়।

তবে এ বিষয়ে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেনকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখার উপর রেজিস্ট্রার পিন্টু লাল দত্ত জানান, শনিবার পর্যন্ত তিনি ২১টি ফরম পাননি। আজ তার হাতে ১৫ জনের প্রবেশপত্র আসেনি। বাকিদের প্রবেশপত্র প্রস্তুত রয়েছে।

পরীক্ষার আগমুহূর্তে এমন অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, প্রশাসনের এই অব্যবস্থাপনা ও অপেশাদার আচরণের কারণে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেন, শিক্ষার্থীরা সব ধরনের নিয়ম মেনে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিরা কোথায় কী গাফিলতি করেছেন, তা তার জানা নেই। তিনি চান পরীক্ষাগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান মাসুদুল হক জানান, হিসাব শাখা থেকে যথাসময়ে পত্রগুলো না পাওয়ায় আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে বিষয়টি সমাধান করা হবে এবং যথানিয়মে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদয়-লিটনের ব্যাটে বাংলাদেশের লড়াকু সেশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


হৃদয়-লিটনের ব্যাটে বাংলাদেশের লড়াকু সেশন

বাংলাদেশ চা-বিরতিতে যাওয়ার আগে আরেক দফা লড়াই করে সেশনটি শেষ করেছে। অসাধারণ ধৈর্য ও দৃঢ়তায় ভরা একটি ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়, অন্যদিকে লিটন দাস তাকে দিচ্ছেন দারুণ সঙ্গ। দুজন কখনো কখনো আক্রমণাত্মক ব্যাটিং করে চাপ কমিয়েছেন।

প্রথম সেশনে সফরকারীরা ৩ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে তারা হারিয়েছে দুই উইকেট। বাংলাদেশের রান ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪।

অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে হৃদয় ৬৬ রানে এবং লিটন ৩০ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় সেশনে দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। তিনি অতিরিক্ত বাউন্স আদায় করে এবং নিখুঁত লেন্থে বল করে আরও দুটি উইকেট তুলে নিয়েছেন, ফলে পূর্ণ করেছেন নিজের পাঁচ উইকেট।

তবে রাবাদার স্পেলের বাইরে দক্ষিণ আফ্রিকার অন্য বোলাররা জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের উইকেট থেকে খুব বেশি সুবিধা পেতে পারেননি, যদিও মাঝে মাঝে উইকেটটি কিছুটা খামখেয়ালি আচরণের ইঙ্গিত দিয়েছে।

সেশনের শুরু থেকেই রাবাদা তানজিদ ও হৃদয়কে স্বস্তিতে খেলতে দেননি। এই পেসারই শেষ পর্যন্ত আবারও বাংলাদেশের বিপদের কারণ হয়ে দাঁড়ালেন। টানা দুই বলে ফিরলেন তানজিদ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

রাবাদার বাইন্সর টেনে উইকেটে এসে বোল্ড হয়েছেন তানজিদ। হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি ভেঙে যায়। পরের বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দেন মুশফিক। ৩ উইকেটে ১২১ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেটে ১২১।

হৃদয়ের (৭৩ বলে ৩৪*) নতুন সঙ্গী লিটন দাস।

তানজিদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রথম ঘণ্টায় তিন উইকেট হারানোর পর বিপদ আর বাড়তে দেননি তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।

৭৯ বলে পঞ্চাশ স্পর্শ করে ৮২ বলে ৯ চারে ৫১ রানে খেলছেন তানজিদ। ৪৩ বলে দুই চারে ২৩ রানে ব্যাট করছেন হৃদয়। ২২ রানে ৩ উইকেট হারানোর পর ১০৩ বলে তারা যোগ করেছেন ৬৯ রান।

মাহফিজুল ইসলাম অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছেন। শূন্য রানে থেমেছেন অভিজ্ঞ মুমিনুল হক। দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

মাহফিজুলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড, শুরুতেই নড়বড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক অভিষেকটি দুঃস্বপ্নের মতো হলো মাহফিজুল ইসলামের। তার মতো রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হকও। কাগিসো রাবাদা তাদের ফিরিয়ে বাংলাদেশের শুরুটা নড়বড়ে করে দিয়েছেন।

রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মাহফিজুল। ২২ বছর বয়সী ব্যাটসম্যান বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন।

অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার- ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম।

টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ক্রিকেটার মাহফিজুল। তার আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন।

টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হয়েছেন রাবাদা। তার আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছিলেন।

নিজের পরের ওভারে মুমিনুল হককে কট বিহাইন্ড করেন রাবাদা। ফেরার ম্যাচে ৭ বলে শূন্য রানে আউট হলেন মুমিনুল।

তৃতীয় ওভারে ২ রানে ২ উইকেট হারানো দলটি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (২২ বলে ১২) হারায় দলীয় ২২ রানে। দলীয় নবম ও রাবাদার পঞ্চম ওভারে বোল্ড হয়ে যান শান্ত।

ওপেনার তানজিদ হাসানের (২৩ বলে ৯*) নতুন সঙ্গী তাওহিদ হৃদয়।

সবশেষ: বাংলাদেশ ৯ ওভারে ২২/৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। মাহফিজুল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হচ্ছে এই ম্যাচে, তিনি বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার।

জোহানেসবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বেলা ২টায়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, টস জিতে তিনিও ব্যাটিং নিতেন।

একাদশ সাজিয়েছে বাংলাদেশ তিন পেসারের সঙ্গে এক স্পিনার নিয়ে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

মাহফিজুল ওপেনিংয়ে। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দুই জন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মাহফিজুল। চলতি জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী ওপেনার করেছেন ৬৭২ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিন ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান খুবই নাজুক। এখন পর্যন্ত খেলা আট টেস্টের পাঁচটিই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয় ২২০, ৩৩২ ও ৩৩৩ রানে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৪ : রোববার, তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানি ড্রোন হামলার ফলে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বাহরাইন, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সাইরেন বাজানো হয় এবং দেশটির কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক সতর্কবার্তা জারি করে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড) জানিয়েছে, তারা এই মরুভূমির দ্বীপ রাষ্ট্রের একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে একটি বড় নৌঘাঁটিসহ বেশ কিছু মার্কিন সামরিক সুবিধা রয়েছে।

বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ‘তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা প্রদান করেছে’।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।

৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হায়াত ইব্রাহিম এএফপি-কে বলেন, ‘আমি ঠিক যা আশা করছিলাম যে ঘটবে না, সেটাই ঘটল : সমস্ত উদ্বেগ ও অনিশ্চয়তা নিয়ে ইরানি হামলা আবারও শুরু হয়ে গেল’।

শুক্রবারও বাহরাইনে ইরান ড্রোন হামলা চালায়, যা ছিল তেল-সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর ওপর গত সেপ্টেম্বরের পর প্রথম হামলা।

বিগত আট মাসের যুদ্ধে এই অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর প্রায় ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় অধিবাসীরা সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে ‘বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে খবর পর্যবেক্ষণ করতে’ নির্দেশ দিয়েছে।

রাজধানী মানামার একজন দোকানদার মোহাম্মদ আবদুল্লাহ রাতের বেলা এই হামলার শব্দ শুনতে পান। তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, এই দুঃসময় পেছনে ফেলে এসেছি। আর এমন ঘটনা ঘটবে না।’

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের রেভোল্যুশনারি গার্ডস বলেছে যে একটি হেলিপ্যাড ঘাঁটির মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোনগুলো চালানো হয়েছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে আমেরিকান এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হোরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমেরিকান শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইন "তার ভূখণ্ডকে হিসেব মেটানোর ময়দানে পরিণত করা প্রত্যাখান করছে এবং এই হামলার জন্য ইরানকে পূর্ণত দায়ী করছে"।

আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইরান হোরমুজ প্রণালীর তেল বাণিজ্য পথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে এবং পুরো অঞ্চলে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি সুবিধা ও মার্কিন সম্পদসহ বিভিন্ন পরিকাঠামোয় হামলা চালিয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো হাজার হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে।

শুক্রবার হোরমুজের কিশম দ্বীপে আমেরিকান হামলার পর রেভোল্যুশনারি গার্ডস জানায়, তাদের বাহিনী বাহরাইনের একটি মার্কিন প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা শুক্রবারের হামলায় দুটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্টকম গত মাসে জানিয়েছিল যে তারা গ্রীষ্মকাল থেকে হোরমুজ প্রণালী হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১.৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের জন্য আংশিকভাবে এই ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প চলতি সপ্তাহে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন।

মাসের পর মাস ধরে চলা কূটনীতিও এই যুদ্ধ মেটাতে ব্যর্থ হয়েছে, যা শুরু হয়েছিল মার্কিন-ইসরায়েলি আকস্মিক হামলার মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মালয়েশিয়ায় পাঠানোর সমস্ত খরচ সরকার বহন করবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী সংসদে জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও স্পষ্ট করেন যে, এই দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ সরকার বহন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%