ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন


ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৪ : রোববার, তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানি ড্রোন হামলার ফলে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বাহরাইন, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সাইরেন বাজানো হয় এবং দেশটির কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক সতর্কবার্তা জারি করে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড) জানিয়েছে, তারা এই মরুভূমির দ্বীপ রাষ্ট্রের একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে একটি বড় নৌঘাঁটিসহ বেশ কিছু মার্কিন সামরিক সুবিধা রয়েছে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ‘তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা প্রদান করেছে’।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।

৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হায়াত ইব্রাহিম এএফপি-কে বলেন, ‘আমি ঠিক যা আশা করছিলাম যে ঘটবে না, সেটাই ঘটল : সমস্ত উদ্বেগ ও অনিশ্চয়তা নিয়ে ইরানি হামলা আবারও শুরু হয়ে গেল’।

শুক্রবারও বাহরাইনে ইরান ড্রোন হামলা চালায়, যা ছিল তেল-সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর ওপর গত সেপ্টেম্বরের পর প্রথম হামলা।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

বিগত আট মাসের যুদ্ধে এই অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর প্রায় ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় অধিবাসীরা সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে ‘বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে খবর পর্যবেক্ষণ করতে’ নির্দেশ দিয়েছে।

রাজধানী মানামার একজন দোকানদার মোহাম্মদ আবদুল্লাহ রাতের বেলা এই হামলার শব্দ শুনতে পান। তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, এই দুঃসময় পেছনে ফেলে এসেছি। আর এমন ঘটনা ঘটবে না।’

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের রেভোল্যুশনারি গার্ডস বলেছে যে একটি হেলিপ্যাড ঘাঁটির মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোনগুলো চালানো হয়েছিল।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে আমেরিকান এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হোরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমেরিকান শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইন "তার ভূখণ্ডকে হিসেব মেটানোর ময়দানে পরিণত করা প্রত্যাখান করছে এবং এই হামলার জন্য ইরানকে পূর্ণত দায়ী করছে"।

আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইরান হোরমুজ প্রণালীর তেল বাণিজ্য পথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে এবং পুরো অঞ্চলে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি সুবিধা ও মার্কিন সম্পদসহ বিভিন্ন পরিকাঠামোয় হামলা চালিয়েছে।

আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো হাজার হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে।

শুক্রবার হোরমুজের কিশম দ্বীপে আমেরিকান হামলার পর রেভোল্যুশনারি গার্ডস জানায়, তাদের বাহিনী বাহরাইনের একটি মার্কিন প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা শুক্রবারের হামলায় দুটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্টকম গত মাসে জানিয়েছিল যে তারা গ্রীষ্মকাল থেকে হোরমুজ প্রণালী হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১.৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের জন্য আংশিকভাবে এই ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প চলতি সপ্তাহে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন।

মাসের পর মাস ধরে চলা কূটনীতিও এই যুদ্ধ মেটাতে ব্যর্থ হয়েছে, যা শুরু হয়েছিল মার্কিন-ইসরায়েলি আকস্মিক হামলার মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মালয়েশিয়ায় পাঠানোর সমস্ত খরচ সরকার বহন করবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী সংসদে জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও স্পষ্ট করেন যে, এই দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ সরকার বহন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর নতুন করে সেই মামলার বিচার বা পুনর্বিচারের আইনগত সুযোগ নেই, এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন যে, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন শেখ হাসিনা।

রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে ‘নোট ভারবাল’ বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে। পরবর্তীতে এই বিষয়ে একাধিকবার ভারত সরকারের কাছে তাগাদা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি কিভাবে দেখছে, এ নিয়ে গত ১২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। এর মধ্যে একটি হলো, চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার বা আপিল করার সুযোগ দেওয়ার নিশ্চয়তা। বিবিসির বরাত দিয়ে গত শনিবার (১৪ নভেম্বর) ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন প্রতিবেদন প্রকাশ করেছে।

টেলিগ্রাফের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একে ‘উদ্ভট’ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ের দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এই জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’

আমিনুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, ‘ভারত সরকার যে সরকার এডভাইস করতেছে (পুনর্বিচারের), ভারত তো এই মামলার ট্রায়াল প্রসিডিং (বিচারিক কার্যক্রম) শুরু থেকেই জানে। তাদের আশ্রয়ে- প্রশ্রয়ে আসামি আছেন। ভারত তখন কেন তাদের অতিথিকে (শেখ হাসিনাকে) এডভাইস করলেন না যে, আপনি (শেখ হাসিনা) বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন। অথবা কেন বললেন না যে আপনি ইন টাইম (নির্ধারিত সময়ের মধ্যে) গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। আর এখন এসে আবার আমাদেরকে এডভাইস করছেন যে আপনি ডিনোভো ট্রায়াল করেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুসারে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় গত বছর ১৭ নভেম্বর দেওয়া হয়েছে। সে হিসাবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে।

আইনটি যে আওয়ামী লীগ শাসনামলে প্রণয়ন করা হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘২০১০ সালে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং কার্যপ্রণালি বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ওই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার আপিলের বিধানসংক্রান্ত কোনো ধারা পরিবর্তন করেনি। আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই বিচার হচ্ছে। আইন অনুমতি না দিলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর, কেউই আপিলের (শেখ হাসিনাকে) সুযোগ দিতে পারেন না।’

রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাব দেওয়া তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানান চিফ প্রসিকিউটর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিল ভারত

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : রবিবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে পরাজিত করে ভারত সিরিজটি ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে। এই জয়ের ফলে সফরকারীরা সিরিজ নিশ্চিত করে।

নিউজিল্যান্ড ২১০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাতে থাকে। সিরিজ সমতায় ফেরানোর চেষ্টা করতে গিয়ে তারা ৪৯তম ওভারের আগেই ১৮৭ রানে অলআউট হয়ে যায়। এর ফলে সাত বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল স্বাগতিকরা।

মাউন্ট মঙ্গানুইয়ের পেস সহায়ক পরিবেশে ভারতের পেসাররা অসাধারণ বোলিং প্রদর্শন করেন। আর্শদীপ সিং নেতৃত্বে ১০ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। এই সিরিজে তাঁর মোট উইকেটের সংখ্যা ৮।

ম্যাচের শুরুতেই চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করা উইল ইয়ংকে ২২ রানে এবং নিক কেলিকে ২৪ রানে আউট করে স্বাগতিকদের চাপে ফেলেন ২৭ বছর বয়সী আর্শদীপ। এরপর অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে ১৬ রানে ফিরিয়ে নিউজিল্যান্ডের শেষ দিকের প্রতিরোধ ভেঙে দেন তিনি। রান তাড়ায় দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট।

এর আগে নিউজিল্যান্ডের বোলার জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নিলে ভারত ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়। রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত ফিরে যাওয়ার পর ভারত ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষান, যারা দুজনই ৪৬ রান করেন।

সিরিজের পুরো সময় ব্যাটারদের রান পেতে সংগ্রাম করতে হয়েছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দুই ম্যাচ জিতে ভারত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর শুক্রবার চতুর্থ ওয়ানডেতে ভারতকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ২৪৪ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের পরিবর্তনশীল আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দলের সামর্থ্যের প্রশংসা করেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একই পরিস্থিতির মুখোমুখি হয়েই ভারত টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল।

তিনি মন্তব্য করেন, ‘আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আজ আমরা বিশ্বাস ধরে রেখেছিলাম, যদিও খুব বেশি রান করতে পারিনি।’

আইয়ার আরও বলেন, ‘পুরো সিরিজটি ব্যাটারদের জন্য ছিল না। বোলাররা যেভাবে বল করেছে, তারা প্রয়োজনের সময় নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।’

নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার বিশ্বাস করেছিলেন যে তাঁর দল লক্ষ্য তাড়া করতে সক্ষম হবে। তবে উইকেটটি তাঁর ধারণার চেয়ে বেশি দ্রুত গতির ছিল বলে জানান তিনি। ভারতের পেস আক্রমণ সেই সুবিধা কাজে লাগিয়েছে।

স্যান্টনার বলেন, ‘আমার মনে হয়েছে, আজ রাতেও তারা দারুণ বোলিং করেছে। চার পেসারই মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট তুলে নিতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘কিছু সময় পরিস্থিতি বেশ কঠিন ছিল। আর্শদীপকে সঠিক সময়ে আবার বোলিংয়ে ফিরিয়েছে তারা।’

‘এটি ছিল অসাধারণ বোলিং পারফরম্যান্স। তারা আমাদের দারুণভাবে চাপে রেখেছিল। বাউন্সারের ব্যবহারও ছিল চমৎকার।’

ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পাওয়ায় সোমবার এক্স-রে করাতে হবে বলে জানিয়েছেন স্যান্টনার। ফলে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের পলাতক আসামিদের ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


আ. লীগের পলাতক আসামিদের ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা প্রতিরোধের জন্য যশোর ও সাতক্ষীরা সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর শহরের ঝুমঝুমপুরে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় দুই থেকে তিন স্তরে গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলছে। নাইট ভিশন গগলস, বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা, থার্মাল ড্রোন ক্যামেরা এবং সার্চলাইটের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করে ২৪ ঘণ্টা টহল দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুজবের প্রেক্ষিতে পলাতক আসামিরা দেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিষিদ্ধ দলের বেশির ভাগ পলাতক নেতা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তারা যশোর ও সাতক্ষীরা সীমান্ত ব্যবহার করে দেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এ কারণে দুই জেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, এ বিষয়ে সরকারি ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য রয়েছে। সীমান্ত এলাকার রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি জানান, সীমান্তে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নতুন বা অপরিচিত কাউকে দেখা গেলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতবিনিময় সভায় বিজিবির ৪৯ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%