০৭:৫৪ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ বর্ষের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্রের সন্ধান মেলেনি। এ কারণে আইন বিভাগের কর্তৃপক্ষ একটি কোর্সের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় 'Law of Civil Procedure- II' (কোর্স নং: 0421 4201) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময়ে প্রবেশপত্র ও খাতা বিভাগের কাছে পৌঁছাতে না পারায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষার জন্য ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম সংগ্রহ করে পূরণ করে বিভাগে জমা দিতে বলা হয়। শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করেন। ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই-বাছাই শেষে প্রশাসনের হিসাব শাখায় জমা দেওয়া হয়। তবে শহীদ আনাস হলের ৮ এবং লালন শাহ হলের ৭ শিক্ষার্থীর প্রবেশপত্রের হদিস প্রশাসনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
নথিপত্র অনুযায়ী, ৮ নভেম্বর শহীদ আনাস হল থেকে হিসাব শাখার অস্থায়ী কর্মচারী আনিচুর রহমান প্রবেশপত্রগুলো গ্রহণ করেন। কিন্তু সেগুলো দাপ্তরিক রেজিস্টারে নথিভুক্ত হয়নি।
তথ্য অনুযায়ী, হিসাব-শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন আরেক অস্থায়ী কর্মচারী রাজুর মাধ্যমে প্রবেশপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ১১৬ নং কক্ষে নিয়ে যান। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দাবি, তারা ওই বর্ষের শিক্ষার্থীদের কোনো ফরম বা প্রবেশপত্র গ্রহণ করেনি।
আইন বিভাগের সূত্রে জানা যায়, এই পরিস্থিতির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে চলবে।
শহীদ আনাস হলের কর্মচারী লিটন বলেন, বিভাগ থেকে প্রবেশপত্র আসার পর যাচাই-বাছাই শেষে ৮ নভেম্বর প্রশাসনে পাঠানো হয়। হিসাব শাখার কর্মচারী আনিচুর রহমান সেগুলো স্বাক্ষর করে গ্রহণ করেছেন। হলের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
হিসাব শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন জানান, যে কর্মচারী প্রবেশপত্র সংগ্রহ করেছে, তার স্ট্রোক হওয়ায় সে দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেন প্রবেশপত্রের কাজগুলো দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠাতে বললে রাজুকে দিয়ে পাঠানো হয়।
তবে এ বিষয়ে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেনকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক শাখার উপর রেজিস্ট্রার পিন্টু লাল দত্ত জানান, শনিবার পর্যন্ত তিনি ২১টি ফরম পাননি। আজ তার হাতে ১৫ জনের প্রবেশপত্র আসেনি। বাকিদের প্রবেশপত্র প্রস্তুত রয়েছে।
পরীক্ষার আগমুহূর্তে এমন অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, প্রশাসনের এই অব্যবস্থাপনা ও অপেশাদার আচরণের কারণে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেন, শিক্ষার্থীরা সব ধরনের নিয়ম মেনে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিরা কোথায় কী গাফিলতি করেছেন, তা তার জানা নেই। তিনি চান পরীক্ষাগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান মাসুদুল হক জানান, হিসাব শাখা থেকে যথাসময়ে পত্রগুলো না পাওয়ায় আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে বিষয়টি সমাধান করা হবে এবং যথানিয়মে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন