বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩০ পি.এম
মানিকগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। জেলা জুড়ে জনজীবন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। স্কুল, কলেজ এবং আদালত প্রাঙ্গণে অন্যান্য দিনের মতোই মানুষের উপস্থিতি ছিল। ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।
এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৎপর রয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে লালমনিরহাটের পথে রওনা হয়েছেন। এটি একটি সীমান্তঘেঁষা জেলা, যা উত্তরের দিকে অবস্থিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের দিকে যাত্রা শুরু করেন।
এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং ক্যাম্পাস পরিদর্শন করবেন। এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
এরপর, প্রধানমন্ত্রী মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে, লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণের পর, আজ সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা তাদের নিজ নিজ কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগদান করে উৎপাদন শুরু করেছেন। বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে, মালিকপক্ষ আজকের জন্য ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশ জানায়, প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, সকালে সাভার বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনায় পালিয়ে যাওয়ার সময় শাহীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার সাভারে ফুটওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় শাহিন (৪০) নামে এক যুবক জনতার হাতে আটক হন। পরে গণপিটুনির শিকার হয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে ছায়াবিথী আমতলা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভারব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালানোর চেষ্টা করেন শাহিন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশের ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপ করে পালানোর সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনের চুরির অভিযোগের পেছনে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। শহরের বলাকা ক্লিনিক থেকে জন্ম নেওয়া যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে (তদন্ত প্রতিবেদনের স্মারক নম্বর: উপ/স্বাস্থ্য/কমপ্লে•/নওগাঁ সদর/২৬/৩৩/৮৯৬) এই তথ্য প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করা শিশুটিকে বলাকা ক্লিনিক থেকে উধাও হওয়া শিশু নাও হতে পারে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির কাছে একটি বাচ্চা হস্তান্তর করা হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি সঠিক নয়। বেসরকারি ক্লিনিক ও ডায়াগস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির ভিত্তিতে গত ৮ নভেম্বর ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসক ও ব্যক্তিবর্গের সাক্ষ্য গ্রহণ করে গত ১৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেছে।
তদন্ত কমিটির একজন সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা: এ. এম. রেজাউল মাহমুদ তদন্ত প্রতিবেদনে লিখিত মতামতে জানান, তিনি আলোচিত রোগীনির ৩টি রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। ১০ আগস্টের রিপোর্টে মহিলার গর্ভে একটি সন্তান থাকার কথা উল্লেখ করা হয়েছে। এই রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ১২ ও ২১ অক্টোবরে করা দুটি রিপোর্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, প্রদত্ত ছবির সঙ্গে রিপোর্টের কোনো মিল নেই। ওই দুটি রিপোর্টে ২টি যমজ বাচ্চার কথা বলা হলেও ছবিতে ২টি সন্তানের কোনো ছবি নেই। যমজ বাচ্চার ক্ষেত্রে অবশ্যই ২টি বাচ্চার একসাথে অন্তত ১ বা ২টি ছবি থাকা প্রয়োজন। এরকম ছবি না থাকলে যমজ বলে প্রমাণ করা যায় না। তাই ওই দুটি রিপোর্ট সঠিক নয়। শান্তনা আক্তারের গর্ভে একটি মাত্র সন্তান ছিল।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, রোগী শান্তনা আক্তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে তার কাছে চেকআপে আসেন। তিনি রোগীর পূর্বের ২টি আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে দেখেন যে, ১টিতে ১টি বাচ্চা ও অন্যটিতে যমজ বাচ্চা দেখতে পান। তিনি পুনরায় আল্ট্রাসনোগ্রাম করাতে বলেন, সেখানেও (৩য়) রিপোর্টে যমজ বাচ্চার কথা আসে। এরপর ৫ নভেম্বর তিনি বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর তিনি ১টি বাচ্চা পান এবং বিষয়টি সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদের জানান। এছাড়া অপারেশন থিয়েটারে থাকা অন্যান্য চিকিৎসক ও সকল ব্যক্তিরা জানেন। এর প্রমাণ হিসেবে একটি ভিডিও ধারণ করা আছে।
অপারেশন দলের সহকারি সার্জন ডা. মো: আব্দুল আউয়াল তদন্ত প্রতিবেদনে বলেন, শান্তনা আক্তারের অপারেশনের সময় ১টি বাচ্চা, ১টি প্লাসেন্ট ও ১টি কর্ড পাওয়া গিয়েছিল। বাচ্চার ওজন ছিল ৩.৭ কেজি এবং বাচ্চাটি ছিল মেয়ে। সুতরাং যমজ বাচ্চা জন্মানোর বিষয়টি সঠিক নয়।
শহরের বলাকা ক্লিনিকের মালিক মো: এনামুল হক জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বলাকা ক্লিনিক সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছে। একটি মহল যমজ বাচ্চার নামে মিথ্যে তথ্য প্রচার করে ফায়দা গ্রহণের লক্ষ্যে পায়তারা করছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত না করেই মিথ্যে মামলা দায়ের করেছে। এরপর বগুড়ার আল বারাকা ক্লিনিকে সিজারিয়ান হওয়া দত্তক নেয়া বাচ্চাটিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করেন পুলিশ। তবে সেই বাচ্চাটিকে ওই গ্রামেরই এক ব্যক্তি দত্তক নিয়েছেন বলে জানা গেছে। আর পুলিশি তদন্তের মিথ্যে মামলার আসামী হিসেবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত প্রতিবেদনটি আমলে নিবেন এবং মিথ্যে মামলা থেকে তিনি রেহাই পাবেন।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম জানান, উক্ত বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠনের মাধ্যমে তদন্ত করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত অধিকতর সুষ্ঠ ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরো তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে প্রদান করা হবে। পরবর্তি পদক্ষেপ তারাই নিবেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া বাচ্চা নাও হতে পারে। তবে শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন। ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই পরীক্ষা সম্পন্ন করা হবে। এছাড়া আদালতের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকরা শিশুকে গ্রহণ করতে পারেন। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ