প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনের চুরির অভিযোগের পেছনে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। শহরের বলাকা ক্লিনিক থেকে জন্ম নেওয়া যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে (তদন্ত প্রতিবেদনের স্মারক নম্বর: উপ/স্বাস্থ্য/কমপ্লে•/নওগাঁ সদর/২৬/৩৩/৮৯৬) এই তথ্য প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করা শিশুটিকে বলাকা ক্লিনিক থেকে উধাও হওয়া শিশু নাও হতে পারে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির কাছে একটি বাচ্চা হস্তান্তর করা হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি সঠিক নয়। বেসরকারি ক্লিনিক ও ডায়াগস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির ভিত্তিতে গত ৮ নভেম্বর ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসক ও ব্যক্তিবর্গের সাক্ষ্য গ্রহণ করে গত ১৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেছে।
তদন্ত কমিটির একজন সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা: এ. এম. রেজাউল মাহমুদ তদন্ত প্রতিবেদনে লিখিত মতামতে জানান, তিনি আলোচিত রোগীনির ৩টি রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। ১০ আগস্টের রিপোর্টে মহিলার গর্ভে একটি সন্তান থাকার কথা উল্লেখ করা হয়েছে। এই রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ১২ ও ২১ অক্টোবরে করা দুটি রিপোর্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, প্রদত্ত ছবির সঙ্গে রিপোর্টের কোনো মিল নেই। ওই দুটি রিপোর্টে ২টি যমজ বাচ্চার কথা বলা হলেও ছবিতে ২টি সন্তানের কোনো ছবি নেই। যমজ বাচ্চার ক্ষেত্রে অবশ্যই ২টি বাচ্চার একসাথে অন্তত ১ বা ২টি ছবি থাকা প্রয়োজন। এরকম ছবি না থাকলে যমজ বলে প্রমাণ করা যায় না। তাই ওই দুটি রিপোর্ট সঠিক নয়। শান্তনা আক্তারের গর্ভে একটি মাত্র সন্তান ছিল।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, রোগী শান্তনা আক্তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে তার কাছে চেকআপে আসেন। তিনি রোগীর পূর্বের ২টি আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে দেখেন যে, ১টিতে ১টি বাচ্চা ও অন্যটিতে যমজ বাচ্চা দেখতে পান। তিনি পুনরায় আল্ট্রাসনোগ্রাম করাতে বলেন, সেখানেও (৩য়) রিপোর্টে যমজ বাচ্চার কথা আসে। এরপর ৫ নভেম্বর তিনি বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর তিনি ১টি বাচ্চা পান এবং বিষয়টি সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদের জানান। এছাড়া অপারেশন থিয়েটারে থাকা অন্যান্য চিকিৎসক ও সকল ব্যক্তিরা জানেন। এর প্রমাণ হিসেবে একটি ভিডিও ধারণ করা আছে।
অপারেশন দলের সহকারি সার্জন ডা. মো: আব্দুল আউয়াল তদন্ত প্রতিবেদনে বলেন, শান্তনা আক্তারের অপারেশনের সময় ১টি বাচ্চা, ১টি প্লাসেন্ট ও ১টি কর্ড পাওয়া গিয়েছিল। বাচ্চার ওজন ছিল ৩.৭ কেজি এবং বাচ্চাটি ছিল মেয়ে। সুতরাং যমজ বাচ্চা জন্মানোর বিষয়টি সঠিক নয়।
শহরের বলাকা ক্লিনিকের মালিক মো: এনামুল হক জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বলাকা ক্লিনিক সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছে। একটি মহল যমজ বাচ্চার নামে মিথ্যে তথ্য প্রচার করে ফায়দা গ্রহণের লক্ষ্যে পায়তারা করছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত না করেই মিথ্যে মামলা দায়ের করেছে। এরপর বগুড়ার আল বারাকা ক্লিনিকে সিজারিয়ান হওয়া দত্তক নেয়া বাচ্চাটিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করেন পুলিশ। তবে সেই বাচ্চাটিকে ওই গ্রামেরই এক ব্যক্তি দত্তক নিয়েছেন বলে জানা গেছে। আর পুলিশি তদন্তের মিথ্যে মামলার আসামী হিসেবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত প্রতিবেদনটি আমলে নিবেন এবং মিথ্যে মামলা থেকে তিনি রেহাই পাবেন।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম জানান, উক্ত বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠনের মাধ্যমে তদন্ত করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত অধিকতর সুষ্ঠ ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরো তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে প্রদান করা হবে। পরবর্তি পদক্ষেপ তারাই নিবেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া বাচ্চা নাও হতে পারে। তবে শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন। ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই পরীক্ষা সম্পন্ন করা হবে। এছাড়া আদালতের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকরা শিশুকে গ্রহণ করতে পারেন। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন