শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৯ পি.এম
ডেনমার্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট এবং ভয়াবহ বন্যা মোকাবিলায় ৮৯ লাখ (৮.৯ মিলিয়ন) মার্কিন ডলার জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র শীত এবং ভারী বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে এই অর্থ ব্যয় করা হবে।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এই তহবিলের মধ্যে ২ কোটি ড্যানিশ ক্রোনার (প্রায় ৩০ লাখ ডলার) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)-কে দেওয়া হবে। এই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জরুরি সহায়তায় ব্যবহার করা হবে।
এছাড়া, দেশটি আরও ৪ কোটি ড্যানিশ ক্রোনার (প্রায় ৫৯ লাখ ডলার) 'অকুপায়েড প্যালেস্টাইনিয়ান টেরিটরি হিউম্যানিটেরিয়ান ফান্ড' (OPT HF)-এ বরাদ্দ দেওয়ার ঘোষণা করেছে। এই তহবিল মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক কার্যক্রমে অর্থায়ন করে থাকে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন মন্তব্য করেছেন, “তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনের চলমান সংকটকে আরও ঘনীভূত করছে। শীতের এই মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যেন প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছায়, তা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।”
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি সেখানে অবস্থানরত লাখ লাখ মানুষের জীবনযাত্রাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে। এই দুর্ঘটনার ফলে ঘুমন্ত অবস্থায় থাকা মা-মেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ৯ বছরের শিশু সিনথিয়া মারা যায়।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটির মা আশা বেগম।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করা হয়েছে। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতকে জিততে হলে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড তাদের সামনে ৩৩৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। রান তাড়ায় নেমেই ভারতের ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। পরে এই পেসার আরও ৩টি উইকেট দখল করেন, ফলে ভারত অলআউট হয়ে যায় মাত্র ৮৯ রানে।
নিউজিল্যান্ড ২৪৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯০ রানের জয়টি শীর্ষে রয়েছে। এটি আবার ভারতের রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ বড় হার। ২৬ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তারা সর্বোচ্চ ২৪৫ রানে পরাজিত হয়েছিল।
এই পরাজয়ের পরও ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ তারা জিতেছিল, তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের শেষ ম্যাচটি ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মাউন্ট মঙ্গানুইয়ের এই ম্যাচে কিউইরা উইল ইয়ংয়ের সেঞ্চুরি ও টিম সেইফার্টের হাফসেঞ্চুরির মাধ্যমে বড় সংগ্রহ দাঁড় করায়। ইয়ং ১০৮ বল খেলে ১২৫ রান করেন এবং সেইফার্ট ৫৮ রান করেন।
রান তাড়ায় নামা ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হেনরি রানের খাতাই খুলতে দেননি। কাইল জেমিসন রুতুরাজ গাইকওয়াদের উইকেট তুলে নিয়ে ভারতের স্কোরবোর্ডে ৪/৯ যোগ করেন। ইশান কিশান, অক্ষর প্যাটেল ও নামান ধীর প্রতিরোধের চেষ্টা চালান।
কিন্তু প্যাটেল ২১, কিশান ২৭ ও ধীর ২১ রানে আউট হলে তাদের চেষ্টা ব্যর্থ হয়। ৯.৪ ওভারে ৬ উইকেট নিতে হেনরি খরচ করেন মাত্র ২৭ রান। ম্যাথিউ ফিশার ৩ উইকেট নিতে ৩১ রান দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমের পরিকল্পনা পর্যায় থেকেই নারীর নিরাপত্তা, চলাচলের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেছেন, নারীর প্রসঙ্গ পরে যুক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। শুরু থেকেই নারীদের গুরুত্ব দিতে হবে।
তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়ানোর জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য এবং বিনা খরচে অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘নীতিমালা থেকে বাস্তবায়ন: বাংলাদেশে নারীবান্ধব জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অভিজ্ঞতা, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, বিভিন্ন খাতে জলবায়ু বিষয়ক কার্যক্রম যুক্ত করা এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু কার্যক্রমে অর্থায়ন ও সহায়তা বাড়াতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
শামা ওবায়েদ বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে। প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নারীবান্ধব জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্প হওয়া উচিত নয়। বরং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
নারীরা যখন নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পান, তখন সমাজ আরও বেশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে। ভবিষ্যৎ আরও নিরাপদ হয়, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা।
ছেলের মজলিস আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে আবার কেউ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসা করাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে, আর যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ