প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা।
ছেলের মজলিস আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে আবার কেউ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসা করাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে, আর যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন