শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫০ পি.এম
রংপুরে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে। এই দুর্ঘটনার ফলে ঘুমন্ত অবস্থায় থাকা মা-মেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ৯ বছরের শিশু সিনথিয়া মারা যায়।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটির মা আশা বেগম।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করা হয়েছে। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতকে জিততে হলে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড তাদের সামনে ৩৩৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। রান তাড়ায় নেমেই ভারতের ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। পরে এই পেসার আরও ৩টি উইকেট দখল করেন, ফলে ভারত অলআউট হয়ে যায় মাত্র ৮৯ রানে।
নিউজিল্যান্ড ২৪৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯০ রানের জয়টি শীর্ষে রয়েছে। এটি আবার ভারতের রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ বড় হার। ২৬ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তারা সর্বোচ্চ ২৪৫ রানে পরাজিত হয়েছিল।
এই পরাজয়ের পরও ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ তারা জিতেছিল, তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের শেষ ম্যাচটি ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মাউন্ট মঙ্গানুইয়ের এই ম্যাচে কিউইরা উইল ইয়ংয়ের সেঞ্চুরি ও টিম সেইফার্টের হাফসেঞ্চুরির মাধ্যমে বড় সংগ্রহ দাঁড় করায়। ইয়ং ১০৮ বল খেলে ১২৫ রান করেন এবং সেইফার্ট ৫৮ রান করেন।
রান তাড়ায় নামা ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হেনরি রানের খাতাই খুলতে দেননি। কাইল জেমিসন রুতুরাজ গাইকওয়াদের উইকেট তুলে নিয়ে ভারতের স্কোরবোর্ডে ৪/৯ যোগ করেন। ইশান কিশান, অক্ষর প্যাটেল ও নামান ধীর প্রতিরোধের চেষ্টা চালান।
কিন্তু প্যাটেল ২১, কিশান ২৭ ও ধীর ২১ রানে আউট হলে তাদের চেষ্টা ব্যর্থ হয়। ৯.৪ ওভারে ৬ উইকেট নিতে হেনরি খরচ করেন মাত্র ২৭ রান। ম্যাথিউ ফিশার ৩ উইকেট নিতে ৩১ রান দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমের পরিকল্পনা পর্যায় থেকেই নারীর নিরাপত্তা, চলাচলের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেছেন, নারীর প্রসঙ্গ পরে যুক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। শুরু থেকেই নারীদের গুরুত্ব দিতে হবে।
তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়ানোর জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য এবং বিনা খরচে অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘নীতিমালা থেকে বাস্তবায়ন: বাংলাদেশে নারীবান্ধব জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অভিজ্ঞতা, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, বিভিন্ন খাতে জলবায়ু বিষয়ক কার্যক্রম যুক্ত করা এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু কার্যক্রমে অর্থায়ন ও সহায়তা বাড়াতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
শামা ওবায়েদ বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে। প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নারীবান্ধব জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্প হওয়া উচিত নয়। বরং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
নারীরা যখন নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পান, তখন সমাজ আরও বেশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে। ভবিষ্যৎ আরও নিরাপদ হয়, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা।
ছেলের মজলিস আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে আবার কেউ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসা করাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে, আর যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বছরের পর বছর ধরে স্তন ক্যানসারের প্রধান লক্ষণ হিসেবে ধরা হচ্ছে স্তনে কোনো চাকা বা টিউমার হওয়া। এই সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এর ফলে বিশ্বব্যাপী মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
কিন্তু ক্যানসার বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, স্তন ক্যানসারের আরও অনেক লক্ষণ রয়েছে, যা চাকা ছাড়াই প্রকাশ পেতে পারে। তাই ‘চাকা নেই মানে ক্যানসার নেই’—এমন ধারণা পোষণ করা একেবারেই নিরাপদ নয়।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে অবস্থিত বিখ্যাত ক্যানসার চিকিৎসা কেন্দ্র সিটি অব হোপের মেডিকেল অনকোলজিস্ট ডা. সিনথিয়া লিঞ্চের পরামর্শ হলো, কেবল হাত শরীরের পাশে ঝুলিয়ে রাখলেই সবকিছু দেখা যায় না। হাত কোমরে রেখে বা ওপরে তুলে বিভিন্ন ভঙ্গিতে স্তন পরীক্ষা করা উচিত।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্তনে পাওয়া ৮০ থেকে ৯০ শতাংশ চাকাই ক্যানসারমুক্ত বা বিনাইন। এ কারণে স্তনে কোনো চাকা বা অস্বাভাবিকতা অনুভব করলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না।
স্তনে চাকা হয় কেন
স্তনে নানা কারণে চাকা দেখা দিতে পারে। ফাইব্রোঅ্যাডিনোমা, এটি এমন এক ধরনের ক্যানসারমুক্ত টিউমার বা অবশিষ্ট অংশ, যা সাধারণত কম বয়সি নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আবার তরলভর্তি থলের কারণে স্তনে চাকা অনুভূত হতে পারে; যাকে বলা হয় ব্রেস্ট সিস্ট। এ ক্ষেত্রে অনেক সময় স্তনে সংবেদনশীলতা বা ব্যথা অনুভূত হয়ে থাকে।
হরমোনজনিত পরিবর্তনের জন্যও স্তনে চাকা হতে পারে। ভারতের বিশাখাপত্তনমের এইচসিজি ক্যানসার হাসপাতালের রেডিয়েশন অনকোলজিস্ট ডা. জয়শ্রী কুনা জানিয়েছেন, মাসিক চক্রের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় স্তন ফুলে উঠতে পারে। এ সময় চাকা বা সংবেদনশীল অনুভব হতে পারে। তবে এ সমস্যা মাসিক শেষ হওয়ার পর ঠিক হয়ে যায়।
এছাড়া ম্যাস্টাইটিসের মতো কিছু সংক্রমণের কারণে স্তনে ব্যথাযুক্ত ফোলাভাব, লালচে ভাব ও উষ্ণতা দেখা দিতে পারে। সাধারণত এসব সমস্যা স্তন্যদানকারী নারীদের মধ্যে বেশি দেখা যায়। এসব সমস্যার বেশিরভাগই ক্ষতিকর নয়। তবে শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করে চাকাটি ক্যানসারমুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায় না। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন ডা. জয়শ্রী।
কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি স্তনে নতুন কোনো চাকা দেখা দেয়, তাহলে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করা উচিত, যদিও তাতে কোনো ব্যথা না থাকলেও। পাশাপাশি কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। যেমন- স্তনের আকার হঠাৎ পরিবর্তন, ত্বকে টোল পড়া, বোঁটা ভেতরের দিকে যাওয়া, বোঁটা দিয়ে অস্বাভাবিক তরল নির্গমন হওয়া এবং বগলে কোনো চাকা বা ফুলে ওঠার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।
চাকা ছাড়াই স্তন ক্যানসারের যেসব লক্ষণ দেখা দিতে পারে, তার একটি বিবরণ নিচে দেওয়া হলো-
১. নিপলের পরিবর্তন
নিপলের আশপাশে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া দরকার। বিশেষ করে নিপল যদি হুট করে ভেতরের দিকে ঢুকে যায় (যাকে নিপল রিট্রাকশন বলা হয়), তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণ বা স্বাভাবিক নিঃসরণ এক জিনিস, কিন্তু স্তনবৃন্ত বা নিপল থেকে যদি অস্বাভাবিক, রক্তমিশ্রিত বা অনবরত তরল বের হতে থাকে—যেমন পোশাকে রক্তের দাগ লাগে—তবে তা অবহেলা করা একদমই ঠিক নয়।
৩. ত্বক কুঁচকে যাওয়া বা কমলার খোসার মতো হওয়া
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পো ডিঅরেঞ্জ’। স্তনের ত্বক যদি হঠাৎ কমলার খোসার মতো কুঁচকে যায় বা পুরু হয়ে যায়, তবে তা একটি বড় নেতিবাচক সংকেত। এটি ‘ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসার’ (আইবিসি) নামক এক ধরনের দুর্লভ কিন্তু আক্রমণাত্মক ক্যানসারের লক্ষণ। এই ক্যানসারের ক্ষেত্রে সাধারণত কোনো চাকা থাকে না এবং ম্যামোগ্রামেও এটি ধরা নাও পড়তে পারে। এর সঙ্গে ত্বকে র্যাশ, চুলকানি, স্তন বেশি গরম অনুভূত হওয়া বা এক স্তন অন্যটির চেয়ে বড় বা ভারি লাগার মতো লক্ষণ থাকতে পারে।
৪. নিপলে না সারার মতো ঘা
নিপল লালচে হওয়া, আঁইশ ওঠা, খোসা ওঠা কিংবা নিপল থেকে তরল বা রক্ত পড়ার মতো দীর্ঘস্থায়ী পরিবর্তন ‘প্যাজেটস ডিজিজ অব দ্য ব্রেস্ট’-এর লক্ষণ হতে পারে। এটি স্তন ক্যানসারের আরেকটি দুর্লভ রূপ, যা সাধারণত নিপল থেকে শুরু হয়।
৫. বগলে ফোলা বা অস্বাভাবিক কিছু অনুভব করা
কখনো কখনো স্তনে কোনো পরিবর্তন বা চাকা অনুভূত না হলেও বগলে বা ঘাড়ের নিচের দিকে কিছু ফুলে থাকা বা অস্বাভাবিক কিছু ঠেকতে পারে। এর অর্থ হলো ক্যানসার কোষগুলো লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে স্তন থেকে বগলের লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে।
৬. চাকা ছাড়াই স্তনে ব্যথা
স্তনে কোনো দৃশ্যমান বা শারীরিক চাকা না থাকলেও ব্যথা হতে পারে, যাকে মাসট্যালজিয়া বলা হয়। মাসিক চক্রের হরমোনজনিত পরিবর্তন, গর্ভাবস্থা বা সাধারণ ইনফেকশনের কারণে এমনটা প্রায়ই ঘটে।
যদিও কিছু ক্ষেত্রে ক্যানসারের সঙ্গে ব্যথা থাকতে পারে, তবে কেবল ব্যথাই সবসময় ক্যানসারের লক্ষণ নয়। তবে ব্যথা যদি বাম স্তনে হয় এবং তা হার্টের সমস্যার সঙ্গে সম্পর্কিত কিনা, তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিয়মিত নিজের শরীর ও স্তনের গঠন সম্পর্কে সচেতন থাকা উচিত। কোনো ধরনের অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখলে ভয় না পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপই পারে আপনাকে বড় ধরনের বিপদ থেকে নিরাপদ রাখতে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ