সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০২ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাজ্য দীর্ঘকাল ধরে বৃষ্টির দেশ হিসেবে পরিচিত। তবে, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশটি বর্তমানে একটি নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের প্রথম নতুন জলাধার হিসেবে চিহ্নিত হচ্ছে।
পোর্টসমাউথের নিকটবর্তী দক্ষিণ উপকূলের হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের নির্মাণ কাজ চলছে ৮০ কোটি পাউন্ড (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয়ে। মাটি খননের কাজ চলছে বুলডোজারের মাধ্যমে।
এ খবরটি যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে। শীতের আগমন সঙ্গে বৃষ্টি ফিরে এলেও, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও খরা পরিস্থিতি বিদ্যমান।
রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপি-কে বলেন, "যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। কীভাবে পানি সংরক্ষণ করা যায়, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, এ সমস্যা সামনে আরও বাড়বে।"
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে এবং এর তীব্রতাও বৃদ্ধি পাবে।
পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। এর মধ্যে কিছু অঞ্চলে তীব্র খরার পরিস্থিতি দেখা দিয়েছে।
বিদ্যমান জলাধারগুলোর পানির স্বল্পতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এসব জলাধারে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে ১৯ শতাংশীয় পয়েন্ট কম।
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা বাড়ছে। ফলে, এটি নীতিনির্ধারকদের জন্য একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামোর তথ্য অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার (১৩০ কোটি গ্যালন) পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে পানির বিদ্যমান উৎসগুলোর ওপর চাপ বাড়বে।
হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, "পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাত সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।"
তিনি আরও বলেন, "মূল সমস্যা সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে।"
টেলর বলেন, "জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।"
নতুন জলাধারটিতে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে। এটি যুক্তরাজ্যের পানি ব্যবস্থাপনায় পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হয়ে উঠেছে।
সরকার ২০৫০ সালের মধ্যে ৯টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতির পর গত বছর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়েছে।
প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি সোমবার (২৩ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই মন্তব্য করেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের পুনরুজ্জীবিত করতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী, একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা রয়েছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজস্থলী উপজেলায়, রাঙ্গামাটিতে সেনাবাহিনী একটি মাসিক সমন্বয় সভা আয়োজন করেছে। সভার উদ্দেশ্য ছিল পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখা, মাদকবিরোধী কার্যক্রমকে জোরদার করা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এই সভায় স্থানীয় হেডম্যান, কারবারি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান, কারবারি এবং ইউপি সদস্যরা।
সভায় পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি ও অস্থিতিশীলতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া, মাদকদ্রব্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ জানানো হয়।
অপরদিকে, এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা ও আহ্বান জানানো হয়।
স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ এবং অর্থের জোগান দেওয়ার অভিযোগে পুলিশ তিন নেতাকে গ্রেফতার করেছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব (২৭)।
দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনে জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং মো. আবুল কালাম (৪৫) পিতা মো. ইউনুস আলী ৯নং ওয়ার্ড, গফরগাঁও। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা যায়, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে যে, গ্রেপ্তারকৃত মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানিয়েছেন, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ