সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৩ পি.এম
রাজস্থলী উপজেলায়, রাঙ্গামাটিতে সেনাবাহিনী একটি মাসিক সমন্বয় সভা আয়োজন করেছে। সভার উদ্দেশ্য ছিল পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখা, মাদকবিরোধী কার্যক্রমকে জোরদার করা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এই সভায় স্থানীয় হেডম্যান, কারবারি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান, কারবারি এবং ইউপি সদস্যরা।
সভায় পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি ও অস্থিতিশীলতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া, মাদকদ্রব্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ জানানো হয়।
অপরদিকে, এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা ও আহ্বান জানানো হয়।
স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ এবং অর্থের জোগান দেওয়ার অভিযোগে পুলিশ তিন নেতাকে গ্রেফতার করেছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব (২৭)।
দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনে জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং মো. আবুল কালাম (৪৫) পিতা মো. ইউনুস আলী ৯নং ওয়ার্ড, গফরগাঁও। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা যায়, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে যে, গ্রেপ্তারকৃত মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানিয়েছেন, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিএসজি ফরোয়ার্ড দেজিরে দুয়ে একটি ভয়াবহ রাত কাটিয়েছেন। মাঠে মৌসুম শেষ করে দেওয়া গুরুতর হাঁটুর চোট পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার বাড়িতে চুরির চেষ্টা ঘটে।
ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিজিয়েন-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার নিসের বিপক্ষে পিএসজির ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়ার পর গভীর রাতে তিনি নিজের অর্গেভাল এলাকার বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার বাসভবনের বাইরের দিকে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, কিছু অনুপ্রবেশকারী দুয়ের বাড়ির বাগানে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির ভেতরে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সৌভাগ্যবশত, তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এই ঘটনার পরপরই পিএসজি দুয়ের বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করেছে। ক্লাবটি বাড়ির চারপাশে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে, যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে এবং দুয়ে নিশ্চিন্তে পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে পারেন।
এর আগে শনিবার নিসের বিপক্ষে ম্যাচে দুয়ে দুর্দান্ত পারফর্ম করছিলেন। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। কিন্তু কয়েক মিনিট পর বলের নিয়ন্ত্রণ রাখতে গিয়ে সংঘর্ষ ছাড়াই তার ডান হাঁটু মচকে যায়। তীব্র ব্যথায় কাঁদতে কাঁদতে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
রোববার পিএসজি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুয়ের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। ফলে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে ফরাসি এই ফরোয়ার্ডকে।
তার ইনজুরির খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল অঙ্গন থেকে সহানুভূতির বার্তা আসে। সাবেক পিএসজি তারকা নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়েকে উদ্দেশ করে সংক্ষিপ্ত বার্তা দেন, “শক্ত থাকো”।
দুয়ের দীর্ঘ অনুপস্থিতি পিএসজি কোচ লুইস এনরিকের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ দলের আরেক গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড খভিচা কাভারাতস্কেলিয়াও বর্তমানে এসিএল চোটে ভুগছেন। ফলে আক্রমণভাগ পুনর্গঠন করা এখন এনরিকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মাস শেষ হওয়ার আগেই দুয়ের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। মাঠের লড়াই থেকে আপাতত দূরে থাকলেও, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যে শান্ত পরিবেশেই তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকবে পিএসজি ও ফুটবলপ্রেমীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক সময় আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল জমিদারবাড়ি। তবে কালের পরিবর্তনে আজ এটি অস্তিত্ব হারাতে বসেছে। দীর্ঘকাল ধরে অবহেলা, অযত্ন এবং সংস্কারের অভাবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে এই স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। যথাযথ সংরক্ষণ করা হলে এটি এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ হতে পারে। স্থানীয়রা ঐতিহাসিক জমিদারবাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্প্রতি সরজমিনে পরিদর্শনে দেখা যায়, যেখানে এক সময় জমিদারি শাসনের জৌলুস, মানুষের পদচারণা এবং আভিজাত্যের ছোঁয়া ছিল, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। সময়ের সাথে সাথে জমিদারবাড়ির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও স্থাপনার অংশ ভেঙে পড়েছে। গাছপালা এবং আগাছায় ঢেকে যাচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন।
জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে প্রায় আড়াই যুগ ধরে জমিদারি পরিচালনা করতেন ভারতের কুচবিহার এর মহারাজা নীপেন্দ্র নারায়ন রায় এর অধীনস্থ জমিদার ধর্য্য নারায়ন, মতিলাল রায় এবং লক্ষিন্দ্র নারায়ন রায়। ১৯৫০ সালে দেশে জমিদারী প্রথা আইনগতভাবে বিলুপ্ত হয়। এর ফলে জমিদারদের জমির মালিকানা এবং খাজনা আদায়ের প্রচলিত অধিকার রাষ্ট্রের অধীনে চলে যায়।
জমিদারের নাতীরা জানান, পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর, জমিদার মতিলাল রায় ও মধুসূদন ভারতে চলে যান। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর খাজনার কারণে তাদের জমিদারি বিলুপ্ত হয়ে যায়। সরকার সম্পত্তিগুলো এনিমেনি করে দেয়। জমিগুলো যদি সরকার তাদের ফেরত দেয়, তাহলে তারা ভালোভাবে চলতে পারবেন।
সোনাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক রতন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় জমিদারবাড়ীটির ঐতিহাসিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি সংস্কার হলে একটি পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জমিদারের বাড়ি ও মন্দির পরিদর্শন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড় যেহেতু পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা, সেহেতু প্রত্নতত্ত্ব ও পর্যটনের জায়গা হিসেবে নির্ধারণ করা হলে, পর্যটন খাত আরো এগিয়ে যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ