প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাজ্য দীর্ঘকাল ধরে বৃষ্টির দেশ হিসেবে পরিচিত। তবে, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশটি বর্তমানে একটি নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের প্রথম নতুন জলাধার হিসেবে চিহ্নিত হচ্ছে।
পোর্টসমাউথের নিকটবর্তী দক্ষিণ উপকূলের হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের নির্মাণ কাজ চলছে ৮০ কোটি পাউন্ড (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয়ে। মাটি খননের কাজ চলছে বুলডোজারের মাধ্যমে।
এ খবরটি যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে। শীতের আগমন সঙ্গে বৃষ্টি ফিরে এলেও, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও খরা পরিস্থিতি বিদ্যমান।
রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপি-কে বলেন, "যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। কীভাবে পানি সংরক্ষণ করা যায়, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, এ সমস্যা সামনে আরও বাড়বে।"
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে এবং এর তীব্রতাও বৃদ্ধি পাবে।
পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। এর মধ্যে কিছু অঞ্চলে তীব্র খরার পরিস্থিতি দেখা দিয়েছে।
বিদ্যমান জলাধারগুলোর পানির স্বল্পতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এসব জলাধারে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে ১৯ শতাংশীয় পয়েন্ট কম।
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা বাড়ছে। ফলে, এটি নীতিনির্ধারকদের জন্য একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামোর তথ্য অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার (১৩০ কোটি গ্যালন) পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে পানির বিদ্যমান উৎসগুলোর ওপর চাপ বাড়বে।
হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, "পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাত সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।"
তিনি আরও বলেন, "মূল সমস্যা সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে।"
টেলর বলেন, "জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।"
নতুন জলাধারটিতে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে। এটি যুক্তরাজ্যের পানি ব্যবস্থাপনায় পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হয়ে উঠেছে।
সরকার ২০৫০ সালের মধ্যে ৯টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতির পর গত বছর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়েছে।
প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন