প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের দুই সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতদের মধ্যে রয়েছেন—রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত দুই কর্মকর্তাকে পৃথক ধারায় দণ্ডিত করেছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন অংশগ্রহণ করেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজেই একটি নম্বরপত্র তৈরি করেন। পরে মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।
এই ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন