ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রেলওয়ে নিয়োগ জালিয়াতিতে সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড


রেলওয়ে নিয়োগ জালিয়াতিতে সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের দুই সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন—রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রেলওয়ের নিয়োগ দুর্নীতিতে দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিল আদালত

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত দুই কর্মকর্তাকে পৃথক ধারায় দণ্ডিত করেছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন অংশগ্রহণ করেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজেই একটি নম্বরপত্র তৈরি করেন। পরে মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়।

আরও পড়ুন: কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।

এই ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিকুল আলম: এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শফিকুল আলম: এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম মন্তব্য করেছেন, "প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।"

রোববার (২২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে এসব কথা বলেন।

শফিকুল আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, "অনেকে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল।" তিনি বলেন, "এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।"

তিনি আরও লেখেন, "দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে।" তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করা হয়েছে।

এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ-এটা সত্য উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, "অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে।" কিন্তু তিনি আবারও বলেন, "প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।"

শফিকুল আলম লেখেন, "পাঁচজনের মৃত‍্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল?" তিনি প্রশ্ন তোলেন, "ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।"

তিনি বলেন, "এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে।"

শফিকুল আলম আরও লেখেন, "সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি।"

তিনি উল্লেখ করেন, "পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা ইতোমধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।"

শফিকুল আলম লেখেন, "এদিকে আওয়ামী লীগকে আরও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল।" তিনি বলেন, "যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না।"

জামায়াতের আমির এই উদ্যোগকে দ্রুত স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

শফিকুল আলম বলেন, "আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে- তা অভূতপূর্ব।" তিনি বলেন, "এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা।"

এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে কৌশলগত খুব কম সুযোগই রয়েছে। এখন তাদের সামনে দুটি পথ—হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া।

তিনি আরও লেখেন, "কার্যত আওয়ামী লীগ এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে, যেখানে সহিংসতা বাড়াতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে।"

শফিকুল আলম বলেন, "সরকার ও বিরোধী দলগুলোকে কোনো রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চাইলে এখন তাদের সামনে সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই।" তিনি উল্লেখ করেন, "আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।"

তিনি বলেন, "কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে।"

শফিকুল আলম লেখেন, "আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়।" তিনি বলেন, "আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে।"

তিনি সতর্ক করে বলেন, "সময় দ্রুত ফুরিয়ে আসছে।" তিনি লেখেন, "মূলত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে।"

শফিকুল আলম বলেন, "তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।"

তিনি উল্লেখ করেন, "বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। শ্রীরাধা দত্ত উল্লেখ করেছেন, ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।"

তিনি বলেন, "কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই!"

শফিকুল আলম বলেন, "রমজানের পর আসবে বর্ষাকাল। তখন হাসিনা এবং কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনা করা ছাড়া দেশটির সামনে খুব বেশি বিকল্প থাকবে না।"

তিনি বলেন, "সম্ভবত তাদের নীরবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে।"

শফিকুল আলম লেখেন, "হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি তাকে নীরব থাকার পরামর্শও দেওয়া হতে পারে।"

তিনি বলেন, "এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত।"

শফিকুল আলম উল্লেখ করেন, "আর ড. শফিকুর রহমানের কথা-বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর শনিবার গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। তবে রবিবার (২২ নভেম্বর) সকালে পোশাকশ্রমিকরা শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনার পর কর্তৃপক্ষ হ্যামস গার্মেন্টস, রাতুল অ্যাপারেলস, ডেনিমেক গার্মেন্টস, ফখরুদ্দিন টেক্সটাইল, মেঘনা গার্মেন্টস, সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম, প্যারামাউন্ট টেক্সটাইলসহ অন্তত ১৩টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। এরপর আশপাশের আরো পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা একত্র হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা মিছিল নিয়ে আসপাডা এলাকার দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বাধা উপেক্ষা করে যেতে চাইলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা আশপাডা মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি সফিউল বলেন, "শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।" পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখীপুরে তিন-চার দিন পুরনো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


সখীপুরে তিন-চার দিন পুরনো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে পুলিশ অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারের একটি ঝোপঝাড়ের মধ্যে থেকে এই মরদেহ উদ্ধার করা হয় সখীপুর থানার পুলিশ দ্বারা।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে শালগ্রামপুর গ্রামের কৃষক নূরুল ইসলাম তার ফসলি জমিতে কাজ করতে যান। এ সময় তিনি একটি দুর্গন্ধ অনুভব করেন এবং ঝোঁপের মধ্যে মরদেহটি দেখতে পান। পরে তিনি সখীপুর থানার পুলিশকে খবর দেন, যারা এসে মরদেহটি উদ্ধার করে।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ‘অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন-চার দিন আগে থেকে সেখানে পড়ে ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ১০ ব্যাটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ১০ ব্যাটার

টেস্ট ক্রিকেট সাধারণত ধৈর্য, কৌশল এবং উইকেটে টিকে থাকার সংগ্রামের প্রতীক। এই সংস্করণে ব্যাটারদের বেশিরভাগ সময় সতর্কভাবে রান সংগ্রহ করতে দেখা যায়। অতীতে, টেস্টে ছক্কা হাঁকানোকে অনেক ক্রিকেট বিশ্লেষক নেতিবাচকভাবে বিবেচনা করতেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণা বদলে গেছে। এখন টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন বেশ কিছু ব্যাটার।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে, এখন পর্যন্ত মাত্র চারজন ব্যাটার ১০০ বা তার বেশি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার পরেই অবস্থান করছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত।

রোববার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার সময় পান্ত ছয়টি ছক্কা হাঁকান। এই কৃতিত্বের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

পান্তের সামনে এখন কেবল বেন স্টোকস। তবে ক্যারিয়ারের এখনও অনেকটা সময় বাকি থাকায় স্টোকসের রেকর্ডও যে খুব বেশি দিন নিরাপদ থাকবে, তা বলা কঠিন। বর্তমান গতিতে এগোতে থাকলে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার লড়াইয়ে পান্তই হতে পারেন বড় দাবিদার।

এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে ছক্কা মারায় এগিয়ে যে শীর্ষ দশ ব্যাটার-

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%