ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাংলাদেশ খেলাফত আন্দোলন


ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাংলাদেশ খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী মন্তব্য করেছেন, “সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অনুসারীদের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘিত করার অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। ফ্যাসিস্টদের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য রুখতে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে তার অনুসারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যথাযথভাবে বিচারের আওতায় না আনার কারণেই তারা আবারও সাহস পাচ্ছে। বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের পারস্পরিক যোগসাজশ, টেন্ডারবাজি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারের খামখেয়ালিপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে ব্যর্থতা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদাসীনতার কারণে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অগ্নিসন্ত্রাস ও দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব ও মাহমুদুল হাসান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে ইসলামী দলগুলোকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থ, জনগণের নিরাপত্তা এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্রই সফল হবেনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষের আমল যত ভালোই হোক, জান্নাতে প্রবেশের যোগ্যতা এককভাবে কারো জন্য নির্ধারিত নয়। জান্নাত আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়ার ফল। আমাদের আমলগুলো জান্নাতের মূল্যের তুলনায় অত্যন্ত নগণ্য। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে, কেবল ইবাদতের মাধ্যমে কেউ মুক্তি পাবে না, বরং তা আল্লাহর দয়ার মাধ্যমে অর্জিত হবে।

এই প্রসঙ্গে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার অসীম দয়ার বিষয়টি চমৎকারভাবে ফুটে উঠেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতেই লিখে রেখেছেন,—

إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي

‘নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধের ওপর জয়ী হয়েছে (বা আমার দয়া আমার রাগের চেয়ে বহুগুণ বেশি)। (বুখারি ৭৫৫৩, মুসলিম ২৭৫১)

এই হাদিসটি মুমিনের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। বান্দার অসংখ্য অপরাধের পরও যখন সে রবের দরবারে তওবা নিয়ে হাজির হয়, তখন রবের দয়া তার ক্ষমার হাত বাড়িয়ে দেয়।

কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রতিটি মানুষের হিসাব নেওয়া হবে নিখুঁত ন্যায়বিচারের ভিত্তিতে। মানুষ সারাজীবন যত ছোট-বড় পাপ বা অবহেলা করে, তার প্রাপ্য শাস্তি হলো জাহান্নাম। তাই আল্লাহ যদি কাউকে তার পাপের প্রতিদানস্বরূপ জাহান্নামও দেন, তবে তা হবে তার পরিপূর্ণ ইনসাফ বা ন্যায়বিচার। কারণ, বান্দা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে বরাবরই ত্রুটি করেছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইনসাফের এই অটলতার কথা ঘোষণা করে ইরশাদ করেছেন—

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَى بِنَا حَاسِبِينَ

‘আর আমি কেয়ামতের দিন ন্যায়ভিত্তিক দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারো প্রতি একটুও অবিচার করা হবে না। যদি কারো কর্ম সরিষার দানার পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট।’ (সুরা আল-আম্বিয়া: আয়াত ৪৭)

শতভাগ বিচার ও দয়ার প্রকাশ

কেয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার নিখুঁত হিসাব নেওয়ার পরও কীভাবে দয়া প্রদর্শন করবেন, সে বিষয়ে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী হাদিসে এসেছে। হজরত সাফওয়ান ইবনে মুহরিজ (রহ.) থেকে বর্ণিত—

بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا... قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُ بِذُنُوبِهِ، فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: رَبِّ أَعْرِفُ. قَالَ: فَإِنِّي سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ».

‘এক ব্যক্তি ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞাসা করলেন, আপনি নবীজি (সা.) থেকে ‘নাজওয়া’ (গোপন আলাপ) সম্পর্কে কী শুনেছেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি— ‘কেয়ামতের দিন মুমিনকে তার রবের এত কাছাকাছি নিয়ে যাওয়া হবে যে, তিনি তার রহমতের চাদর তার ওপর ঝুলিয়ে দেবেন এবং তাকে তার পাপগুলো স্বীকার করাবেন। আল্লাহ বলবেন— ‘তুমি কি অমুক পাপের কথা জানো? তুমি কি অমুক পাপের কথা জানো?’ মুমিন বলবে, ‘হে আমার রব! আমি জানি।’ তখন আল্লাহ বলবেন, ‘আমি দুনিয়াতে তোমার এসব পাপ গোপন রেখেছিলাম এবং আজ আমি তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি।’ এরপর তাকে তার নেক আমলের আমলনামা প্রদান করা হবে।’ (বুখারি ২৪৪০, মুসলিম ২৭৬৮)

আশাবাদী মুমিন: নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই

পাপের অন্ধকারে ডুবে যাওয়ার পরও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের সবচেয়ে বড় প্রবঞ্চনা। মুমিনের বৈশিষ্ট্য হলো সে একদিকে যেমন আল্লাহর আজাবকে ভয় করবে, অন্যদিকে তার রহমতের চওড়া আঁচলের নিচে আশ্রয় খুঁজবে। বান্দা যখন বুঝতে পারে যে তার রবের দয়া রাগের ওপর প্রবল, তখন সে শত হতাশার মাঝেও নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পায়।

বান্দার তওবায় আল্লাহর আনন্দের মাধ্যমে দয়ার প্রকাশ

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার অবারিত ক্ষমার সুসংবাদ দিয়ে বান্দাকে ডেকে বলেছেন—

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ (পাপ করেছ), আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

বান্দা যত বড় পাপই করুক না কেন, সে যখন অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসে, তখন আল্লাহ এতটাই খুশি হন যে তা মানুষের ধারণারও বাইরে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ رَاحِلَتُهُ...

‘তোমাদের কেউ মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পর যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে আল্লাহ তার চেয়েও অনেক বেশি আনন্দিত হন।’ (বুখারি ৬৩০৯, মুসলিম ২৭৪৭)

সাগরের ফেনার চেয়েও বেশি পাপ ক্ষমা করার ঘোষণা

আল্লাহর রহমতের পরিধি এত বিশাল যে, বান্দার পাপ যদি সমুদ্রের ফেনার মতো অগণিতও হয়, তবুও রবের দয়ার দুয়ার তার জন্য খোলা থাকে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ... وَغَفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

‘যে ব্যক্তি প্রতি নামাজের শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার বলে... তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার মতো বেশি হয়।’ (মুসলিম ৫৯৭)

আল্লাহর ক্ষমার কোনো শেষ নেই; বান্দা যতদিন বেঁচে থাকে এবং ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করতেই থাকেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে আল্লাহ তাআলা কুদসি হাদিসে ইরশাদ করেন—

يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لا تُشْرِكُ بِي شَيْئًا، لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً

‘হে আদম সন্তান! তোমার পাপ যদি আকাশ ছুঁয়ে ফেলে, এরপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এতে আমার কোনো পরোয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী ভরাট অপরাধ নিয়ে আমার কাছে আসো, অথচ আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে আমার সঙ্গে সাক্ষাৎ কর, তবে আমি এর সমান ক্ষমা নিয়ে তোমার মুখোমুখি হব।’ (তিরমিজি ৩৫৪০)

তাহলে ভয় কোথায়? অপরাধ যত বেশি আর যত বড়ই হোক না কেন, মহান আল্লাহর রহমত তথা দয়া তারচেয়েও বড়। সুতরাং মহান রবের এ দয়ায় বান্দা ক্ষমা ও জান্নাত পেয়ে ধন্য হবে। তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি। তার দয়া প্রার্থনা করি। যে দয়ায় মিলবে আল্লাহর অনুগ্রহ ও জান্নাত।

পরিশেষে বলা যায়, আল্লাহর ভয় মানুষকে অপরাধ থেকে দূরে রাখে আর তাঁর দয়া মানুষকে ভালো কাজের পথে টিকিয়ে রাখে। রবের বিচার যেমন সত্য, তেমনি তাঁর রহমতের সাগরও অতলস্পর্শী। তাই বিচার দিনের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণরূপে র সোপর্দ্দ করে দেওয়া এবং তার দয়ার ওপর ভরসা রাখাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। রবের এই অপার দয়ার কথা স্মরণ করে অন্তরের গভীর থেকে উচ্চারিত হয়—‘আলহামদুলিল্লাহ’।

লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে সাদিয়া আক্তার মীমের অনশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


কাবিননামা হাতে স্বামীর বাড়িতে সাদিয়া আক্তার মীমের অনশন

কুড়িগ্রামের রাজারহাটে স্বামী হিসেবে স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামের এক তরুণী। তার অভিযোগ, অনশনের খবর পেয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন।

এটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে ইউসুফ আলীর বাড়ির সামনে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার কন্যা। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) একই উপজেলার পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর পুত্র।

সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ফলস্বরূপ ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা বিয়ে করেন। কিন্তু রিয়াদের পরিবার ওই বিয়েকে স্বীকৃতি দেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।

সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বাধ্য হয়ে কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসতে বাধ্য হন তিনি। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী জানান, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে উপস্থিত হন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম জানান, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। তিনি ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও নিয়ে এসেছেন। তার ধারণা, ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন।

স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করা প্রয়োজন, যাতে তরুণীটির জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে সদর উপজেলা ও পৌর বিএনপি, জেলা যুবদল এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের পর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটা সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, সদর উপজেলা আহ্বায়ক লিয়াকত আলী, পিরোজপুর ইউনিয়ন সহসভাপতি রাজিব হোসেন ফিট্রু, সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সীসা কারখানায় অভিযান, পরিবেশ ছাড়পত্র না থাকায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


টাঙ্গাইলে সীসা কারখানায় অভিযান, পরিবেশ ছাড়পত্র না থাকায় জরিমানা

টাঙ্গাইলে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সূত্রে জানা যায়, টাঙ্গাইল বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘এইচ আর পি মেটাল’ (পূর্বনাম: ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) দীর্ঘ সময় ধরে নবায়নকৃত পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ সুরক্ষা এবং আইন অনুসরণের উদ্দেশ্যে বুধবার সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের জন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান টাঙ্গাইল জেলাজুড়ে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%