ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিকলীতে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ


নিকলীতে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই দিনের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে নিকলী উপজেলায় ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

নিকলীর থানার পুলিশ জানায়, (১৮) নভেম্বর গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দামপাড়া ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ডের) হাসানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম ওরফে মাজু (৪৬) এবং একই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, মাজহারুল ইসলাম স্থানীয় ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। এছাড়া নিকলী পূর্বগ্রাম নয়াহাটির মৃত হাতেম আলীর ছেলে আবুল কালাম (৫২), কারপাশা ইউনিয়নের জালালপুর গ্রামের আ: বারিকের ছেলে শামছুল ইসলাম, গুরুই ইউনিয়নের মৃত শব্দর আলীর ছেলে আ: সালাম (৪১) এবং একই ইউনিয়নের পাড়া বাজিতপুর গ্রামের আবু তাহের (৪৫) রয়েছেন। পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত এবং কেউ কেউ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে ইনকিলাবকে তিনি জানান, আসামিরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল এবং লকডাউন কর্মসূচির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। কারো নামে রাজনৈতিক মামলা আছে, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ জানাল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ জানাল আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় আকভানের কারণে সমুদ্রবন্দরগুলোকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই নির্দেশনা প্রদান করা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশনা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়। ২০ নভেম্বরও এ সংকেত বহাল রাখা হয়েছিল। সেই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির দুর্বল হয়ে পড়ার ফলে এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় এবার সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। এই অভিযানটি সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহল দল দ্বারা সম্পন্ন হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল। এসময় ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথার কার্টন ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, চাহিদা থাকার কারণে সীমান্তে চোরাই মোবাইল ডিসপ্লের অনুপ্রবেশ বেড়েছে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের ডেটলাইনকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি কঠোর তৎপর রয়েছে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চলতি নভেম্বর মাসে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবনে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পটুয়াখালীতে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবনে চরম ভোগান্তি

ঘূর্নিঝড় আকভান বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপের আকারে দক্ষিন উড়িষ্যা ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৪ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী। এদিকে, শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। টানা বৃষ্টি এবং শীতের কারণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বৃষ্টির কারণে জমির আধা পাকা ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কায় আমন চাষীরা দুশ্চিন্তায় রয়েছেন। একই সঙ্গে শীতকালীন সবজি চাষীরাও বৃষ্টির পানিতে ক্ষতির শঙ্কায় পড়েছেন।

আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম অথবা দক্ষিন দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মহিপুর হাওলাদার ফিসের স্বত্বাধিকারী আ: জলিল হাওলাদার মন্তব্য করেন, "এই নিষেধাজ্ঞা, এই আবহাওয়া খারাপ। জানিনা এই মৎস্য ব্যবসার সাথে জড়িত যারা তাদের কপালে আল্লাহ কি রাখছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা এবং অবকাঠামোগত প্রস্তুতি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দলের ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার জন্য পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন পরিচালিত হয়। ১৯ নভেম্বর প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যমান জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করার পরামর্শ দিয়েছে আইএইএ।

পর্যালোচনায় বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য সক্ষমতার কথা বিশেষজ্ঞ দল উল্লেখ করেছে। প্রথমটি হলো বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবস্থাপনা কাঠামো। এই অভিজ্ঞতা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, যেখানে চিকিৎসাসেবার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা রয়েছে, এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে বিশেষজ্ঞরা ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

তবে, জাতীয় পর্যায়ের জরুরি প্রস্তুতি আরও কার্যকর করার জন্য আইএইএ পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনাকে দেশের সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে সমন্বিত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্ট করা এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা। এ ছাড়া, জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার পাশাপাশি বিকিরণ পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসেবা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

আইএইএর মূল্যায়নের ব্যাখ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) জানান, এই মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। অন-সাইট ব্যবস্থাপনা মূলত কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর।

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করাই আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে এনপিসিবিএল রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও সুসংহত করা সম্ভব হবে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ফার্স্ট ক্রিটিক্যালিটি অর্জিত হয়। পরবর্তী কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রটির নিরাপদ পরিচালনার পাশাপাশি জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ সক্ষমতা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%