প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা এবং অবকাঠামোগত প্রস্তুতি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দলের ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার জন্য পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে সংস্থাটি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন পরিচালিত হয়। ১৯ নভেম্বর প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যমান জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করার পরামর্শ দিয়েছে আইএইএ।
পর্যালোচনায় বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য সক্ষমতার কথা বিশেষজ্ঞ দল উল্লেখ করেছে। প্রথমটি হলো বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবস্থাপনা কাঠামো। এই অভিজ্ঞতা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, যেখানে চিকিৎসাসেবার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা রয়েছে, এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে বিশেষজ্ঞরা ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।
তবে, জাতীয় পর্যায়ের জরুরি প্রস্তুতি আরও কার্যকর করার জন্য আইএইএ পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনাকে দেশের সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে সমন্বিত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্ট করা এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা। এ ছাড়া, জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার পাশাপাশি বিকিরণ পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসেবা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
আইএইএর মূল্যায়নের ব্যাখ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) জানান, এই মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। অন-সাইট ব্যবস্থাপনা মূলত কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর।
ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।
তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করাই আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে এনপিসিবিএল রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও সুসংহত করা সম্ভব হবে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ফার্স্ট ক্রিটিক্যালিটি অর্জিত হয়। পরবর্তী কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রটির নিরাপদ পরিচালনার পাশাপাশি জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ সক্ষমতা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন