ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বড় দলগুলোকে সুবিধা দিতে ২০২৭ সালের নারী বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা


বড় দলগুলোকে সুবিধা দিতে ২০২৭ সালের নারী বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের ড্রয়ের জন্য এক মাসেরও কম সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে এবারের বিশ্বকাপের ড্রয়ের নিয়ম পরিবর্তন করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো বড় সুবিধা পাবে।

র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৪ নম্বরের মধ্যে থাকা সব দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। তবে, এর জন্য একটি বড় শর্ত পূরণ করতে হবে। চারটি দলকেই তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকতে হবে। এই নতুন নিয়ম ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের নিয়মের অনুকরণে তৈরি করা হয়েছে।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারটি দলের মধ্যে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে, এই র‍্যাঙ্কিং যদি শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে, তবেই এই দলগুলো সুবিধা পাবে। র‍্যাঙ্কিংয়ের চূড়ান্ত ফলাফল ৭ ডিসেম্বর প্রকাশিত হবে। ওই দিন যে অবস্থান থাকবে, তার ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: জিম্বাবুয়েকে উড়িয়ে ৯ উইকেটে জয়ে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিশ্বকাপের ড্র আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। এই আয়োজনের স্থান রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্ট।

সেরা দলগুলোর মধ্যে এখনও কেউ কেউ বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র ২৭ নভেম্বর এল সালভাদরের বিরুদ্ধে খেলবে। জয়ী হলে তারা বিশ্বকাপে জায়গা পাবে। র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র স্পেনের বিপরীত দিকের অর্ধে অবস্থান করবে। ফলে, দুই দলের দেখা হতে পারে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামে ফাইনালে।

ইংল্যান্ডের জন্য পথ আলাদা। তাদের ইউক্রেনকে হারাতে হবে দুই লেগের ম্যাচে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৫ ডিসেম্বর।

স্বাগতিক ব্রাজিল থাকবে এ গ্রুপের শীর্ষে। তারা ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচ খেলবে। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল।

আরও পড়ুন: বাংলাদেশের কোচ থমাস ডুলি সাফের প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন

দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের পরবর্তী আটটি দল করে। চতুর্থ পটে থাকবে মার্চে শেষ হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী। এর সঙ্গে থাকবে সবচেয়ে নিচের র‍্যাঙ্কের দলগুলো।

আগের মতো মহাদেশভিত্তিক নিয়ম বজায় থাকবে। এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে। অন্য যেকোনো মহাদেশের জন্য একটি করে দল থাকতে পারবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরপ্রাপ্ত পুলিশের পেনশনের টাকা লুট, ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


অবসরপ্রাপ্ত পুলিশের পেনশনের টাকা লুট, ৪ জন গ্রেফতার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টি, প্রতারণা এবং চুরি মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর খিলগাঁও এবং হাতিরঝিল থানার অধীনে পরিচালিত পৃথক চারটি অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজ মোল্লা (৪২), মো. শামীম মিয়া (৩৩), তুষার মিয়া (৩৮) এবং লাভলু (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রাথমিক অনুসন্ধান এবং মামলার এজাহার থেকে জানা যায়, সম্প্রতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল কালাম আজাদ (৬২) ব্যাংক থেকে তার পেনশনের টাকা উত্তোলন করেন। পরে কারওয়ান বাজার যাওয়ার পথে একাধিক ব্যক্তি তার সাথে কথা বলে এবং রিয়াল ভাঙানোর প্রস্তাব দিয়ে তাকে অজ্ঞান করার জন্য চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে। এর পর তার সঙ্গে থাকা পেনশনের ৫ লাখ টাকা ওই দুর্বৃত্তরা লুট করে নেয়।

এই ঘটনার পর রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। তেজগাঁও থানার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, অস্বস্তি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, অস্বস্তি বাড়ছে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ জিনেদিন জিদান এবং অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাঠে এমবাপ্পের পজিশন, দলের কৌশল এবং শারীরিক প্রস্তুতি নিয়ে মতবিরোধের কারণে ড্রেসিংরুমের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে বলে খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম।

ইতালির বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পের অনুশীলনে অনুপস্থিতি এবং খেলার প্রতি অনাগ্রহের খবর সামনে আসার পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে, জিদান এবং এমবাপ্পের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

ফরাসি টেলিভিশন উপস্থাপক এবং পিএসজি সমর্থক সিরিল হানৌনা সম্প্রতি ডব্লিউ৯ চ্যানেলের অনুষ্ঠানে ‘তো বো, তো ন্যুফ’ দাবি করেছেন যে, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় এমবাপ্পে ইতালির বিপক্ষে খেলতে আগ্রহী ছিলেন না। একাধিক চোটের কারণে ফরাসি অধিনায়ক বর্তমানে নিজের সেরা ছন্দে নেই।

হানৌনার মতে, এমবাপ্পের এই অবস্থান জিদান ভালোভাবে নেননি। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচ এমবাপ্পেকে জানিয়ে দেন, যদি তিনি খেলতে না চান, তবে ইতালির বিপক্ষে মাঠে নামার প্রয়োজন নেই।

এর আগে, জিদানের অধীনে জাতীয় দলের প্রথম ক্যাম্প থেকেই দুজনের মধ্যে মতপার্থক্যের সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ক্যাম্পে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত নেন জিদান। অন্যদিকে, ওসমান দেম্বেলেকে আক্রমণভাগের মাঝখানে খেলানোর পরিকল্পনা করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে এমবাপ্পে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ফলে, কোচের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হানৌনা আরও দাবি করেছেন যে, সাবেক কোচ দিদিয়ের দেশম এমবাপ্পের কিছু আচরণ এড়িয়ে গেলেও জিদান তেমনটি করতে রাজি নন। এমবাপ্পের সতীর্থদের সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্স দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে, মাঠের বাইরের আলোচনা ছাপিয়ে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মনোযোগ দিতে হচ্ছে ফ্রান্সকে। নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিলানে মুখোমুখি হওয়ার কথা দুই দলের।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ইতালির সংগ্রহ ৭ পয়েন্ট এবং বেলজিয়ামের ৬। তুরস্ক এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

প্রথম লেগে ফ্রান্স ও ইতালির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার ইতালির বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হবে ফরাসিদের।

অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল স্পটের জন্য লড়াইয়ে রয়েছে ইতালি ও বেলজিয়াম। আগামী রোববার ব্রাসেলসে মুখোমুখি হবে দল দুটি।

সব মিলিয়ে, ইতালির বিপক্ষে ম্যাচটি ফ্রান্সের জন্য মাঠের লড়াইয়ে গুরুত্বপূর্ণ, পাশাপাশি জিদান-এমবাপ্পের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে হুমকি মৎস্যজীবী দলের সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে হুমকি মৎস্যজীবী দলের সভাপতির

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে দোকানের ম্যানেজারের বাগবিতণ্ডার জেরে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান ম্যানেজারের নাম খোকন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, “আমু ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা উল্টাইয়া পইরা থাকবেন।”

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগবিতণ্ডা হয়। পরে ওই নারী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারের সঙ্গে হোসেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই মূল্য পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

হোসেন মৎস্যজীবী দলের সভাপতি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, "এ বিষয়টি মৎস্যজীবী দল দেখবে। সর্বোপরি আমরা মূল দলে রয়েছি। আমাদের কাছে ওদের তথ্য ও অভিযোগ যখন জমা হবে তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও বলেন, "কেউ দলের পরিচয় কোনো অপকর্মের সঙ্গে জড়ালে তার দায় দল নেবে না এবং আমাদের দল অন্যায়কে প্রশ্রয় দেয় না।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, "বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করার পর এসব ত্রুটির তথ্য পাওয়া যায়। এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটি উড়োজাহাজটির অতীতের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখছে।

গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।

বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।

এ ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত করা, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা করা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই করা এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।

বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় অবহেলা প্রমাণিত হলে সংশিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, "স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা।" তিনি আরও বলেন, "যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে।" ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%