শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৩ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে দোকানের ম্যানেজারের বাগবিতণ্ডার জেরে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান ম্যানেজারের নাম খোকন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, “আমু ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা উল্টাইয়া পইরা থাকবেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগবিতণ্ডা হয়। পরে ওই নারী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারের সঙ্গে হোসেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই মূল্য পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
হোসেন মৎস্যজীবী দলের সভাপতি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, "এ বিষয়টি মৎস্যজীবী দল দেখবে। সর্বোপরি আমরা মূল দলে রয়েছি। আমাদের কাছে ওদের তথ্য ও অভিযোগ যখন জমা হবে তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, "কেউ দলের পরিচয় কোনো অপকর্মের সঙ্গে জড়ালে তার দায় দল নেবে না এবং আমাদের দল অন্যায়কে প্রশ্রয় দেয় না।"
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, "বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করার পর এসব ত্রুটির তথ্য পাওয়া যায়। এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটি উড়োজাহাজটির অতীতের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখছে।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।
বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।
এ ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত করা, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা করা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই করা এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।
বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় অবহেলা প্রমাণিত হলে সংশিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, "স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা।" তিনি আরও বলেন, "যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে।" ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনটির বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি প্রধান বিষয় হলো আল্লাহ তাআলার কাছে অধিক দোয়া করা।
হাদিসের বর্ণনা অনুসারে, জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয়।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ এরপর রাসুলুল্লাহ (সা.) হাতের ইশারায় ওই সময়ের স্বল্পতার কথা বোঝান। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০০)
সুতরাং, জুমার দিনে বিশেষ করে আসরের নামাজের পর দোয়া করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এদিন যেকোনো বৈধ দোয়া করা যায়। তবে দুনিয়া ও আখেরাতের কল্যাণ, উত্তম জীবন এবং নিজের মা-বাবাসহ সকল মুমিনের ক্ষমা প্রার্থনায় নিচের তিনটি দোয়া বেশি বেশি পড়া উচিত।
১. দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আজাবান্নার।
অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা, আয়াত: ২০১)
২. উত্তম জীবন ও আত্মিক পবিত্রতার দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, ওয়াত তুকা, ওয়াল আফাফা, ওয়াল গিনা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও অভাবমুক্তি তথা সচ্ছলতা কামনা করছি। (সহিহ মুসলিম, হাদিস: ২৭২১; জামে তিরমিজি, হাদিস: ৩৪৮৯)
৩. মা-বাবা ও সব মুমিনের ক্ষমার জন্য দোয়া
উচ্চারণ: রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থ: হে আমাদের রব! হিসাব প্রতিষ্ঠিত হওয়ার দিন আমাকে, আমার মা-বাবাকে এবং সব মুমিনকে ক্ষমা করে দিন। (সুরা ইবরাহিম, আয়াত: ৪১)
জুমার দিন শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজেদের প্রয়োজন, পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেও দোয়া করা উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত অর্জন এবং অধিক দোয়া ও ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার জন্য ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন। রাজনৈতিক সংকট এবং বিরোধীদের চাপের কারণে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই তিনি ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি করছেন বলে বিশ্লেষকদের ধারণা।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে, দেশটির সামরিক প্রধান আইয়াল জামির এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁর আশঙ্কা, এতে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।
এদিকে, বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে জাতীয় সংকটের অজুহাতে বিরোধীরা তাঁর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতার কারণে নেতানিয়াহুর যুদ্ধের আহ্বানে বিরোধী দল এবং সাধারণ মানুষও সমর্থন জানাতে পারে। যদিও অনেকেই বুঝতে পারছেন যে, রাজনৈতিক স্বার্থে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হতে পারে, তবুও ইরানের প্রতি দীর্ঘদিনের ভয় ও শত্রুতার কারণে তারা সামরিক সংঘাতে সমর্থন দিতে পারেন।
সূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি পাস্তা কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল সেখের নেতৃত্বে শহরের সয়াধানগড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. সোহেল সেখ জানান, সয়াধানগড়া মহল্লায় মেসার্স এস.বি ট্রেডার্সের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, খাদ্যপণ্য পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স নেই, ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা অনুপস্থিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এসব কারণে কারখানা মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ