প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রমকে আরও কঠোর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই নির্দেশনা গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ হেমায়েত উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
নতুন নির্দেশনার আওতায়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য শুধুমাত্র মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। অর্থাৎ, এই গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।
এছাড়া, প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে।
এছাড়া, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন হলে আগত ব্যক্তিদের তল্লাশি করার ক্ষমতা রাখবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন