প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত ফি থেকে অনেক বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ কারণে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ হলো, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফিসহ ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা পরিশোধ করার কথা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। ফলে বিভাগ ভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী এক অভিভাবক সোহরাব হোসেন জানান, তার মেয়ে ছামিহা ইসলাম বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় থেকে ৮ হাজার টাকা দাবি করা হয়। তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি। পরে বিষয়টি সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসানের কাছে জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করেন। অভিভাবক ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি ও বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, তারা কোনো অতিরিক্ত অর্থ আদায় করছেন না। তবে দরখাস্ত করে অনেক শিক্ষার্থী এর থেকে অনেক কম টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদ হাসান বলেন, নির্ধারিত ফির বাইরে কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। যদি কোনো বিদ্যালয় এর ব্যত্যয় ঘটায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আজ যে শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন, তিনি বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী শিক্ষার্থী। তিনি ব্যক্তিগতভাবে তার ফরম পূরণের ব্যবস্থা করে দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন