১১:৪৭ এম
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ধুরন্ধর’ একাধিক বিভাগে স্বীকৃতি অর্জন করেছে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কারও সিনেমাটির ঝুলিতে এসেছে। সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।
গত ২০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর আয়োজন। এবারের আসরে ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত এবং আন্তর্জাতিক বিনোদনজগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তারকাদের সম্মানিত করা হয়েছে।
‘ধুরন্ধর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। একই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি অর্জন করেছেন অক্ষয় খান্না। ‘ছাভা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন বিনীত কুমার সিং। আর ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয়ের জন্য কৌতুক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা
‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। একই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম ধর। ‘হক’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপের জন্য পুরস্কার পেয়েছেন রেশু নাথ। আর ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন অরবিন্দ এস কাশ্যপ।
ওটিটি ও টেলিভিশন
ওটিটি বিভাগে সেরা ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘দ্য বা*ডস অব বলিউড’। সিরিজটির পরিচালনার জন্য পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। ‘দিল্লি ক্রাইম ৩’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ। একই সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেছেন হুমা কুরেশি। ‘গ্রাম চিকিৎসালয়’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিনয় পাঠক।
টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অমর উপাধ্যায় ও স্মৃতি ইরানি।
আরও পড়ুন: জিটিএ ৬-এ বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান
আন্তর্জাতিক বিভাগ ও বিশেষ সম্মাননা
আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসি বাকলি।
এ ছাড়া বছরের সেরা আন্তর্জাতিক শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন টেইলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জেমস ক্যামেরন। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কমল হাসানকে।
সংগীত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
আরও পড়ুন: ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
সংগীত বিভাগে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল ট্র্যাক নির্বাচিত হয়েছে বছরের সেরা গান। সিনেমাটির সংগীত পরিচালনার জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব। ‘সাইয়ারা’র গান গেয়ে সেরা প্লেব্যাক গায়কের স্বীকৃতি পেয়েছেন ফাহিম আবদুল্লাহ। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। বছরের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন করণ আউজলা। আর সেরা কৌতুকশিল্পীর পুরস্কার পেয়েছেন সময় রায়না। সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ইলাইয়ারাজা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে সাইয়েদ শহিদ খানের ‘মাধুরী-এন্ড ইজ বিগিনিং’। প্রথম রানারআপ হয়েছে রাহুল শেঠির ‘জাহান-দ্য লাস্ট গিফট’। দ্বিতীয় রানারআপ জর্জ মরাইসের ‘ইন হাফ’ এবং তৃতীয় রানারআপ সাই হারিণী বসন্তের ‘টি কোট্টু’৮৩’。
উল্লেখ্য, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত স্বতন্ত্র উৎসব। ২০১২ সালে এর যাত্রা শুরু হয়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে সরকার প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর সঙ্গে এই আয়োজনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ, দুটি পুরস্কার পৃথক আয়োজনের মাধ্যমে দেওয়া হয়।
আরও পড়ুন: সালমানের হাত থেকে সুরক্ষিত থাকতে ঐশ্বরিয়াকে বডিগার্ড রাখতে হয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন