০১:৩৪ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও কার্যকর থাকবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে।
এই বিষয়গুলো গত ২৩ নভেম্বর ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)-এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে আলোচনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।
আরও পড়ুন: তুরস্কের সানকো ৩০ কোটি ডলারে বাংলাদেশে ডেনিম কারখানা স্থাপন করবে
বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের পর্যালোচনা করা হয় এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়।
অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।
এছাড়া, অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদেরকে এসব খাত সম্পর্কে আরও অবহিত করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৪ পয়েন্ট দরপতন, লেনদেন ৯১৮ কোটি টাকা
এছাড়া, আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকর্ষণের জন্য নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা এবং সরকার প্রদত্ত বিনিয়োগ প্রণোদনা তুলে ধরা হয়।
দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে সুদৃঢ় করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষরিত হয়। এই বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল, বহুমুখী ও সুসংহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন