০১:৩৭ পি.এম
॥ তিনা খানম ॥
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের অর্থনৈতিক করিডোর হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ হবে এবং এর বিস্তারিত নকশা প্রণয়ন সম্পন্ন হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৬৪ কিলোমিটার অংশ উড়ালপথে এবং বাকি অংশ ভূমিতে নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পের নির্মাণ কাঠামো ও অর্থায়ন পদ্ধতি চূড়ান্ত করে দ্রুত কাজ শুরু করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ এ পথে পরিচালিত হওয়ায় মহাসড়কটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে, সক্ষমতার সীমাবদ্ধতা, মিশ্র যানবাহনের চলাচল ও যানজটের কারণে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। এক্সপ্রেসওয়ে নির্মাণের মূল লক্ষ্য হলো দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা।
এছাড়া, প্রধান শিল্পাঞ্চল, ইপিজেড ও তৈরি পোশাক শিল্পের সঙ্গে যোগাযোগ সহজ করে শিল্প উৎপাদন, পণ্য পরিবহন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা সহজীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
২০০৪ সালে সরকার এ পথে প্রবেশ নিয়ন্ত্রিত মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করে এবং ২০০৮ সালে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নে এডিবি প্রায় ১০০ কোটি টাকা ঋণের আগ্রহ প্রকাশ করে। ২০১৩ সালের মার্চে পিপিপির অধীনে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় এবং পরের মাসে পরামর্শক নিয়োগ করা হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন সরকারও সম্মতি দেয়। এক্সপ্রেসওয়ে নির্মাণে ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) সমঝোতা স্মারক সই করে। তবে, চীনা কোম্পানির নিয়ন্ত্রণের কারণে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে।
অন্তর্বর্তী সরকারের সময়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুনরায় পরামর্শক নিয়োগ দেওয়া হয়। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে আবারও কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সওজ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে এবং ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সরকারি-বেসরকারি অর্থায়নে (পিপিপি) বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিদেশি অর্থায়ন পাওয়ার জন্য জিটুজি ভিত্তিতে চেষ্টা করা হতে পারে। প্রস্তাবিত নকশায় নির্মাণের তিনটি বিকল্পের একটি রয়েছে পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণ করা। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়ে মহাসড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে দ্বিতীয়টি প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন হলে মহাসড়কের ৬৪ কিলোমিটার হবে উড়ালপথে, বাকি প্রায় ১৬৯ কিলোমিটার হবে ভূমিতে। বিকল্পটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
ব্যয়ের খাতওয়ারি প্রস্তাবে ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার সড়ক নির্মাণে ২৪ হাজার ৭০০ কোটি এবং বিভিন্ন উড়াল কাঠামো ও ভিত্তি নির্মাণে ৩৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। ৩৫৮ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৫৯১ কোটি টাকা। ১০৪টি টোল প্লাজা নির্মাণে ১২৬ কোটি, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) স্থাপনে ১ হাজার কোটি এবং ইউটিলিটি স্থানান্তর ও পুনর্বাসনে আরো ১ হাজার কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ ও বাকি ১৩৮ কিলোমিটার মাটিতে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে নির্মাণ ব্যয় ও পরিচালন ব্যয় সব মিলিয়ে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি হবে। তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার উড়ালপথে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে শুধু নির্মাণে খরচ হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয়সহ মোট খরচ দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।
পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নীত করে যানবাহনের চাপ বিবেচনায় বিভিন্ন অংশে আলাদা লেন রাখা হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরোটা হবে ১০ লেনের উড়ালপথ। বাকি অংশে থাকবে ছয় লেনের মূল মহাসড়ক ও স্থানীয় যানবাহনের জন্য দুই পাশে আলাদা দুটি লেন।
দূরপাল্লা ও স্থানীয় যানবাহনের চলাচল আলাদা রাখতে নির্ধারিত স্থান ছাড়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ বা বের হওয়া যাবে না। গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে ৭টি সিস্টেম ইন্টারচেঞ্জ, ছোট সড়ক থেকে ওঠানামার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ এবং স্থানীয় যান ও পথচারীদের জন্য ৯১টি আন্ডারপাস নির্মিত হবে। রেল চলাচলের সময় যানবাহন যেন না থামে, সেজন্য ৪টি রেলক্রসিংয়ে উড়ালপথ বা সেতু এবং বিভিন্ন স্থানে নতুন আরও ৯টি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
২০২৩ সালের হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত অংশে দৈনিক যানবাহন চলাচল করে ৫৫ থেকে ৭২ হাজার। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত দৈনিক ৪৫ থেকে ৫৫ হাজার যানবাহন চলাচল করে। সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত অংশে যানবাহন চলাচল করে দৈনিক ৩৮ থেকে ৪৫ হাজার।
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার ও আউটার রিং রোডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম প্রান্তে আউটার রিং রোড, কর্ণফুলী টানেলসহ বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগের প্রস্তাবও রয়েছে। এতে বন্দর, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে।
এক্সপ্রেসওয়ে ব্যবহারে যানবাহনকে টোল দিতে হবে। এ জন্য চারটি প্রধান ও ১০০টি স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান প্লাজার একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং অন্যটি চট্টগ্রামের সলিমপুরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি প্রধান প্লাজায় ১০টি এবং স্যাটেলাইট প্লাজায় দুটি করে টোল আদায়ের গেট থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্মাণ কাজের বেশির ভাগই বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণ ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি সহায়তা লাগতে পারে। ৬৪ কিলোমিটার উড়ালপথ ধরে ব্যয় নির্ধারণ করলে সরকারকে সাড়ে ২১ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় প্রকল্পের জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনা ধরা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ২০ বছরে টোল থেকে প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয়ের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এক্সপ্রেসওয়ের নতুন পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল হক বাসসকে বলেন, 'মহাসড়কটি ছয়, আট কিংবা ১০ লেনে সম্প্রসারণ করলেও করিডোরের যানজটের সমস্যা থেকে যাবে। সাম্প্রতিক সময়ে রক্ষণাবেক্ষণ ও বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির পাশাপাশি যাত্রীরা ফ্লাইট ধরতে পারেননি এবং রোগী পরিবহনও ব্যাহত হয়েছে।'
তার মতে, শুধু লেনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে সড়কের গতি, সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি। এজন্য ঢাকা-চট্টগ্রাম করিডোরে সম্পূর্ণ এলিভেটেড ও প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন তিনি।
ড. শামসুল বলেন, 'বাংলাদেশে আমরা সাধারণত সড়ক অবকাঠামো নির্মাণ করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হই। এর বিপরীতে পিপিপি মডেলে সাধারণত ২৫ থেকে ৩০ বছরের অপারেশন ও রক্ষণাবেক্ষণ চুক্তি থাকে। ফলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব স্বার্থে সড়কের মান সবসময় উচ্চ পর্যায়ে বজায় রাখে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে।'
সওজের প্রকৌশলীরা জানান, প্রকল্পের অর্থায়ন কাঠামো ও নির্মাণ পদ্ধতি নিয়ে এখনো পর্যালোচনা চলছে। কতটুকু অংশ উড়ালপথে এবং কতটুকু ভূমিতে হবে, তা চূড়ান্ত করার পাশাপাশি অর্থায়নের বিভিন্ন মডেলও বিবেচনায় নেয়া হচ্ছে। প্রচলিত ঋণের ক্ষেত্রে সুদসহ অন্যান্য ব্যয় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়নের শর্ত পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রকল্পের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত (এক্সপ্রেসওয়ে, রিজিওনাল কানেকটিভিটি এন্ড পিপিপি উইং) বাসসকে বলেন, '২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) মন্ত্রনালয়ে জমা দিয়েছি। অনুমোদন পাওয়া সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।'
প্রকল্পের নির্মাণ কাঠামো নিয়ে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বাসসকে বলেন, ‘নীতিগত সিদ্ধান্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের, তবে এর কতটুকু অংশ উড়ালপথে এবং কতটুকু ভূমিতে হবে, তা চূড়ান্ত হয়নি এখনও। এক্সপ্রেসওয়ের ৭০ শতাংশ এলিভেটেড আর ৩০ শতাংশ ভূমিতে করা হবে নাকি তা নিয়ে সম্ভব্যতা যাচাই চলছে।’
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে দুই থেকে তিনটি প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ এগিয়ে চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন