ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ১৫৫


দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ১৫৫

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। রাজধানী ঢাকা, বৃষ্টির কারণে কিছুটা দূষণ মুক্ত ছিল, তবে আজ আবারও দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৫৫। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে। গতকাল রোববার (২২ নভেম্বর) এই স্কোর ছিল ১১৭।

পাকিস্তানের লাহোর সোমবার বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ভারতের রাজধানী দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা মুম্বাইয়ের স্কোর ১৭৪।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসারে অশান্তি কমাতে চান? প্রতিদিন মাত্র ২০ মিনিটের অভ্যাস বদলে দিতে পারে সম্পর্ক!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


সংসারে অশান্তি কমাতে চান? প্রতিদিন মাত্র ২০ মিনিটের অভ্যাস বদলে দিতে পারে সম্পর্ক!

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেছে। একজন রাগ করে অন্য ঘরে চলে গেছেন, অপরজনও অভিমান করে চুপ করে রয়েছেন। রাতের খাবার হয়েছে, ঘুমও হয়েছে, কিন্তু পরদিন সকালে দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তা নেই।

এভাবে কয়েক দিন চলতে থাকলে হয়তো আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু একই ঘটনা কিছুদিন পর আবার ফিরে আসে।

অনেক দম্পতির সংসারে এই চক্র বছরের পর বছর চলতে থাকে। অথচ তাঁরা দুজনেই সম্পর্কটি ভালো রাখতে চান। সমস্যা হলো, কীভাবে পরিবর্তন আনতে হবে, সেটি তাঁরা বুঝতে পারেন না।

দাম্পত্য কলহ কমানোর জন্য সব সময় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে কিছু নিয়মিত অভ্যাস, যোগাযোগের ধরন পরিবর্তন এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।

১. প্রতিদিন অন্তত ২০ মিনিট শুধু দুজনের জন্য রাখুন

সংসারের কাজ, অফিস, সন্তান, বাজার, আত্মীয়স্বজন-সবকিছু সামলাতে গিয়ে স্বামী-স্ত্রীর নিজেদের জন্য সময়ই থাকে না। একই বাড়িতে থেকেও দুজনের মধ্যে যোগাযোগ কমে যায়।

প্রতিদিন অন্তত ২০ মিনিট এমন সময় রাখুন, যখন দুজন শুধু নিজেদের নিয়ে কথা বলবেন। এই সময় মোবাইল ফোন দূরে রাখুন। সংসারের সমস্যা কিংবা অভিযোগ দিয়ে আলোচনা শুরু করবেন না।

২. ঝগড়া শুরু হলে সঙ্গে সঙ্গে সমাধান করতে যাবেন না

রাগের সময় মানুষের বিচার-বিবেচনা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। তখন এমন কিছু কথা বলা হয়ে যেতে পারে, যা পরে অনুশোচনার কারণ হয়।

তাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছুক্ষণ বিরতি নিন। তবে বিরতি নেওয়ার বিষয়টি পরিষ্কার করে জানান। যেমন, আমরা দুজনেই এখন রেগে আছি। আধা ঘণ্টা পর শান্ত হয়ে আবার কথা বলি।

৩. সপ্তাহে একদিন সংসারের হিসাব ও পরিকল্পনা করুন

অর্থনৈতিক সমস্যা অনেক দাম্পত্য কলহের কারণ হয়ে থাকে। সপ্তাহে একদিন ১৫-২০ মিনিট বসে আলোচনা করুন, এই সপ্তাহে কত টাকা খরচ হয়েছে, সামনে কী কী জরুরি খরচ রয়েছে, কোথায় অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব এবং সঞ্চয়ের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে।

৪. সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন

অনেক সময় স্বামী বা স্ত্রী কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুরু করলে অপরজন সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করেন। কিন্তু সব সময় মানুষ সমাধান চান না। কখনো কখনো তাঁরা শুধু চান, কেউ তাঁদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক।

৫. ক্ষমা চাইতে শিখুন, ক্ষমা করতেও শিখুন

অনেক দম্পতি মনে করেন, আগে ক্ষমা চাইলে নিজের সম্মান কমে যাবে। বাস্তবে আন্তরিকভাবে ভুল স্বীকার করা দুর্বলতা নয়; বরং সম্পর্কের প্রতি দায়িত্বশীলতার পরিচয়। তবে ক্ষমার পাশাপাশি আচরণে পরিবর্তন আনাও জরুরি।

৬. ছোট ছোট আনন্দের আয়োজন করুন

দাম্পত্য জীবন শুধু দায়িত্ব আর হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে একসময় একঘেয়েমি তৈরি হতে পারে। মাঝেমধ্যে একসঙ্গে চা পান করা, হাঁটতে যাওয়া, পছন্দের খাবার তৈরি করা কিংবা বাড়িতে সিনেমা দেখা যেতে পারে।

৭. শ্বশুরবাড়ি ও নিজের পরিবারের বিষয়গুলোতে ভারসাম্য রাখুন

দাম্পত্য কলহের একটি পরিচিত কারণ হলো দুই পরিবারের সদস্যদের নিয়ে মতবিরোধ। নিজের পরিবারের সদস্যদের সম্মান করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবনসঙ্গীর সম্মান ও ব্যক্তিগত সীমারেখা রক্ষা করাও জরুরি।

৮. শারীরিক ঘনিষ্ঠতা ও আবেগের গুরুত্ব বুঝুন

দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতা গুরুত্বপূর্ণ হলেও এটি কখনোই জোর করে আদায় করার বিষয় নয়। স্নেহ প্রকাশ, হাত ধরা, পাশাপাশি বসা, আলিঙ্গন কিংবা ভালোবাসার কথা বলা—এসবও সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে।

৯. একই সমস্যা বারবার হলে কাউন্সেলিং নিতে দ্বিধা করবেন না

অনেক দম্পতি মনে করেন, বিবাহিত জীবনের সমস্যা বাইরের কাউকে জানানো উচিত নয়। কিন্তু একই বিষয় নিয়ে বারবার ঝগড়া হলে, যোগাযোগ বন্ধ হয়ে গেলে কিংবা একে অপরের প্রতি বিশ্বাস কমে গেলে পেশাদার সাহায্য নেওয়া যেতে পারে।

একজন প্রশিক্ষিত ম্যারেজ কাউন্সেলর (Marriage Counselor) বা দম্পতি থেরাপিস্ট (Couples Therapist) দুজনকে নিজেদের সমস্যা বুঝতে এবং সমাধানের পথ খুঁজতে সাহায্য করতে পারেন।

১০. অসম্মান, হুমকি ও সহিংসতাকে স্বাভাবিক ঝগড়া ভাববেন না

স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া স্বাভাবিক। কিন্তু গালাগাল, অপমান, ভয় দেখানো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, জোরপূর্বক শারীরিক সম্পর্ক, মারধর কিংবা হুমকি দেওয়া সাধারণ দাম্পত্য কলহ নয়।

এ ধরনের আচরণকে শুধু রাগের মাথায় করা ভুল বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। বিশ্বস্ত মানুষ, স্থানীয় সহায়তা সংস্থা কিংবা প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিন। সহিংসতা চলতে থাকলে নিরাপত্তা নিশ্চিত না করে যৌথ কাউন্সেলিংয়ে যাওয়াও উপযুক্ত নাও হতে পারে।

সংসারের শান্তি ফেরাতে ৭ দিনের ছোট্ট চ্যালেঞ্জ

প্রথম দিন: একে অপরের ভালো তিনটি গুণের প্রশংসা করুন।

দ্বিতীয় দিন: অন্তত ২০ মিনিট মোবাইল ছাড়া গল্প করুন।

তৃতীয় দিন: সংসারের একটি কাজ ভাগ করে নিন।

চতুর্থ দিন: পুরোনো অভিযোগ না তুলে শুধু বর্তমান নিয়ে কথা বলুন।

পঞ্চম দিন: একসঙ্গে হাঁটতে যান অথবা চা পান করুন।

ষষ্ঠ দিন: একে অপরের কোনো একটি কষ্ট মনোযোগ দিয়ে শুনুন।

সপ্তম দিন: আগামী সপ্তাহে সংসার আরও সুন্দর করার একটি পরিকল্পনা করুন।

দাম্পত্য জীবনের সুখ মানে এই নয় যে স্বামী-স্ত্রী সব বিষয়ে একমত হবেন। বরং মতের অমিল থাকা সত্ত্বেও তাঁরা কীভাবে একে অপরকে সম্মান করছেন, সেটিই গুরুত্বপূর্ণ।

একটি সুন্দর সংসার গড়ে ওঠে দুজন মানুষের ছোট ছোট প্রচেষ্টা, পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে। মনে রাখবেন, জীবনসঙ্গী আপনার প্রতিপক্ষ নন। সংসারের সমস্যার বিরুদ্ধে আপনাদের দুজনের অবস্থান হওয়া উচিত একই দিকে।

কখনো কখনো একটি সম্পর্ক বাঁচাতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু বেশি মনোযোগ, একটু কম অহংকার এবং একে অপরকে বোঝার আন্তরিক চেষ্টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু-আইজেনকোটের সরকারের আলোচনা ব্যর্থ, পরবর্তী বৈঠক হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


নেতানিয়াহু-আইজেনকোটের সরকারের আলোচনা ব্যর্থ, পরবর্তী বৈঠক হবে

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত দুই দলের প্রতিনিধিদের বৈঠকে সরকার গঠনের বিষয়ে কোনো মতৈক্য অর্জিত হয়নি। তবে, আলোচনা অব্যাহত রাখতে পরবর্তী বৈঠকে বসার বিষয়ে দুই দল একমত হয়েছে।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে আল-জাজিরা জানায়, রোববার দেশটির হার্জলিয়া শহরের একটি হোটেলে চার ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দল জানিয়েছে, তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং বিস্তারিত আলোচনা করেছে। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, তবে বৈঠকের তারিখ এখনো জানানো হয়নি।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে সরকারে রাখা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে। লিকুদ পার্টি তাকে সরকারে রাখতে চায়, অন্যদিকে ইয়াশার পার্টি তাকে সরকারে না রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১টি আসন প্রয়োজন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে জোটটি ১৩ আসন পিছিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার প্রয়োজন। এ ধরনের জোট গঠন করা গেলে ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে ছাড়াই সরকার গঠন সম্ভব হবে। নির্বাচনে ওই দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার জোট সরকার গঠনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইয়িসরায়েল বেইতেনু পার্টিকে নিয়ে ঐক্য সরকার গঠন করা হতে পারে। এতে প্রথমে আইজেনকোট এবং পরে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই প্রস্তাবে আইজেনকোটের আপত্তি রয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া, লিবারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন, নেতানিয়াহু সরকারে থাকলে তিনি কোনো জোটে যোগ দেবেন না। ফলে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়কে ট্রল করার জবাবে রাশমিকার কঠোর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


বিজয়কে ট্রল করার জবাবে রাশমিকার কঠোর প্রতিক্রিয়া

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি প্রায়ই আলোচনায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবন এবং পেশাগত নানা বিষয় নিয়ে। বিশেষ করে, অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক সম্পর্কে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তবে, এই তারকা জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের অভাব নেই। এবার রাশমিকা এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয় ও রাশমিকার উপস্থিতি নতুন করে আলোচনা শুরু করেছে। অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, রাশমিকা বিজয়কে ভালোবাসলেও বিজয় নাকি নিজেকেই বেশি ভালোবাসেন।

এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে রাশমিকার বক্তব্য হলো, একসময় তিনি সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে তিনি এসব বিষয়ে সময় নষ্ট করতে চান না। তাঁর মতে, নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে কোনো লাভ হয় না। বরং অনেক ক্ষেত্রে চুপ থাকা সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

নিজের কাজ কিংবা অভিনয় নিয়ে সমালোচনা হলে তা মেনে নিতে প্রস্তুত রাশমিকা। তবে, পরিবারের সদস্যদের নিয়ে কটাক্ষ তিনি কোনোভাবেই মেনে নেবেন না। অভিনেত্রীর ভাষ্য, তাঁর পরিবারের কেউ বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তাঁরা কখনো জনসমক্ষে আসার সিদ্ধান্ত নেননি। তাই তাঁদের নিয়ে অযাচিত মন্তব্য করা উচিত নয়।

পরিবারের কাউকে আক্রমণ করা হলে তিনি চুপ থাকবেন না বলেও স্পষ্ট করেছেন রাশমিকা। এ ক্ষেত্রে, নিজের অভিনীত ‘মাইসা’ সিনেমার চরিত্রের মতো প্রতিবাদী হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, রাশমিকার নতুন সিনেমা ‘মাইসা’ নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। ছবিটির ‘ও মাইসা রে’ গান প্রকাশের পর তাঁর নতুন লুক আলোচনায় এসেছে। সিনেমাটিতে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: আবদুল এল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার (২২ নভেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন।

এল-সায়েদ বলেন, ইসরাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের মূলনীতিগুলো সমানভাবে প্রয়োগ করা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের কেন তার পরিচয় পরিত্যাগ করা উচিত?

এ প্রশ্নের জবাবে এল-সায়েদ বলেন, ফিলিস্তিনিরা পবিত্র ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়ে উল্টো ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও তাতে সমর্থন দিচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া। এল-সায়েদ উল্লেখ করেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সমান অধিকার, শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার—এসব নীতি সবার জন্য সমান হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীরই এসব অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তার এই অবস্থান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা নয়। বরং এটি সবার জন্য সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%