সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৩ এম
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত দুই দলের প্রতিনিধিদের বৈঠকে সরকার গঠনের বিষয়ে কোনো মতৈক্য অর্জিত হয়নি। তবে, আলোচনা অব্যাহত রাখতে পরবর্তী বৈঠকে বসার বিষয়ে দুই দল একমত হয়েছে।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে আল-জাজিরা জানায়, রোববার দেশটির হার্জলিয়া শহরের একটি হোটেলে চার ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দল জানিয়েছে, তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং বিস্তারিত আলোচনা করেছে। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, তবে বৈঠকের তারিখ এখনো জানানো হয়নি।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে সরকারে রাখা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে। লিকুদ পার্টি তাকে সরকারে রাখতে চায়, অন্যদিকে ইয়াশার পার্টি তাকে সরকারে না রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১টি আসন প্রয়োজন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে জোটটি ১৩ আসন পিছিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার প্রয়োজন। এ ধরনের জোট গঠন করা গেলে ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে ছাড়াই সরকার গঠন সম্ভব হবে। নির্বাচনে ওই দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার জোট সরকার গঠনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইয়িসরায়েল বেইতেনু পার্টিকে নিয়ে ঐক্য সরকার গঠন করা হতে পারে। এতে প্রথমে আইজেনকোট এবং পরে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই প্রস্তাবে আইজেনকোটের আপত্তি রয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া, লিবারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন, নেতানিয়াহু সরকারে থাকলে তিনি কোনো জোটে যোগ দেবেন না। ফলে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি প্রায়ই আলোচনায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবন এবং পেশাগত নানা বিষয় নিয়ে। বিশেষ করে, অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক সম্পর্কে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তবে, এই তারকা জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের অভাব নেই। এবার রাশমিকা এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয় ও রাশমিকার উপস্থিতি নতুন করে আলোচনা শুরু করেছে। অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, রাশমিকা বিজয়কে ভালোবাসলেও বিজয় নাকি নিজেকেই বেশি ভালোবাসেন।
এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে রাশমিকার বক্তব্য হলো, একসময় তিনি সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে তিনি এসব বিষয়ে সময় নষ্ট করতে চান না। তাঁর মতে, নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে কোনো লাভ হয় না। বরং অনেক ক্ষেত্রে চুপ থাকা সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
নিজের কাজ কিংবা অভিনয় নিয়ে সমালোচনা হলে তা মেনে নিতে প্রস্তুত রাশমিকা। তবে, পরিবারের সদস্যদের নিয়ে কটাক্ষ তিনি কোনোভাবেই মেনে নেবেন না। অভিনেত্রীর ভাষ্য, তাঁর পরিবারের কেউ বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তাঁরা কখনো জনসমক্ষে আসার সিদ্ধান্ত নেননি। তাই তাঁদের নিয়ে অযাচিত মন্তব্য করা উচিত নয়।
পরিবারের কাউকে আক্রমণ করা হলে তিনি চুপ থাকবেন না বলেও স্পষ্ট করেছেন রাশমিকা। এ ক্ষেত্রে, নিজের অভিনীত ‘মাইসা’ সিনেমার চরিত্রের মতো প্রতিবাদী হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, রাশমিকার নতুন সিনেমা ‘মাইসা’ নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। ছবিটির ‘ও মাইসা রে’ গান প্রকাশের পর তাঁর নতুন লুক আলোচনায় এসেছে। সিনেমাটিতে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার (২২ নভেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন।
এল-সায়েদ বলেন, ইসরাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের মূলনীতিগুলো সমানভাবে প্রয়োগ করা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের কেন তার পরিচয় পরিত্যাগ করা উচিত?
এ প্রশ্নের জবাবে এল-সায়েদ বলেন, ফিলিস্তিনিরা পবিত্র ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়ে উল্টো ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও তাতে সমর্থন দিচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া। এল-সায়েদ উল্লেখ করেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সমান অধিকার, শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার—এসব নীতি সবার জন্য সমান হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীরই এসব অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তার এই অবস্থান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা নয়। বরং এটি সবার জন্য সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্ন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এ সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব পেশ করেছিলেন।
সভাটি অনুষ্ঠিত হবে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে। বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।
এর আগে ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
অন্যদিকে, অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষ দিয়েছে।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চেয়েছিল, কিন্তু বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে এ দাবি উঠেছে।
এর আগে ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার রাতে ১৪ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮-এর গোয়েন্দা দল।
গ্রেপ্তার হওয়া শাহিন হাওলাদার উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের পুত্র।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘ সময় ধরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেন তাঁর শ্বশুর। তাঁর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। এই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ