১১:৫৪ পি.এম
স্থানীয় বিএনপি, ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে কিছু সাংবাদিককে সান্তাহার প্রেস ক্লাব থেকে বিতাড়িত করার দাবিতে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের প্রেস ক্লাবের অফিসে তালা ঝুলানোর পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুরো এলাকা স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ মন্তব্য করেন, ‘প্রেস ক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক মূলত আওয়ামী লীগের দোসর। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালন না করে দলীয় লোকজনের নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার কারণে বিএনপি সরকারও জনগণের কাছে বিতর্কিত হচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন সতর্ক করে বলেন, ‘সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবারই রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রেস ক্লাবে শুধু তালা ঝুলিয়েই ক্ষান্ত হব না, আরো কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেওয়া হবে। যে করেই হোক ওই প্রেস ক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরের পুকুরে কুমিরের উপস্থিতি, আতঙ্ক ছড়িয়েছে
এ বিষয়ে সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানিয়েছেন, বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যে পদক্ষেপ নিয়েছেন, তারা মনে করেন প্রেস ক্লাবটি সব ধরনের বিতর্ক ও আওয়ামী দোসরমুক্ত থাকা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন