বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২৪ এম
রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না, এই শপথ করানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। পুলিশের লক্ষ্য হল মাদকের রুট পুরোপুরি নির্মূল করা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আরও বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। সাধারণ মানুষের কাছে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে পাবনা অনেক ভালো অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে ডিআইজি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা এমনভাবে বসাতে হবে, যাতে ঘরের পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধ শনাক্ত করা এবং মামলার তদন্ত কার্যক্রম সহজ হবে। ইতিমধ্যে যেসব মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরবেন।
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিআইজি আরও বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান ও প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়, বাড়ির পাশে অবস্থিত একটি ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।
এই দুর্ঘটনাটি বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের সন্তান।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে শিশু রাশেদ বাড়ির পাশের একটি ডোবায় শালুক তুলতে যায়। এক পর্যায়ে অসাবধানতার কারণে সে ডোবার গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবকদের আরো সতর্ক থাকার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং ছাত্রলীগের সদস্যসহ চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর ভূঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার আইব্লক এলাকায় অভিযান চালিয়ে হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরসরাইয়ের কাটাছরা এলাকা থেকে শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে আলমগীর ভূঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনা শহরে, নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার নিকটে এই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং তারা পালিয়ে যায়।
আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানিয়েছেন, ককটেলটি নিক্ষেপের পর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর আদালতের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
এর কিছুক্ষণ পর, আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণ ঘটে। মাঠের মাঝামাঝি ও সার্কিট হাউজের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দ শোনা যায়। এ সময় আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে উপস্থিত লোকজন ছুটে আসেন। কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করতে দেখা যায়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, তারা চায়ের দোকানে বসে ছিলেন এবং হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে মনে করেন যে টায়ার বিস্ফোরণ হয়েছে। পরে তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
ঘটনার পর সার্কিট হাউজ এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হন। তবে বিস্ফোরণে ব্যবহৃত বস্তু এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
এর আগে, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে খুলনা সিটি করপোরেশন ভবনেও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরপর গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা বিএমএফ পরিবহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়।
এতে পরিবহনের ইঞ্জিন কভার এবং স্টিয়ারিং পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে, সড়কের পাশে থামানো বাঁশবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই সময় দুর্বৃত্তরা বাঁশের চেড়া বোঝাই একটি থামানো ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ