ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জ বন্দরের পুকুরে কুমিরের উপস্থিতি, আতঙ্ক ছড়িয়েছে


নারায়ণগঞ্জ বন্দরের পুকুরে কুমিরের উপস্থিতি, আতঙ্ক ছড়িয়েছে

নারায়ণগঞ্জের বন্দরের পাতাকাটা এলাকার একটি পুকুরে কুমিরের উপস্থিতি আবারও দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, টানা তিন দিন ধরে গ্রামের ভেতরের একটি বড় পুকুরে কুমিরটিকে ভেসে থাকতে দেখা যাচ্ছে। এই ঘটনার কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিনের বেলা প্রথম পুকুরে কুমিরটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেন। এরপর সোমবার ও মঙ্গলবারও একই পুকুরে কুমিরটি দেখা যায়। বুধবার দিনভর গ্রামবাসীরা কুমিরটিকে ক্ষণে ক্ষণে পানিতে ভেসে উঠতে দেখেছেন। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। পরে বন বিভাগের কর্মীরাও কুমিরটির অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই মাস আগে বন্দরের তিনগাঁও এলাকায় একটি কুমির দেখা গিয়েছিল।

আরও পড়ুন: সংসদে পাস হলো বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬

মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন জানান, রোববার পাতাকাটা এলাকার পুকুরে কুমির দেখার পর প্রশাসনকে জানানো হয়েছে। টানা কয়েক দিন একই পুকুরে কুমিরটি দেখা যাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে।

দাসেরগাঁও এলাকার বাসিন্দা আবুল হোসেন জানিয়েছেন, পাতাকাটা গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদ এবং তিন কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। সাধারণত এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। নদী থেকে এত দূরে লোকালয়ের মাঝখানের একটি পুকুরে কুমিরটি কিভাবে এলো, তা নিয়ে গ্রামবাসী হতবাক ও উদ্বিগ্ন।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় পুকুরে কুমির দেখা যাওয়ার খবর পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কিছুদিন আগে পাশের তিনগাঁও গ্রামেও একটি কুমির দেখা গিয়েছিল, তবে তখন সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এটি সেই কুমির কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে এবং সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র মিসকাত নিখোঁজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, ডা. শফিকুরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ এম


মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, ডা. শফিকুরের আহ্বান

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বর্তমানে মসজিদের কমিটি নিয়েও রাজনীতি চলছে। এটি একটি আশ্চর্যজনক বিষয়। আমরা কি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারব না? এটি এখন আর গ্রাম বাংলার চিত্র নয়। শহরাঞ্চলে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় অংশগ্রহণ করে জামায়াতের আমির আরও বলেন, ধর্মের বিষয়টি যেন আমরা পবিত্র রাখতে পারি। এখানে বিভাজন সৃষ্টি না করে, রেষারেষি না করার জন্য তিনি অনুরোধ করেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, যদি আমার কোনো ভুল থাকে, তাহলে আমাকে খোলামেলা পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চায়ের কাপে দাওয়াত দিয়ে উনি যেন একান্তে আমাকে বলেন, এবং আমাকে শুধরে দেন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি- এরকম কিছু আমার মধ্যে থাকলে ইনশাআল্লাহ আমি সংশোধন হবো। ঠিক একইভাবে, আমি আশা করি, সংসদের সাড়ে ৩০০ সদস্য তাদের নিজ নিজ জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন।

বিরোধীদলীয় নেতা মাদ্রাসা ও মসজিদের কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার এবং যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

বক্তব্যের শেষে জামায়াতের আমির সরকারকে গঠনমূলক সমালোচনা সহ্য করার এবং তোষামোদকারীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি একই সঙ্গে নাগরিকদের কথায় কথায় ‘বিদেশি দালাল’ ট্যাগ দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করার জন্যও আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে পাস হলো বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ এম


সংসদে পাস হলো বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬

জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ পাস হয়েছে, যা ছাদসহ বিভিন্ন উপযুক্ত স্থানে দ্রুত সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল বসানোর কাজকে ত্বরান্বিত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বুধবার (১৮ নভেম্বর) কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়।

বিলটি পাসের প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিলের ওপর আলোচনা করতে গিয়ে কয়েকজন সংসদ সদস্য ক্রয়পদ্ধতির স্বচ্ছতা, আইনি সুরক্ষা, কৃষিজমির নিরাপত্তা এবং নীতি পরিষদে বিশেষজ্ঞ রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সংশোধনী দেন। বিশেষ করে, উন্মুক্ত দরপত্র এড়িয়ে গেলে প্রকল্পের খরচ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কিছু সদস্য। এছাড়া কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করা এবং সৌরবিদ্যুতের খরচ ও প্যানেলের ধরন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার তাগিদ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সব সমালোচনার জবাবে জানান, স্বল্প সময়ে ছোট সোলার প্রজেক্ট বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করাই এই আইনের মূল লক্ষ্য। তিনি বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সোলার কোম্পানিগুলো কাজ পাবে। জাতীয় নীতি পরিষদে ইতোমধ্যে বিরোধীদলীয় নেতাকে রাখা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। পাশাপাশি, ছোট প্রকল্পের জন্য বাড়ির ছাদ ও আঙিনা ব্যবহার করা হবে এবং বড় প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র অনাবাদি জমিতেই নজর দেওয়া হচ্ছে। কৃষিজমি রক্ষায় সরকারের পূর্ণ সজাগ দৃষ্টি রয়েছে।

উল্লেখ্য, সোলার প্যানেল বসানোর কাজ দ্রুত শুরু করতে গত ১৯ অক্টোবর একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর গত ১০ নভেম্বর সেটি সংসদে বিল আকারে উত্থাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%