বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৭ এম
জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ পাস হয়েছে, যা ছাদসহ বিভিন্ন উপযুক্ত স্থানে দ্রুত সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল বসানোর কাজকে ত্বরান্বিত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বুধবার (১৮ নভেম্বর) কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়।
বিলটি পাসের প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিলের ওপর আলোচনা করতে গিয়ে কয়েকজন সংসদ সদস্য ক্রয়পদ্ধতির স্বচ্ছতা, আইনি সুরক্ষা, কৃষিজমির নিরাপত্তা এবং নীতি পরিষদে বিশেষজ্ঞ রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সংশোধনী দেন। বিশেষ করে, উন্মুক্ত দরপত্র এড়িয়ে গেলে প্রকল্পের খরচ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কিছু সদস্য। এছাড়া কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করা এবং সৌরবিদ্যুতের খরচ ও প্যানেলের ধরন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার তাগিদ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সব সমালোচনার জবাবে জানান, স্বল্প সময়ে ছোট সোলার প্রজেক্ট বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করাই এই আইনের মূল লক্ষ্য। তিনি বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সোলার কোম্পানিগুলো কাজ পাবে। জাতীয় নীতি পরিষদে ইতোমধ্যে বিরোধীদলীয় নেতাকে রাখা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। পাশাপাশি, ছোট প্রকল্পের জন্য বাড়ির ছাদ ও আঙিনা ব্যবহার করা হবে এবং বড় প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র অনাবাদি জমিতেই নজর দেওয়া হচ্ছে। কৃষিজমি রক্ষায় সরকারের পূর্ণ সজাগ দৃষ্টি রয়েছে।
উল্লেখ্য, সোলার প্যানেল বসানোর কাজ দ্রুত শুরু করতে গত ১৯ অক্টোবর একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর গত ১০ নভেম্বর সেটি সংসদে বিল আকারে উত্থাপন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ