ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই


রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

রাজধানীর রায়ের বাজারে কাঁচাবাজারের পাশে গড়ে ওঠা ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের হাজারীবাগ ও মোহাম্মদপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়ের বাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপি এমপির সুপারিশের অভিযোগ

ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ফলে কাঁচাবাজারের পাশাপাশি আশপাশের টিনের বসতঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে আগুন লাগার খবর পান তারা। কাঁচাবাজার ও এর পাশে থাকা ছোট ছোট টিনের বসতঘরে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাবি প্রশাসন ভবনের সামনে আম্মারের তাস খেলার আসর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা করার জন্য ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি থেকে আজ প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া, ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রেখেছে।

এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের রামগতিতে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আজ সকাল ৬ টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক, আ. লীগের লকডাউন উপেক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


কুমিল্লার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক, আ. লীগের লকডাউন উপেক্ষিত

বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ হলেও এর কোনো প্রভাব কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং অন্যান্য আঞ্চলিক সড়কগুলোতে দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার সব স্থানে যানবাহন চলাচল ও জনজীবন সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে ইলিয়টগঞ্জ, চান্দিনা, ময়নামতি এবং চৌদ্দগ্রাম অংশে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। মহাসড়কের পাশের হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও প্রতিদিনের মতো খোলা রয়েছে। কুমিল্লার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বারসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা যথারীতি তাদের গন্তব্যে যাতায়াত করছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালীসহ সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।

স্থানীয় পরিবহন চালক ও যাত্রীরা জানিয়েছেন, কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা সাড়া নেই বরং কুমিল্লার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিদিনের মতোই স্বাভাবিক ছন্দে চলছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সতর্ক অবস্থান ও টহল জোরদার করা হয়েছে। এর আগে রাতে চৌদ্দগ্রাম এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা দ্রুত অপসারণ করা হয়, ফলে সকালের যান চলাচলে এর কোনো প্রভাব পড়েনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে।

তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বক্তব্য দেন। এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান ‘পঞ্চম বাহিনী’ প্রতিহত করার জন্য।

রিজভী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, ‘ওই পরিবেশের প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষ চায় না।’

তিনি বলেন, ‘কিন্তু তারা মনে করে ওইভাবেই আবার ক্ষমতায় আসবে। আবার মানুষকে হত্যা করবে, আবার রক্তপাত ঘটাবে, আবার ককটেল মারবে, আবার গাড়িতে আগুন দেবে—এর মধ্য দিয়ে তারা ফিরে আসতে চায়। যেমন তারা রাষ্ট্র ক্ষমতায় এই কাজগুলো করেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘গুম-খুন এবং ক্রসফায়ার ছিল রাষ্ট্রের চরিত্র। এটা ছিল সরকারের চরিত্র। এই বাংলাদেশ নির্মাণ করেছিলেন শেখ হাসিনা। আবার তার প্রত্যাবর্তন এ দেশের মানুষের কখনোই মেনে নেবে না। কিন্তু তারা চাচ্ছে আবার রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে। এই কারণে গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে তারা হত্যা করেছে। নড়াইলে দুইজনকে হত্যা করেছে।’

তিনি যোগ করেন, ‘তারা কোথায় থেকে মদদ পাচ্ছেন আমরা জানি। কে তাদেরকে মদদ দিচ্ছে...।’

রিজভী বলেন, ‘সারা বাংলাদেশে পঞ্চম বাহিনী তৈরি হয়ে ওরা পঞ্চম বাহিনীর কাজ করছে। তাই পঞ্চম বাহিনীকে প্রতিরোধ করতে হবে রাস্তাঘাটে, প্রত্যেকটি জায়গায়। পঞ্চম বাহিনীকে কোনো ক্রমেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের বায়ান্নর স্বপ্ন, আমাদের একাত্তরের স্বপ্ন আমরা একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখব; আমরা একটি মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ দেখব; আমরা শিক্ষার স্বাধীনতার বাংলাদেশ দেখব। কিন্তু সেটা বারবার হোঁচট খেয়েছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পাঠ্যসূচিতে একটি দল এবং তার নেতার কাহিনীকে বড় করে দেখানো হয়েছে। আরও অনেকের অবদান, অনেকের কীর্তি ও নিরপেক্ষ ইতিহাস আমাদের পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে ইতিহাসের বইগুলোতে। সর্বোপরি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আত্মদান-বীরোচিত ভূমিকার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তাকে নানাভাবে অপমানিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘যা সত্য সেটাই পাঠ্যপুস্তকে থাকবে—কিন্তু শেখ হাসিনা এটা মুছে দিতে চেয়েছেন। তার পিতাকে মহিমান্বিত করার জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। শুধু আওয়ামী লীগ, তার কীর্তি কথা পাঠ্যপুস্তকে ইতিহাস হিসেবে যুক্ত হয়েছে, যা মিথ্যা, যা ভুল; সত্যকে প্রতিষ্ঠা করেনি। এই কারণেই ছাত্র-শিক্ষক, জনতা-শ্রমিক একত্রিত হয়ে ১৭ বছরের নির্মম ফ্যাসিবাদী এবং রক্ত তৃষ্ণায় মেতে ওঠা এক ভয়ংকর রাক্ষসী সরকারকে এবং তার সরকারের প্রধানকে পরাজিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%