প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ হলেও এর কোনো প্রভাব কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং অন্যান্য আঞ্চলিক সড়কগুলোতে দেখা যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার সব স্থানে যানবাহন চলাচল ও জনজীবন সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে ইলিয়টগঞ্জ, চান্দিনা, ময়নামতি এবং চৌদ্দগ্রাম অংশে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। মহাসড়কের পাশের হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও প্রতিদিনের মতো খোলা রয়েছে। কুমিল্লার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বারসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা যথারীতি তাদের গন্তব্যে যাতায়াত করছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালীসহ সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।
স্থানীয় পরিবহন চালক ও যাত্রীরা জানিয়েছেন, কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা সাড়া নেই বরং কুমিল্লার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিদিনের মতোই স্বাভাবিক ছন্দে চলছে।
এদিকে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সতর্ক অবস্থান ও টহল জোরদার করা হয়েছে। এর আগে রাতে চৌদ্দগ্রাম এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা দ্রুত অপসারণ করা হয়, ফলে সকালের যান চলাচলে এর কোনো প্রভাব পড়েনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন