০২:১২ পি.এম
টানা ষষ্ঠ রাতের মতো ইরানে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতভর এই হামলা হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) থেকে এই বিমান হামলা শুরু হয়। এই হামলার লক্ষ্য হল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া।
হামলা শেষে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী সর্বশেষ বড় আকারের হামলা 'সফলভাবে' সম্পন্ন করেছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, 'ফাইটার জেট, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন বাহিনী নির্ভূল অস্ত্র ব্যবহার করে আঘাত হেনেছে, যা ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার মতো কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, 'এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালানো হলো।' পাশাপাশি বলা হয়েছে, 'সর্বাধিনায়কের (ট্রাম্পের) নির্দেশে সেন্টকম ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস করছে এবং বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে জবাবদিহিতে বাধ্য করছে।'
বিবৃতির শেষে বলা হয়, 'মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য সক্রিয় রয়েছে এবং তারা সতর্ক, মারাত্মক ও প্রস্তুত।'
মার্কিন বিমান হামলার সর্বশেষ ঘটনায় ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আহভাজ, কেশম, বুশেহর, দাশতি, বোস্তান, সিরিক এবং বন্দর-ই-লেঙ্গেহ: এই দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা আগের রাতগুলোর তুলনায় অবকাঠামোর আরও ব্যাপক ক্ষতি করেছে।
এছাড়া বন্দর-ই-খামির শহরের কাছের দুটি সেতুতে হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাসের তাপেহ আল্লাহ আকবর মহল্লায় হামলা হয়েছে এবং শহরজুড়ে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
হরমোজগান প্রদেশে সড়ক ও রেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরের বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটির ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। হরমুজ প্রণালীর কাছে কিশ দ্বীপে বিমান হামলার খবর পাওয়া গেছে, ফলে কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের গভর্নরের দফতরের বরাত দিয়ে ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ ফার্স নিউজ সংস্থা জানিয়েছে, মার্কিন বিমান হামলায় প্রদেশের পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সেতুগুলি হলো: বন্দর আব্বাসকে খমেইর ও লরের সাথে সংযোগকারী গারিভেহ সেতু, লাতিদান গ্রামের কাছে একটি সেতু, কাহুরেস্তান-লর রুটের দুটি সেতু, বন্দর-ই-খামির, কেশার এবং বন্দর আব্বাসকে সংযোগকারী একটি আংশিকভাবে নির্মিত সেতু ও খমেইর জেলার মারু গ্রামের একটি সেতু।
ফার্স জানিয়েছে, উদ্ধারকারী দল যাতে ঘটনাস্থলে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে গভর্নরের দফতর জনগণকে এই পথগুলোতে এবং সংলগ্ন এলাকাগুলোতে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
তথ্যসূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন